যাত্রা উৎসবে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালদীঘির মাঠে এসে পৌঁছাতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। মাঠজুড়ে তৈরি করা বিশাল প্যান্ডেলের ভেতর থেকে ভেসে আসছে বাঁশি, ট্যাম্পেট আর ক্যানেস্তারার শব্দ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নেত্রকোনার নেত্রকথন যাত্রা ইউনিটের যাত্রাপালা ‘সন্ত্রাসের দুই ডানা’। মঞ্চের তিন দিকে দর্শকদের বসার ব্যবস্থা। প্রায় দুই শ চেয়ার পাতা রয়েছে মঞ্চ ঘিরে। আসন ভরে উঠলেই শুরু হবে পালা। চূড়ান্তক্ষণ যে সমাগত বাদকদের বাজনা সেটাই যেন জানান দিচ্ছিল। কিন্তু সহসা বজ্রের হুংকার, বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে তাণ্ডব নৃত্যে মেতে উঠল বৃষ্টি। মঞ্চ ও দর্শক আসনের মাথার ওপর প্যান্ডেল চুইয়ে পড়ছে বৃষ্টির জল। অগত্যা গা বাঁচাতে ছুটতে হলো সাজকক্ষে (গ্রিনরুম)। সেখানে অস্থায়ী টিনের চালের ওপর বৃষ্টির ধারাপাতের শব্দে কান পাতা দায়। কথা বলতে হলো চেঁচিয়ে। হঠাৎ কাঁচাপাকা চুলের সাজ নেওয়া একজন যাত্রাশিল্পীর মুখোমুখি হতে হলো। মেকআপ দিয়ে প্রায় গোলাপি করে তোলা হয়েছে তাঁর মুখের রং। পরনে টাই, প্যান্টের ভেতরে শার্ট ইন করা। তিনি গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তাঁকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে আলাপ করতে বাধ্য হলাম। ‘আপনার পরিচয়!’ ‘আমি উপমন্ত্রী।’ উত্তর দিলেন তিনি। পেছন থেকে একজন হাসতে হাসতে উত্তর দিলেন ‘সন্ত্রাসের দুই ডানা’ পালায় উপমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ১৩-২২ মে পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে যাত্রা উৎসব। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আয়োজনে এ উৎসবে সহযোগী ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আয়োজকেরা আফসোস করলেন। এ কয়েকদিন বেশ জমজমাট ছিল যাত্রার আসর। ১৩ মে ঢাকার লোকনাট্য গোষ্ঠীর ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ পালার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। ‘লাইলি মজনু’, ‘গুনাইবিবি’, ‘বাগদত্তা’, ‘আলোমতি প্রেমকুমার’সহ ১০ দিনে ১০টি বিখ্যাত পালা মঞ্চায়নের কথা ছিল উৎসবে। সব দিন প্রকৃতি প্রসন্ন থাকলেও কেবল ২১ মে অপ্রসন্ন হয়ে উঠল প্রকৃতি। শনিবারে যেন শনির দশার কবলে পড়েছে যাত্রা-আসর। প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বলা যায় বৃষ্টি বেড়েই চলেছে। কথা হলো নেত্রকথন যাত্রা ইউনিটের পালাকার ও নির্দেশক সফিকুল ইসলাম খানের সঙ্গে। তাঁর কাছে জানতে চাইলাম কী নিয়ে এই পালা? তিনি জানান, ‘মূলত রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস ও ভণ্ডপীর-ফকিরের দৌরাত্ম্য নিয়েই এ পালা। চেষ্টা করেছি এসবের বিরুদ্ধে জনমত তৈরি করতে।’ জানা গেল, পাঁচ-ছয় বছর ধরে তিনি যাত্রার সঙ্গে যুক্ত আছেন। নেত্রকোনা তেলিগাতি ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়ানোর পাশাপাশি যাত্রাপালা রচনা করেন, নির্দেশনাও দেন।