
শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। গৎবাঁধা ডিজাইনের বাইরে নিজের মতো পোশাক বানাতে অনেকেই ছুটছেন দরজিবাড়িতে। এখন চলছে ফরমায়েশ (অর্ডার) নেওয়া। বেশির ভাগ দোকানেই ১৫ রোজা পর্যন্ত অধিকাংশ দরজি দোকানে কাপড় দেওয়া যাবে।
নগরের সেন্ট্রাল প্লাজা, নিউমার্কেট, ষোলশহর শপিং কমপ্লেক্স, মিমি সুপার মার্কেট, টেরিবাজার, আমিন সেন্টারসহ বিভিন্ন মার্কেটের দোকানের পাশাপাশি ব্যস্ত বিভিন্ন এলাকা ও পাড়ার দরজি দোকানগুলোও। তিন থেকে চার রোজা শেষে ভিড় আরও বাড়বে বলে জানালেন দরজিরা।
কাটছাঁট: গতবারের মতো এবারও আনারকলি ও জিপসি তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। কিশোরী এবং তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে এ ধরনের ছাঁটগুলো। কেউ ক্যাটালগ দেখে ডিজাইন দিচ্ছেন, অনেকে নিজের মতো নকশা দিচ্ছেন পোশাকের। ফারহানা শাম্মী নামের এমনই একজনের দেখা পাওয়া গেল নগরের সেন্ট্রাল প্লাজায়। বললেন, ‘আমি চাই, আমার পোশাকটা অন্যদের চেয়ে আলাদা হোক। সে কারণে নিজেই ঘুরে ঘুরে কাপড় কিনেছি। ডিজাইনটাও আমার দেওয়া।’
দরজিরা জানালেন, বর্ষার কারণে এবার জর্জেট কাপড়ের চল বেশি। পাশাপাশি সুতি আর লিনেন তো রয়েছেই। মিমি সুপার মার্কেটের পাপ্পু টেইলার্সের কাটিং মাস্টার মো. ইসলাম জানালেন, বড় ঝুলের কামিজ এবারও চলছে। অনেকেই দুপাশের ঝুল নামিয়ে দিচ্ছেন, আবার অনেকের পছন্দ দুই পাশে একটু গোল ধরনের ছাঁট। আর এবার বেশি চলছে পালাজ্জো ধাঁচের সালোয়ার। এ ছাড়া কুচি সালোয়ার ও চুড়িদারও সেলাই করছেন অনেকে। কিশোরীদের অনেকেই পালাজ্জো প্যান্টের সঙ্গে খাটো কামিজ ও টপস সেলাই করছেন।
কামিজ আর ব্লাউজের গলা হিসেবে গোল গলা, কলার, ভি সবধরনের কাটই এবার চলছে বলে জানা গেল কাটিং মাস্টারদের কাছ থেকে। আর হাতের মাপের ক্ষেত্রে থ্রি কোয়ার্টার বেশি চলছে।
দরদাম: স্থান ও দোকানভেদে সেলাইয়ের দরদাম ভিন্ন। তবে বেশির ভাগ দরজির দোকানিরা জানালেন, ঈদ উপলক্ষে সেলাইয়ের দামে খুব বেশি তারতম্য হবে না। সেন্ট্রাল প্লাজার অন্তরা টেইলার্সের কাটিং মাস্টার আবদুল মালেক জানালেন, সাধারণ কাটের সালোয়ার-কামিজের সেলাই খরচ ৩০০-৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন তাঁরা। নকশা ও ছাঁটের ওপর নির্ভর করে জিপসি সেলাইয়ের দাম ধরা হয়েছে ৮০০-১০০০ টাকা। আর আনারকলি ডিজাইনে পোশাক তৈরি করতে খরচ পড়বে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। কাপড়ের ফরমায়েশ নেওয়া হবে ১৫ রোজা পর্যন্ত। আর ডেলিভারি শুরু হবে এর পর থেকে। চাঁদরাত পর্যন্ত চলবে কাপড় ডেলিভারি।
এ তো গেল মেয়েদের সেলাইয়ের কথা। ছেলেরাও পিছিয়ে নেই পোশাক বানানোতে। যাঁরা ফরমাল পোশাক পছন্দ করেন, তাঁদের অনেকেই শার্ট-প্যান্ট সেলাই করে নিচ্ছেন।
নগরের হাইওয়ে প্লাজায় অবস্থিত সেঞ্চুরি টেইলার্সের ব্যবস্থাপক গোপেশ দেবনাথ বলেন, অন্যবার শবে বরাতের পরই অর্ডার পড়তে শুরু করত। তবে এবার বর্ষার কারণে কিছুটা দেরিতে অর্ডার আসতে শুরু করেছে। শার্টের ক্ষেত্রে সুতি কাপড়ই বেশি পছন্দ করছেন ক্রেতারা। হাফ শার্ট সেলাইয়ে সেঞ্চুরি মজুরি নিচ্ছে ৪৫০ টাকা, ফুল শার্টে পড়ছে ৫০০ টাকা আর প্যান্ট ৫০০ টাকা।