যা কিছু ভালো
প্রযুক্তির জন্য এ সময় আপনি ঘরে বসেই জেনে নিতে পারছেন সারা বিশ্বের দারুণ সব খবর। আপনি হয়তো এমন কোনো সূত্র কিংবা কোনো মাধ্যমের খোঁজে আছেন যেখানে সব ধরনের ভালো খবর পাওয়া যাবে। ভেবে দেখুন তো এমন কোনো ওয়েব সাইট বা সূত্র মাথায় আসে কি না, যেখানে সব ভালো খবর পাওয়া যাবে? খোঁজার তালিকায় আপনি হয়তো বিশ্বের জনপ্রিয় অনেক ওয়েবসাইট কিংবা সংবাদমাধ্যম খুঁজে পাবেন। এসব সংবাদমাধ্যম কিংবা ওয়েবসাইটে সব খবরই যে সুখকর কিংবা ভালো তা কিন্তু নয়। এর মধ্যে যেমন ভালো খবর রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন দেশের সমস্যার খবরও। এমন এক চিন্তা থেকেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে একদল প্রবাসী বাংলাদেশি উদ্যোগ নিলেন এমন একটি ওয়েবসাইট চালু করার যেখানে সারা বিশ্বের ভালো সব খবর থাকবে। অর্থাৎ খারাপ খবর বাদ দিয়ে সে ওয়েবসাইটে থাকবে শুধু ভালো খবর। যেখানে কাজ করবেন সারা বিশ্বের মানুষ। তুলে ধরবেন নিজ দেশের ভালো যত খবর। আর এ সাইটটি হলো www.dailypositive.org।ডেইলি পজেটিভ (ডি+)মূল লক্ষ্যটা ছিল প্রতিদিনের ভালো খবরগুলোকে একত্র করা। যাতে করে একটি ওয়েবসাইট থেকেই তারিখ অনুযায়ী বিশ্বের যেকোনো দেশের ভালো খবরগুলো পেতে পারেন। তাই ২০১০ সালের ২৫ নভেম্বর চালু হলো ডেইলি পজেটিভ (ডি+) নামের সাইটটি।প্রবাসী বাঙালি আরিফ জুবায়েরের উদ্যোগে শুরু হওয়া সাইটটির তথ্য এখন পর্যন্ত পড়েছেন প্রায় ৫০ লাখ পাঠক। সম্পূর্ণ অলাভজনক এ উদ্যোগটিতে এখন ১৯৭টি দেশের তারিখ অনুযায়ী ইতিবাচক বা পজিটিভ সব খবর আছে। যে দেশে যে তারিখে ওই ভালো খবরটি হয়েছে সে দেশের সে তারিখেই খুঁজে পাওয়া যাবে খবরটি। প্রতিটি দেশের একটি সংক্ষিপ্ত বিবরণীর পাশাপাশি রয়েছে গুগল ম্যাপে নির্দিষ্ট স্থানটি দেখার সুবিধা। পুরোপুরি ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার আদলে তৈরি সাইটটির প্রথম পাতায়ই রয়েছে নানা ধরনের তথ্য ও দেশের নাম। আর খবরের সত্যতা নিশ্চিত করতে রয়েছে তথ্যসূত্র। আপনি যে দেশের তথ্য চান সে দেশের নামে ক্লিক করলেই জানতে পারবেন সেখানকার ভালো যত খবর। এ ছাড়া প্রথম পাতায় সর্বশেষ খবর, ডি+ সাইটে কাজ করার পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ছাড়া ভালো খবরের ভিত্তিতে প্রতিবছর সেরা ১০টি দেশও নির্বাচন করা হয়। সে তালিকাও পাওয়া যাবে প্রথম পাতায়। গত বছরের সেরা ১০ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান, জার্মানি, কানাডা, ফ্রান্স, ভারত ও সুইডেন। তালিকাটি তৈরি হয়েছে নির্দিষ্ট ভালো খবরের ভিত্তিতে নম্বর দিয়ে। পুরো সাইটের নাম ডেইলি পজেটিভ হলেও সংক্ষিপ্ত নামটি ডি+ কেন এমন বিষয়টিরও ব্যাখ্যা রয়েছে সাইটে। এ বিষয়টি করা হয়েছে রক্তের গ্রুপের আদলে। অর্থাৎ এ+, বি+এর মতোই করা হয়েছে ডি+। এর ব্যাখ্যায় বলা হয়েছে, রক্ত যেমন মানুষের বেঁচে থাকার অন্যতম প্রয়োজনীয় জিনিস। আর ডি+এর লক্ষ্য সারা বিশ্বের ভালো খবরগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যখন সবাই ভালো খবরগুলো জানতে চায়। বাংলাদেশের ভালো খবর পাওয়ার ঠিকানা: www.dailypositive.org/Bangladesh ঠিকানায়। যাঁরা কাজ করছেনডি+ সাইটের জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, লেখক, গবেষক ও পেশাজীবীরা।