
চট্টগ্রামের শিল্পীদের গাওয়া গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম দ্য চাটগাঁ এক্সপ্রেস। ১ অক্টোবর সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামে ১৩টি গান রয়েছে। সব কটি গান রচনা করেছেন গীতিকার জীবক বড়ুয়া। সুর করেছেন দেেবন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাব্বির ও ইফতেখার লেলিন। সংগীত পরিচালনা করেছেন অমিত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘অ্যালবামটির মাধ্যমে তরুণেরা যেভাবে চট্টগ্রামের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তা অসাধারণ। আশা করছি অন্যান্য প্রচেষ্টার মতো তারুণ্যের এই প্রচেষ্টাও ব্যর্থ হবে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বেলায়েত হোসেন, ওস্তাদ মিহির লালা, শিল্পী সনজীত আচার্য, কল্যাণী ঘোষ ও জীবক বড়ুয়া।
অ্যালবামে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সন্দীপন, সাব্বির, রাশেদ, রন্টি দাশ, নিশীতা বড়ুয়া, মুন, এস এম বাকের, চৈতি মুৎসুদ্দি, পাপড়ি ভট্টাচার্য, অনন্যা, আকলিমা মুক্তা, বৃষ্টি মুৎসদ্দি, মোজাহেদ, মিস্টু বসাক, অনিক বড়ুয়া, জুয়েল পাল, রাজীব বড়ুয়া ও সুপ্রিয়া লাকি।