
ঢাকা থেকে রাজশাহী ফিরছিলাম। বিলম্বিত ট্রেনের যাত্রী হয়ে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম রাত পৌনে একটায়। তাড়াহুড়া করে উঠে দেখি, আমার সহযাত্রী একজন নারী, যে দেখতে একেবারে ‘সেই মেয়েটির’ মতো, একসময় যার কাছে আমি ‘ভালোবাসার অ্যাঞ্জেল’ ছিলাম।
জানালার পাশে আমি আর করিডরের পাশে সে। পাশাপাশি বসা সত্ত্বেও আমরা দুজন যেন ভিন্ন দুই গ্রহের প্রাণী। তারপর কখন যেন ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি সে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। ট্রেন তখন টঙ্গী স্টেশন পার হয়েছে। আমি একটু বাইরে বের হব ভাবছিলাম। কিন্তু মেয়েটা গভীর ঘুমে মগ্ন। কয়েকবার ‘হ্যালো হ্যালো’ বলে জাগিয়ে তোলার চেষ্টা করলাম। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কী করি, ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি মাথায় এল। মুঠোফোনের রিংটোনের ভলিউম বাড়িয়ে তার কানের কাছে ধরলাম, আর অন্য মুঠোফোনটি দিয়ে কল করতে লাগলাম। রিং বাজতেই সে লাফিয়ে ঘুম থেকে উঠল। আর উঠে আমার কাঁধে মাথা রেখেছিল দেখে বেশ ইতস্তত বোধ করছিল। আমি বললাম, ‘আমি একটু বের হব।’ সে দাঁড়িয়ে আমাকে বের হওয়ার সুযোগ করে দিল।
বেশ কিছুক্ষণ পর এসে দেখি, সে আবার ঘুম। এবার আর আগের বুদ্ধিটা কাজে লাগাতে পারলাম না। কারণ, তখন কাছাকাছি সব যাত্রী সজাগ। আমি দাঁড়িয়ে রইলাম। ট্রেন থামতেই তার ঘুম ভাঙল। এবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, ‘ওহ! আমি ঘুমিয়ে আছি, তাই আমাকে আপনি ডাকেননি! দাঁড়িয়ে আছেন!’ এবার আমাকে বসতে দিয়েই সে নানা প্রশ্ন করতে শুরু করল, ‘আপনি কি রাজশাহী যাবেন?’ ‘কী করেন?’ ‘বাসা কোথায়?’ ইত্যাদি ইত্যাদি। আমার উত্তর শুনে সে বলল, ‘আমিও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে আছি। মুন্নুজান হলে থাকি ... ’
ক্রসিং শেষে ট্রেন আবার চলতে শুরু করল, সঙ্গে চলতে থাকল আমাদের আলাপন। শুরুর সেই দূরত্ব আর নেই। আমরা যেন হয়ে উঠলাম পুরোনো পরিচিত। রাজশাহীর কাছাকাছি আসতেই ট্রেনের হুইসেল বেজে উঠল। আর ট্রেন থামতেই আমার মনে হলো, যাত্রাটা যদি আবার এয়ারপোর্ট স্টেশন থেকে শুরু হতো!
সায়েক সজীব
ইংরেজি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়