যাঁকে কাছে পাওয়া যাবে তাঁকেই ভোট দেবেন উখিয়ার ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীরা নির্বাচনের সময় মানুষের সুখে-দুঃখে এবং যেকোনো ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পর সমস্যায় পড়লে বিচারের জন্য তাঁদের দ্বারে দ্বারে ঘুরেও সুষ্ঠু বিচার পাওয়া যায় না। উখিয়ার পাঁচ ইউনিয়নের ভোটাররা এভাবেই তাঁদের ক্ষোভের কথা জানালেন। আগামী ২ জুলাই উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন—জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার ভোটারদের অভিযোগ, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার চৌধুরী নির্বাচিত হওয়ার পর কক্সবাজার শহরে বসবাস করতেন। এ কারণে এলাকায় যেকোনো ছোটখাটো জায়গা-জমির বিরোধ ও পারিবারিক ঘটনায় সালিস-বিচারের জন্য তাঁকে পাওয়া যেত না। পালংখালী ইউনিয়নের সহস্রাধিক চিংড়িচাষির দাবি, ৩০০ একর খাসজমি ভূমিহীন মৎস্যজীবীদের নামে যে প্রার্থী বন্দোবস্ত দেওয়ার ওয়াদা দেবেন, সে প্রার্থীকেই ভোট দেবেন তাঁরা। এ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত জমির উদ্দিন ও শাহাদাত হোসেন এবং বিএনপি-সমর্থিত মোক্তার আহমদ ও গফুর উদ্দিন। জমির উদ্দিন বলেন, ভোটারদের বিচার-সালিসের জন্য ভোগান্তি পেতে হবে না। ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রতিদিন সহজ বিচারব্যবস্থা চালু করার এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, রাজাপালং ইউনিয়নের ভোটারদেরও একই অভিযোগ, তাঁদের সুখ-দুঃখে, সালিস-বিচারে চেয়ারম্যানকে পাননি তাঁরা। চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমার অজান্তে এ রকম ভুল হলে আমি তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি। তবে নির্বাচিত হলে ভবিষ্যতে মানুষকে আর বিচার-সালিসের জন্য কষ্ট পেতে হবে না। এ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত ও নাগরিক কমিটির মুজিবুল হক, জাহাঙ্গীর কবির চৌধূরী ও বিএনপি-সমর্থিত বর্তমান চেয়ারম্যান শাহ কামাল চৌধূরী এবং স্বতন্ত্র নুরুল মাসুদ ভূঁইয়া।২৬ জুন রাজাপালং ইউনিয়নে ও ২৮ জুন রত্নাপালং ইউনিয়নে পালস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থীরা সালিস-বিচারের জন্য মানুষকে ভোগান্তি পোহাতে হবে না বলে প্রতিশ্রুতি দেন। রত্নাপালং, জালিয়াপালং ও হলদিয়া ইউনিয়নের ভোটারদেরও একই অভিযোগ। তাঁরা বলেন, নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যানরা তাঁদের ব্যক্তিগত কাজ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, ‘অসৎ পথে টাকা রোজগার করিনি, তাই ব্যবসা-বাণিজ্য করে হালাল রোজগার করতে হয়েছে।’ এ ইউনিয়নে বিএনপি-সমর্থিত আব্বাস উদ্দিনসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন উখিয়া আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধূরী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ও নাগরিক কমিটি-সমর্থিত নুরুল কবির চৌধূরী। জালিয়াপালং ইউনিয়নে নির্বাচন করছেন, বিএনপি-সমর্থিত বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন চৌধূরী, আনোয়ার হোসেন চৌধূরী, আওয়ামী লীগ-সমর্থিত এস এম ছৈয়দ আলম, তরুণ প্রার্থী শহিদুল্লাহ কায়সার ও লিয়াকত আলী। হলদিয়া পালং ইউনিয়নে নির্বাচন করছেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল হক, বাদশা মিয়া চৌধুরী, কামাল উদ্দিন, মাহমুদুল হক সিকদার, গিয়াস উদ্দিন চৌধূরী, বিএনপি-সমর্থিত উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার, মোহাম্মদ কাশেম ও এস এম শামশুল হক।