যাঁদের হারালাম
২০১১ সালে তিন দিকপালকে হারিয়েছে তথ্যপ্রযুক্তি দুনিয়া। অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাককার্থি—এই তিন দিকপাল ব্যক্তিত্বই অক্টোবর মাসে মারা যান। তাঁদের অবদান প্রযুক্তির জগৎকে করেছে অনেক কার্যকর আর বর্ণিল। লিখেছেন সুজয় দাস স্টিভ জবস১৯৭৬ সালে অ্যাপল প্রতিষ্ঠার কয়েক বছর পর স্টিভ জবসের চোখ পড়ল একটি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন স্কালির ওপর। স্কালিকে অ্যাপলের প্রধান নির্বাহী বানানোর ব্যাপারে জবস একেবারে ধনুকভাঙা পণ করে বসলেন। স্কালিকে তিনি একদিন সকৌতুকে সরাসরি বলেই ফেললেন, ‘তুমি কি তোমার বাকি জীবনটা চিনি মেশানো পানি বিক্রি করে কাটাবে নাকি আমার সঙ্গে মিশে দুনিয়াটাকে বদলে দেবে?’ ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া স্টিভ জবস দুনিয়া বদলের স্বপ্ন নিয়ে একের পর এক সবার সামনে হাজির করেছেন নতুন নতুন প্রযুক্তিপণ্য আর সব সময়ই চেষ্টা করেছেন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার। ২০১১ সালের ৫ অক্টোবর মারা যাওয়ার আগের দিনও তিনি ম্যাক ওএসএক্স অপারেটিং সিস্টেম সংক্রান্ত একটি প্রযুক্তিস্বত্ব (প্যাটেন্ট) লাভ করেন।অ্যাপল প্রথম দিকে ভালোই চলছিল। কিন্তু গোল বাধল ১৯৮৫ সালে এসে। নিজের গড়া প্রতিষ্ঠান অ্যাপলের পরিচালনা পর্ষদ ১৯৮৫ সালের ২৪ মে জবসকে অ্যাপলের ব্যবস্থাপনা থেকে অপসারণ করল। ক্ষোভে-দুঃখে অ্যাপল ছাড়লেন জবস। নতুন উদ্যমে ওই বছরই চালু করলেন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সট কম্পিউটার। কিন্তু এর পণ্য তেমন বাজার পেল না! প্রতিষ্ঠানটি অনেক কষ্টে লাভের মুখ দেখল ১৯৯৪ সালে এবং তাও মাত্র ১০ লাখ ডলার। ১৯৯৭ সালে নেক্সট কম্পিউটারকে অ্যাপল ৪২ কোটি ৯০ লাখ ডলারে কিনে নেয়। কেনাবেচার সূত্র ধরে জবস আবার ফিরে এলেন অ্যাপলে। এই মাঝখানের সময়টায় জবস নিজের সত্তাকে নতুনভাবে উপলব্ধি করলেন। এবার তিনি মনোযোগ দিলেন অ্যাপলকে ঢেলে সাজিয়ে আরও বেশি লাভজনক করার দিকে। জবসের নেতৃত্বে অ্যাপল একের পর এক নিয়ে আসতে লাগল নতুন নতুন প্রযুক্তি আর নতুন নতুন প্রযুক্তিপণ্য। আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি, ম্যাক ওএসএক্স, আইওএস ইত্যাদি বিভিন্ন পণ্য এবং অ্যাপল স্টোর, অ্যাপ স্টোর, আইটিউনস স্টোর, আইবুকস, আইক্লাউড ইত্যাদি বিভিন্ন পরিসেবা নিয়ে অ্যাপল আজ এক সফল প্রযুক্তি প্রতিষ্ঠান। জবস হাত দিয়েছিলেন প্রযুক্তিনির্ভর চলচ্চিত্রেও। তাঁর আরেক প্রতিষ্ঠান পিক্সার হতে ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত মুক্তি পাওয়া পাঁচ-ছয়টি অ্যানিমেটেড চলচ্চিত্র বক্স অফিস পুরো মাত করে দেয়, অস্কার পুরস্কারও পেয়েছে একাধিক। ২০০৫ সালে ওয়াল্ট ডিজনি প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলারে জবসের এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ফোর্বসের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জবসের স্থান ১৭তম। ৮৩০ কোটি মার্কিন ডলারের মালিক জবস ছিলেন যুক্তরাষ্ট্রের ৪২তম শীর্ষ ধনী। ২০০৩ সালের অক্টোবরে জবসের ধরা পড়ল ক্যানসার। রোগের সঙ্গে টানা আট বছর লড়াই করলেন। চিরতরে চলে গেলেন ২০১১ সালের ৫ অক্টোবর। ২০১২ সালের গ্রামি ট্রাস্টি অ্যাওয়ার্ডের জন্য জবস মনোনীত হন। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চটা জবসের অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই খাঁ খাঁ করবে!জন ম্যাককার্থি১৯২৭ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোস্টনে জন্ম নেওয়া জন ম্যাককার্থি ছোটবেলা থেকেই গণিতের প্রতি খুব অনুরক্ত। বালক বয়স থেকেই তার অন্যতম নেশা ছিল গণিতের বইপত্র সংগ্রহ করে সেসবে ডুবে থাকা। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৬ সালে ম্যাককার্থি প্রায় একক প্রচেষ্টায় ডার্টমাউথে একটি বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করেন। এই ঐতিহাসিক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে, ‘যন্ত্র বিশেষ ব্যবস্থায় শিখতে পারে এবং একে শেখানোও যায়।’ এই সম্মেলনেই তিনি প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দ দুটি উচ্চারণ করেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ কম্পিউটার বিজ্ঞানের একটি সুসংজ্ঞায়িত ও আকর্ষণীয় শাখা হিসেবে যাত্রা শুরু করে। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত গবেষণায় অশেষ অবদানের জন্য ১৯৭১ সালে কম্পিউটারের নোবেলখ্যাত টিউরিং পুরস্কার পান। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত গবেষণার জন্য ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান পদক লাভ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন তত্ত্ব পরিবীক্ষণ ও এসব তত্ত্ব বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের জন্য তিনি এলআইএসপি (লিস্প) নামে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাও উদ্ভাবন করেন। আজকের দিনের জনপ্রিয় প্রযুক্তি সার্ভার-ক্লায়েন্ট মডেল, ক্লাউড কম্পিউটিং, গ্রিড কম্পিউটিং প্রভৃতি জন ম্যাককার্থি ও বব বিমারের ‘টাইম শেয়ারিং তত্ত্ব’ দ্বারা অনুপ্রাণিত ও রূপায়িত। জন ম্যাককার্থি চলতি বছরের ২৪ অক্টোবর মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে স্বপ্ন দেখা কখনো বন্ধ করেননি বলেই আজ সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার এত জয়জয়কার।ডেনিস রিচিকম্পিউটার বিজ্ঞানের এক নেপথ্য নায়ক ডেনিস রিচি সম্বন্ধে একটি কথা প্রায়ই বলা হয়, ‘কম্পিউটার জগতে ডেনিস রিচিকে খালি চোখে ঠাহর করা যায় না। কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে কম্পিউটার জগতে চোখ বুলালে এর পরতে পরতে দেখা যাবে ডেনিস রিচির নাম।’ ১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জন্ম নেওয়া এই কম্পিউটার বিজ্ঞানীর হাতেই জন্ম নিয়েছে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ‘সি’। প্রোগ্রামিং ভাষা ‘সি’-এর ওপর ডেনিস রিচি ও ব্রায়ান কার্নিগানের লেখা জনপ্রিয় বই দ্য সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে ‘সি’ প্রোগ্রামিং ভাষার ‘আকড় গ্রন্থ’ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ডেনিস রিচি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ‘ইউনিক্স’-এর একজন সহ-উদ্ভাবক। লিনাক্স, সোলারিস, বিএসডি, ম্যাক ওএসএক্স প্রভৃতি অপারেটিং সিস্টেম ইউনিক্স দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। ইউনিক্স বিশ্বব্যাপী মুক্ত সফটওয়্যার আন্দোলনকে অনেক বেগবান করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ডেনিস রিচির উদ্ভাবনসমূহ সফটওয়্যার স্থাপত্য ও সফটওয়্যার প্রকৌশলের গতিপথ অনেকখানিই পাল্টে দিয়েছে। সি, অপারেটিং সিস্টেমের সাধারণ তত্ত্ব ও ইউনিক্স উদ্ভাবনের জন্য ১৯৮৩ সালে তিনি টিউরিং সম্মাননা এবং ১৯৯৮ সালে প্রযুক্তিবিষয়ক যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় প্রযুক্তি পদক’ লাভ করেন। ১৯৯৯ সালের ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ডেনিস রিচির হাতে এ পদক তুলে দেন। গত ১২ অক্টোবর সত্তর বছর বয়সে নিউ জার্সিতে তিনি মৃত্যুবরণ করেন।