যাঁরা ভালো খবরগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান তাঁরাই এতে কাজ করেন। অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে আরিফ জুবায়ের বলেন, ‘একটা সময় আমার মনে হলো সারা বিশ্বের শুধু ভালো খবরগুলো এক জায়গায় করলে কেমন হয়? সেই ভাবা থেকেই আমার পিএইচডি বৃত্তির টাকা জমিয়ে শুরু করি ডি+।’ সে সময় তিনি ইউনিভার্সিটি অব মেলবোর্নের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। সেই থেকে শুরু। নিজে উইকিপিডিয়ায় সক্রিয় স্বেচ্ছাসেবক আর তাই উইকিপিডিয়ার আদলেই তৈরি করলেন ডি+। শুধু আদলই নয়, পুরো প্রক্রিয়াটিও করেছেন উইকিপিডিয়ার মতো করেই। আরিফ জুবায়ের বর্তমানে মেলবোর্নে তথ্যপ্রযুক্তি পরামর্শক হিসেবে কাজ করছেন। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস (এসএএএস), সার্ভিসভিত্তিক আর্কিটেকচার (এসওএ), ওয়েবসেবা, ইন্টারনেট বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে। ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে (সিএসই) স্নাতক করে ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে সিএসই বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেন। কাজের বাইরে উইকিমিডিয়া অস্ট্রেলিয়া, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন আরিফ জুবায়ের।অংশগ্রহণকারীদের আয়োজনসম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে যারা ডি+ সাইটে কাজ করছেন তাঁদের নিজেদের মধ্যে সরাসরি দেখা করা কিংবা এ বিষয়ে আলোচনার জন্য সারা বিশ্বে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। নির্দিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো কিংবা নিজেদের দেশের বিষয়গুলো তুলে ধরতেই এমন আয়োজন অনুষ্ঠিত হয় বলে জানালেন বাংলাদেশের ইশরাত আখন্দ। ঢাকার ইনস্টিটিউট অ্যান্ড আর্টস ক্রিয়েটিভস (আইএসি)-এর তত্ত্বাবধায়ক ও আর্ট প্ররোচক ইশরাত আখন্দ বলেন, ‘আমরা তরুণদের বিভিন্ন কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এবং তরুণ লেখক, শিল্পীদের তুলে ধরতে কাজ করি। পাশাপাশি ভালো বিষয়গুলোও তুলে ধরতে চাই। সে সূত্রেই যুক্ত হয়েছি ডি+ কার্যক্রমের সঙ্গে।’ এ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা স্বেচ্ছাসেবকেরা প্রায় মাসব্যাপী এ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। ডি+ নিয়ে আলোচনা, সামাজিক মাধ্যমগুলোকে তুলে ধরা, কর্মশালা, ডি+ পাঠকদের সম্পর্কে জানা ইত্যাদি। যেকোনো স্থানে হতে পারে এ আয়োজন। পুরো বিষয়গুলো ছবিসহ তুলে ধরা হয় সাইটে।মিলেছে স্বীকৃতিসারা বিশ্বের অনেক দেশ সম্পর্কেই অনেকের রয়েছে জানার আগ্রহ। আবার সব দেশের নামও জানেন না অনেকেই। সারা বিশ্বের ভালো খবরগুলো তুলে ধরার পাশাপাশি ওই দেশ সম্পর্কে জানা, সে দেশের সামাজিক, সাংস্কৃতিক বিষয়গুলোও জানা যায় ডি+ সাইটের মাধ্যমে। আর এ কাজটি সম্ভব হয়েছে একদল বাঙালির উদ্যোগে। আর তাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার হাইকমিশনার অ্যাডমিরাল থিয়াসারা সামারাশিংগেও শুভ কামনা জানিয়েছেন ডি+এর জন্য। যুক্ত হতে পারেন আপনিওবিনা মূল্যে নিবন্ধন করে কাজ শুরু করে দিতে পারেন আপনিও। ডি+এর নানা খবর ছড়িয়ে দিতে কিংবা জানতে যোগ দিতে পারেন ডি+ ফেসবুক ফ্যান পেইজে (www.facebook.com/dailypositive)। আর দেরি কেন? যুক্ত হয়ে যান ভালো খবর তুলে ধরার এ উদ্যোগের সঙ্গে।