যাতনা গণিতে নয়, ভীতিতে
১+১= কত? এ চিন্তা কি আপনার জন্য পীড়াদায়ক? উত্তরে হয়তো সোজাসুজি বলবেন, ‘না’। তবে আপনার গণিতভীতি যদি হয় উচ্চমাত্রার, তা হলে এর উত্তর ‘হ্যাঁ’ও হতে পারে। আক্ষরিক অর্থেই এটা হতে পারে। নতুন এক গবেষণা তা-ই বলছে।গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষকেরা। এটি গত সপ্তাহে বিজ্ঞানবিষয়ক সাময়িকী প্লস ওয়ান-এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা ২৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্নায়বিক কর্মকাণ্ড পরীক্ষা করে দেখেছেন। এর মধ্যে ১৪ জন গণিত নিয়ে উচ্চমাত্রার এবং ১৪ জন নিম্নমাত্রার আতঙ্কগ্রস্ত। তাঁদের প্রত্যেককেই অনেক শব্দ ও গাণিতিক প্রশ্ন দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মস্তিষ্কও পরীক্ষা করা হয়। গবেষকেরা দেখতে পান, গাণিতিক সমস্যা সামনে পেলেই উচ্চমাত্রায় আতঙ্কগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্কের যে অংশ যন্ত্রণা অনুভব করে, সেই অংশে প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। প্রতিক্রিয়াটি এমনই, যা গরম চুলার আগুনে হাত পড়ার মতো। নিম্নমাত্রার আতঙ্কগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। নিবন্ধটির সহলেখক ইয়ান লিয়নস জানান, কেবল পূর্বাভাস পেয়েই এই উদ্বেগ তৈরি হয়। যখন তাঁরা গাণিতিক সমস্যার সমাধান করতে শুরু করেন, তখন আর যন্ত্রণা অনুভব করেন না। এটা ইঙ্গিত দেয়, গণিত নিজে কোনো ক্ষতি করে না। ওই যন্ত্রণার চিন্তাই ক্ষতি করে। গবেষক লিয়নস আরও বলেন, এটা নিতান্তভাবেই একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। গণিত হচ্ছে পাতার ওপরে লিখে রাখা সংখ্যামাত্র। এগুলো আপনাকে ক্ষতি করতে পারে এ রকম কোনো সুযোগই নেই। এর পরও যাঁরা গণিত নিয়ে উচ্চমাত্রায় আতঙ্কে থাকেন, তাঁরা যেকোনো গণিত পরীক্ষায় খারাপ করে ফেলেন। ন্যাশনাল জিওগ্রাফিক।