যাঁদের পকেট ভোটে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকদের মধ্যে এবারের নির্বাচনে যাঁদের হাতে বেশি পকেট ভোট ছিল তাঁদের মধ্যে আছেন—এম এ লতিফ, সাইফুজ্জামান চৌধুরী, নূর মোহাম্মদ, মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহবুবুল আলম তালুকদার, এম এ ছালাম, এরশাদ উল্লাহ, আমিরুল হক প্রমুখ। এর মধ্যে মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহবুবুল আলম তালুকদার এবং এম এ ছালাম লতিফের পক্ষ নেওয়ায় চেম্বার পরিষদের পাল্লা ভারী হয়। চেম্বার সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে ১২ জন পরিচালক নির্বাচনের জন্য এবার মোট ভোটার ছিল তিন হাজার ৫০৫টি। এর মধ্যে লতিফ, ছালাম ও মোরশেদের মোট পকেট ভোট ছিল প্রায় আড়াই হাজার। ফলে এ গ্রুপে চেম্বার পরিষদের বিজয় নিশ্চিত হয়ে ওঠে। এ গ্রুপে জাবেদ সমর্থক ব্যবসায়ীদের পকেট ভোট ছিল দেড় হাজারের মতো। একইভাবে অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পরিচালক পদের জন্য ভোটার করা হয় তিন হাজার ১০৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে। এ গ্রুপে লতিফ ও মাহবুবুল তালুকদারের পকেট ভোটই ছিল এক হাজার ১০০টি। এর সঙ্গে ছালাম ও মোরশেদ মুরাদের পকেট ভোট যোগ হয়ে তা দুই হাজার ছাড়িয়ে যায়। ফলে এ গ্রুপে লতিফ সমর্থকের বিজয় হয়।টাউন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১২টি পরিচালক পদেও একইভাবে চেম্বার পরিষদ সমর্থিত ব্যবসায়ী নেতাদের ভোট ছিল বেশি। ফলে তাঁদের নিরঙ্কুশ বিজয় অনেকটা পূর্বনির্ধারিত ছিল। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ পদের সবকটিতেই নিরঙ্কুশ বিজয় অর্জনের পর লতিফের নেতৃত্বাধীন চট্টগ্রাম চেম্বার পরিষদের প্রার্থীরা এখন চট্টগ্রাম চেম্বার প্রেসিডিয়াম তৈরির প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার রাতের মধ্যেই চট্টগ্রাম চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতির নাম ঘোষণার কথা। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি পদের পাঁচটিতে জয়ী হন চেম্বার পরিষদের প্রার্থীরা। শুধু একটিতে জয়ী হন ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। ভোটার তালিকায় দেখা গেছে, পকেট ভোট হিসেবে মাত্র ২৪ জনের কাছে আছে ৭৮৯ ভোট। শুধু এ নির্বাচনেই নয়, আগামী নির্বাচনে এ পকেট ভোটের রাজনীতি শেষ হবে কি না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। কারণ নেতৃত্ব ধরে রাখতেই পকেট ভোট টিকিয়ে রাখতে চাইছেন চট্টগ্রাম চেম্বারের প্রভাবশালী ব্যবসায়ীরা। অবশ্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) ইতিমধ্যে এ ধরনের পকেট ভোটে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।