যাঁরা সিনেমা ভালোবাসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা
অতিথিদের সঙ্গে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা

আমরা যখন হলরুমে পা রেখেছি, তখন প্রদর্শিত হচ্ছিল নেপালের পারিচ্ছেদ সেনের বানানো চলচ্চিত্র—স্ট্রাইক। আগে থেকে না জানা থাকলে হয়তো ধরতেই পারতাম না, পুরো ছবিটির চিত্রায়ণ হয়েছে মুঠোফোনের মাধ্যমে।
১৫ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে বসেছিল ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব’–এর পঞ্চম আসর। ইউল্যাবের শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ প্রতিবছর এই আয়োজন করে। মোবাইল চলচ্চিত্র উৎসবের আয়োজনটি মূলত নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগের মেলবন্ধন। মুঠোফোনের মাধ্যমে তৈরি চলচ্চিত্র নির্বাচন, প্রদর্শন ও সব শেষে সেরা চলচ্চিত্র বাছাই করে বছরের সেরা পরিচালককে পুরস্কৃত করেন আয়োজকেরা।
‘সিনেমা বানাতে চাই। গল্প আছে, ইচ্ছাশক্তি ও মনোবলও আছে। কিন্তু ছবি বানাতে হলে তো টাকা লাগে। আমরা যারা শিক্ষার্থী, তাদের কাছে তো এত টাকা নেই। কিন্তু মোটামুটি আমাদের সবার হাতেই একটি মোবাইল ফোন আছে। আর এই মোবাইলের ক্যামেরায় চিত্রধারণ করে যে সিনেমা তৈরি করা যায়, এমন ধারণা থেকেই মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়েছিল।’ বলছিলেন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের এবারের আসরের সমন্বয়ক ফয়সাল মাহমুদ।
সিনেমাস্কোপের আয়োজনে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব যাত্রা শুরু করে ২০১৫ সালে। শুরুর দিকে শুধু ক্লাবের সদস্যদের জন্য এই আয়োজন থাকলেও ধীরে ধীরে জাতীয়ভাবে আয়োজনের পর গত বছর থেকে আন্তর্জাতিকভাবে পথচলা শুরু করে এই উৎসব।
কথা হয় উৎসব পরিচালক আসিফ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এবারের আসরে বিশ্বের ৩৪টি দেশ থেকে মোট ৯৫টি চলচ্চিত্র জমা পড়ে। স্ক্রিনিং, কম্পিটিশন ও ওয়ান মিনিট ফিল্ম—এই তিন বিভাগে অংশ নেওয়ার সুযোগ পান প্রতিযোগীরা। উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চিত্রগ্রাহক রাশেদ জামান এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মতিন রহমান। অনুষ্ঠানটির সহযোগী ছিল প্রথম আলো অনলাইন।
বিচারকদের বিচারে কম্পিটিশন বিভাগে জমা পড়া ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের জন্য তিনটি চলচ্চিত্র থেকে দুটি এবং স্ক্রিনিং বিভাগে জমা পড়া ৬৪টি চলচ্চিত্র থেকে ২৬টি; সব মিলিয়ে ৩৮টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্রের পঞ্চম আসরকে কেন্দ্র করে এর আগে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী মুঠোফোনে চলচ্চিত্র তৈরিবিষয়ক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক কাবিল খান জামিল এবং চলচ্চিত্র নির্মাতা তানহা জাফরিন।
দুই দিনব্যাপী এই আয়োজন মোট চারটি পর্বে বিভক্ত ছিল। ১৫ ফেব্রুয়ারি উৎসবের প্রথম দিন প্রথম পর্ব শুরু হয় বেলা ১১টায়। অনুষ্ঠান উদ্বোধনের পর চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখানো হয়। দ্বিতীয় পর্বে ছিল ওয়াফি আজিজ সাত্তারের ‘প্রসপেক্ট অ্যান্ড অপরচুনিটি অব মোবাইল ফিল্ম’ শীর্ষক কথোপকথন। ১৬ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিন শুরু হয় বিজয়া আনামের ‘মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালস অ্যান্ড গ্লোবাল কনটেক্সট’ কথোপকথন। অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সেরা চলচ্চিত্র নির্মাতাদের দেওয়া হয় ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ এবং ‘ইউল্যাব ইয়ং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে ‘প্রতিযোগিতা’ বিভাগে সেরা পুরস্কার জিতে নেন ইরানের তরুণ চলচ্চিত্র নির্মাতা সালেহ কাশেফির অ্যা পেয়ার অব হর্নস অন অ্যা ফিমেল হোমোসেপিয়েন্স। ১০ মিনিটের এই চলচ্চিত্রে উঠে এসেছে সমাজে ইরানি নারীদের অবস্থান ও বৈষম্যের কথা। অ্যাসিড–সন্ত্রাসের শিকার এক নারীকে নিয়ে মূলত নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এ ছাড়া এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ওয়ান মিনিট বিভাগ। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় এতে। ওয়ান মিনিট বিভাগে সেরা চলচ্চিত্রকার হিসেবে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’ জেতে সুইডেনের লুকাস ডার্নেলিয়াস নির্মিত হ্যান্ডসফ্রি। এই বিভাগে নির্বাচিত অন্য চলচ্চিত্রটি ছিল বাংলাদেশি তরুণ মুজাহিদুল ইসলাম পরিচালিত স্টোরি।
পুরস্কারপ্রাপ্ত দুজনের কেউই বাংলাদেশে আসতে না পারায় তাঁদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনেমাস্কোপের সদস্যরা। তবে ভিডিও বার্তায় তাঁরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, ‘বাংলাদেশে এখন মোবাইলের ক্যামেরায় সিনেমা বানানোর চর্চাটা গড়ে ওঠেনি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে হয়তো তরুণেরা এখন ছোট পরিসরে হলেও সিনেমা তৈরির সাহস পাবে। সামনে আমরা এই প্রতিযোগিতা আরও বড় করে আয়োজন করতে চাই।’
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পরবর্তী আসরের জন্য চলচ্চিত্র জমা নেওয়া হবে এ বছরের ১ এপ্রিল থেকে।