যাঁরা চোখে দেখেন না, তাঁরাই খেললেন টি-২০ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা। নগরের এমএ আজিজ স্টেডিয়ামের বাইরের মাঠে (আউটার স্টেডিয়াম) বসে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট আসর। খেলা হয় ঢাকা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ও চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের মধ্যে। গত বছরও খেলা হয়েছে। তবে চট্টগ্রামে এবারই প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ম্যাচের আয়োজন করে চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাব (সিবিসিসি) ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)।চট্টগ্রামে প্রথম টি-২০ ব্লাইন্ড ক্রিকেট ম্যাচে ঢাকা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ কমর তারা। জবাবে ২২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ফলে চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ৬৫ রানে পরাজিত হয়। বিজয়ী দল ঢাকা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের বি-১ (দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে যাঁরা একদমই দেখতে পান না) ক্যাটাগরির খেলোয়াড় মুনির রানা দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ সম্পর্কে চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আহসান উল্লাহ সরকার বলেন, ‘এবার মাঠ এবং চারপাশের পরিবেশ আমাদের উপযোগী মনে হয়নি। আমরা যেহেতু শব্দ শুনে খেলে থাকি তাই একটু নিরিবিলি পরিবেশ চাই। তা ছাড়া খেলার মাঠটি পুরোটা সমতল ও বড় মাপের হলে ভালো হয়। কোথাও উঁচু-নিচু হলে সমস্যা হয়। এসব দিক বিবেচনায় আউটার স্টেডিয়াম আমাদের অনুকূলে ছিল না।’ চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের প্রশিক্ষক শামীম আহমেদ জানান, ‘আমাদের খেলোয়াড়েরা এমনিতে ভালো খেলেন। কিন্তু খেলার মান বাড়ানোর স্বার্থে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অথচ আর্থিক সমস্যার কারণে আমরা তা পারছি না। এবারও খেলা শুরুর মাত্র কয়েকদিন আগে প্রশিক্ষণে নামতে হয়েছে।’ ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের চেয়ারপারসন মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির, ঢাকা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, ইউনিসেফ কর্মকর্তা সাইদুল হক, এনএএসপিডি চট্টগ্রাম শাখার সহসভাপতি ইয়াসমিন পারভীন, সিএসডির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। পরে ট্রফি তুলে দেন অতিথিরা। বিবিসিসির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি জানান, ‘বর্তমানে ঢাকায় দুইটি, চট্টগ্রামে একটি ও রাজশাহীতে একটি দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল রয়েছে। এ ছাড়াও সারা দেশে আরও বেশ কয়েকটি দল গঠনের পরিকল্পনা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) অনুমোদন পাইনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মান উন্নয়নে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। একটি কার্যালয়, বিদেশি কোচ দরকার আমাদের। তবুও ইচ্ছে আছে ২০১১ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার।’ উল্লেখ্য, বাংলাদেশ ইতিমধ্যে ভারত, পকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল নিয়ে গঠিত এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সদস্য হয়েছে।