আমরা ভাতপাগল, মাছপাগল, ফুটবলপাগল, ক্রিকেটপাগল—মোটকথা আমরা বড় পাগল জাতি। এর মধ্যে আছে আবার উন্মাদ! সেই উন্মাদ ম্যাগাজিনের বয়স এখন ৪০, ভাবা যায়? এ উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে ৫ জুলাই শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘বিশাল’ কার্টুন প্রদর্শনী। আজ সোমবার প্রদর্শনীর শেষ দিন। সেখান থেকে ঘুরে এসেছেন রস+আলোর দুই উন্মাদ আশফাকুর রহমান ও আন্ নাসের নাবিল। শুনুন তাঁদের অভিজ্ঞতা।
ফ্রি উন্মাদ অফার
কার্টুন প্রদর্শনী চলছে দৃক গ্যালারির দোতলা আর তিনতলায়। দোতলায় ঢুকে দেখা গেল, দেয়ালে ঝোলানো সারি সারি কার্টুন দেখে দর্শকেরা মুগ্ধ হচ্ছেন, ছবি তুলছেন। এর মধ্যে চোখ আটকে গেল উন্মাদ-এর ১২টি সংখ্যা ফ্রি পাওয়ার এক বিশেষ অফারে। একটাই শর্ত—দেয়ালে ঝোলানো ল্যান্ডফোনটি দিয়ে সেলফি তুলতে হবে!

লাইভ ক্যারিকেচারেও নেইমার
তিনতলায় গিয়ে বুঝতে পারলাম, পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে তেমনই কার্টুন প্রদর্শনীটি ঘুরছে লাইভ ক্যারিকেচারের চারদিকে। হলের ঠিক মাঝখানে দুটি টেবিল বসিয়ে চলছে আগ্রহী দর্শনার্থীদের ক্যারিকেচার আঁকাআঁকি। সবাই তুমুল আগ্রহ নিয়ে কার্টুনিস্টদের হাতে নিজেদের ক্যারিকেচার আঁকিয়ে নিচ্ছেন। মোট দর্শনার্থী সংখ্যার অর্ধেকের বেশিই সম্ভবত ক্যারিকেচার টেবিলের আশপাশে অবস্থান করছেন। এক বাবা তাঁর ছেলেকে নিয়ে এসেছেন সেখানে। ক্যারিকেচার চলছে। ছেলে ব্রাজিল সমর্থক, বিশেষ করে নেইমারপাগল। কারণ কার্টুনিস্টের সামনে বসে থাকতে থাকতে হঠাৎ বলা নেই কওয়া নেই ধপাস করে পড়ে গেল সে! বাবা চিৎকার করে উঠলেন, ‘ওরে আমার নেইমার!’

যত শান্তি উন্মাদাসনে
লাইভ ক্যারিকেচারের সামনেই ডান দিকে আছে উন্মাদাসন। যোগাসন বা শবাসনের মতো শরীরচর্চার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি কমোড। নিচে কার্পেট বিছানো। পাশেই উন্মাদ ম্যাগাজিনের বেশ কয়েকটি সংখ্যা। উন্মাদ পড়ার জন্য একদম আদর্শ ব্যবস্থা! ‘লোকে কী ভাববে’ ভেবেই সম্ভবত কেউ উন্মাদাসনে বসছেন না। এভাবেই লোকলজ্জার ভয়ে অনেক মহৎ কাজই আমাদের সমাজে আলোর মুখ দেখে না।

বিনে উপচে পড়ে আইডিয়া
প্রদর্শনী দেখতে দেখতে যদি কারও মাথায় কোনো আইডিয়া চলে আসে, সে জন্য ব্যবস্থা করা হয়েছে ‘উন্মাদ আইডিয়া বিনের’। বিনের পাশে পর্যাপ্ত পরিমাণে কাগজ ও কলমের সরবরাহ আছে। আইডিয়া লিখে কাগজটি দলা পাকিয়ে ফেলে দিতে হবে উন্মাদ আইডিয়া বিনে। আমরা জাতি হিসেবে যে বড়ই আইডিয়াবাজ, তার প্রমাণ মেলে এখানে। কারণ আইডিয়া বিন থেকে আইডিয়া উপচে উপচে পড়ছে।
কী আছে দুনিয়ায়
উন্মাদ আইডিয়া বিনের সামনের দেয়ালে একটা ছবি। ছবির ফ্রেমে ঝোলানো ছোট একটা ম্যাগনিফাইং গ্লাস। প্রথম দেখায় ছবিটাকে সৌরজগতের অসম্পূর্ণ একটা চিত্র মনে হতে পারে। তবে খেয়াল করলে বোঝা যাবে, ছবিতে উন্মাদ চরিত্রের ওপরে থাকা ক্ষুদ্রাকৃতির পৃথিবীটাকে খুঁজে বের করতে বলা হয়েছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। পৃথিবী খুঁজে বের করার ব্যাপারে দেখা গেল শিশুদেরই আগ্রহ বেশি। বড়রা বোধ হয় দুনিয়ার ওপর যথেষ্ট বিরক্ত।

কানের পোকা নামানোর উপায়
আইডিয়া বিনের সামনে কিছু মানুষকে দেখা গেল, একা একা হাসছে। কানে হেডফোন, সামনে একটা ল্যাপটপ। ওপরে লেখা ‘কানের পোকা নামান’। কিছুক্ষণ পর নিজেরাই বিষয়টা পরখ করে দেখলাম আমরা। পরে কানের অবস্থা কী হলো, সেটা নাহয় নিজেরা গিয়েই দেখে আসুন!