বৃষ্টির প্রচণ্ড শব্দে কানপাতা দায়। এর মধ্যে কথা হলো পালার অভিনেতা রাখাল বিশ্বাসের সঙ্গে। তিনি নেত্রকোনোর কেন্দুয়া উপজেলায় একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন। জানা গেল, ১৯৮৫ সাল থেকে যাত্রার সঙ্গে যুক্ত। তাঁর বাবাও কীর্তন দলের সঙ্গে ছিলেন। তাই পারিবারিক বাধা নেই এ ক্ষেত্রে। তিনি জানালেন, যাত্রাশিল্পীরা পেশাদার অভিনেতা। অভিনয় করেই তাঁদের সংসার চলে। ৩০ রাত টানা যাত্রা হলে ২০-২২ হাজার টাকা পান একেকজন শিল্পী। কিন্তু মাসে সাত-আট রাতের বেশি যাত্রা হয় না। সে হিসেবে একজন যাত্রাশিল্পীর মাসিক বেতন পাঁচ-ছয় হাজারের বেশি নয়। মূলত প্রাণের তাগিদেই যাত্রাশিল্পীরা এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন। ১৯৭৪ সাল থেকে যাত্রা করেছেন ইলা দেবী। ইলা বলেন, ‘বিগত বিএনপি সরকারের আমলে যাত্রা বন্ধ হবার উপক্রম হয়েছিল। যাত্রার ওপর মৌলবাদীদের আক্রমণের কারণে জায়গায় জায়গায় যাত্রা অনুষ্ঠান পণ্ড হয়েছিল। তখন মনে হয়েছিল যাত্রা বুঝি এ দেশ থেকে চিরতরে বিদায় নেবে। তবে বর্তমান সরকার যাত্রাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকারের প্রচেষ্টার কারণেই যাত্রা আবার মঞ্চে এসেছে।’প্রায় ঘণ্টা দুয়েক অতিক্রান্ত হয়েছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। সাজঘরে ভক্ত পরিবেষ্টিত হয়ে বসেছিলেন এক অভিনেতা। মাথায় টুপি, হাতে তসবি। ইনি ভণ্ডপীরের ভূমিকায় অভিনয় করছেন। হঠাৎ দুইহাত উঁচু করে দৈববাণী পাঠ করার ভঙ্গিতে বলে উঠলেন, ‘আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বন্ধ হবে। যাত্রা হবেই হবে।’ আরেক অভিনেতা হো হো হা হা হাসিতে ভেঙে পড়তে পড়তে বললেন, ‘মিথ্যে মিথ্যে সব মিথ্যে।’ ইনি মাদকাসক্ত হতাশ তরুণের ভূমিকার অভিনয় করছেন। তাঁর পরনে লাল গেঞ্জির ওপর বোতাম খোলা শার্ট। আড় চোখে বিষণ্ন দৃষ্টিতে তিনি তাকিয়ে ছিলেন আমাদের দিকে। বাংলাদেশ যাত্রা শিল্প সংস্থার সভাপতি রমজান আলী মিয়া উপস্থিত দর্শকদের উদ্দেশে বললেন, ‘কোনো বিরূপতাই যাত্রাকে রুখতে পারবে না। অপেক্ষা করেন, যত রাতই হোক যাত্রা হবেই।’ বাইরের ঘন অন্ধকারের মধ্যে বিজলির ঝলকানি। ভেতরে যাত্রা শুরুর অপেক্ষায় সবাই বসে আছেন। উপস্থিত দর্শকদের মধ্যে কোনো ক্লান্তি লক্ষ করা গেল না। চেয়ারে গুটিসুটি হয়ে বসে থাকা ভ্যানচালক মো. জামালের সঙ্গে আড্ডা জমে ওঠে। ‘প্রতিদিন এখানে আসেন?’ ‘জি আসি।’ ‘কেন আসেন?’। ‘ভালো লাগে তাই আসি। ভ্যান চালায়া টায়ার্ড লাগে। যাত্রা দেখলে আবার ফ্রেশ মনে হয়।’ ‘একটা পালার কাহিনি বলবেন?’ ‘তাইলে শোনেন ‘‘আলোমতি প্রেমকুমার’’-এর কাহিনি। প্রেমকুমার রাজপুত্র, আলোমতি তাঁর বাড়ির কাজের মাইয়া। তয় তাগোর মধ্যে ভালোবাসা হইল। কিন্তু এ কী সম্ভব? রাজায় মানব না। সমাজও মানব না। সবদিক থেইকা বাধা আসে কিন্তু প্রেমেরই জয় হয় শেষে।’তখন প্রায় মধ্যরাত। বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছে। অপেক্ষমাণ দর্শক, যাত্রার প্যান্ডেল সব কিছু পেছনে ফেলে বাড়ির পথে রওনা হতে হলো।