যাত্রা হলো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসমাজ ও মানবজাতির কল্যাণ কামনা করে না—এমন মানুষের সন্ধান পাওয়া দুষ্কর। তবু অনেক ক্ষেত্রেই দেখা যায়, আশপাশের দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য কিছু একটা করব করব করেও করা হয়ে উঠে না। আবার অনেকেই ভেবে অস্থির যে, কোন কাজটা দিয়ে শুরু করা যেতে পারে। কাজটা যেমনই হোক না কেন, শুরু করাটা সবচেয়ে জরুরি। যেমনটা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তাঁদের ক্লাবের। যার নাম ‘সোশ্যাল ক্লাব অব ফার্মেসি স্টুডেন্টস।’ফার্মেসি অনুষদের সব বিভাগের চেয়ারপারসনের উপস্থিতিতে ক্লাবটির উদ্বোধন করেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্লাবের সদস্যদের উদ্যোগে শ দুয়েক পথশিশুর জন্য ইফতারের আয়োজন করা হয়। ক্লাবের কার্যকরী সদস্য সাদিয়া আঞ্জুম আশরাফির সঙ্গে কথা বলে জানা যায়, বহু আগে থেকেই বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সমাজকল্যাণ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। এ কাজগুলোকেই সুসংবদ্ধ, পরিকল্পনামাফিক ও সাংগঠনিকভাবে পরিচালনার লক্ষ্যেই ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়। ক্লাবটির ভবিষ্যৎ কর্মসূচির কথা বলতে গিয়ে এর প্রেসিডেন্ট সানাউল্লাহ বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিভিন্ন দুর্যোগে দুস্থদের ত্রাণবিতরণ, শীতে অভাবীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা করা, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজের পরিকল্পনা আমাদের আছে। শুধু তা-ই নয়, বিভিন্ন স্বাস্থ্য দিবসগুলোতেও স্বাস্থ্য-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাবে ক্লাবের সদস্যরা।’বর্তমানে এই ক্লাবটির কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা ২৪ জন। প্রত্যেক ক্লাস থেকে তিনজন করে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থাকলেও, ফার্মেসির সব শিক্ষার্থীই এই ক্লাবের সদস্য। ফার্মেসি অনুষদের ডিন এই ক্লাবের প্রধান উপদেষ্টা। এ ছাড়া এই ক্লাবটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মেসি অনুষদের সব শিক্ষক।ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের শিক্ষক আবদুল মুহিত বলেন, এই ক্লাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উৎসাহ লক্ষ করা যাচ্ছে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যেকেরই উচিত যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই দেশ ও মানুষের কল্যাণে কাজ করা।