‘স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ভর্তি হতে না পেরে কষ্ট লেগেছিল। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে আমার সব দুঃখ ঘুচে গেছে। প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হয়েছি, বিষয়টি নিঃসন্দেহে আনন্দের। ভবিষ্যতের স্বপ্ন প্রথম ব্যাচের শিক্ষার্থী হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। গণিতের ছাত্র হিসেবে সেই স্বপ্ন পূরণের প্রত্যাশা রাখি।’ এভাবেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের গণিত বিষয়ের শিক্ষার্থী আয়শা আক্তার তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন।২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল হওয়ার আগেই বহু প্রতীক্ষিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে স্বাগত জানানোর জন্য সাজ সাজ রব পড়ে যায়। সকাল আটটার মধ্যে সব শিক্ষার্থী উপস্থিত হন ক্যাম্পাসে। কারণ একটাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন এবং বরণ করে নেওয়ার জন্য ছুটে আসেন বরিশালে। এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণী-পেশার মানুষ এসে ভিড় জমান সেখানে।একদিকে বরিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র হওয়ার গৌরব ও আনন্দ, অন্যদিকে শিক্ষামন্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রথম ক্লাস শুরু। দুটি বিষয়ই শিক্ষার্থীদের বেশি উজ্জীবিত হতে দেখা গেছে। গৌরবের এই মাহেন্দ্রক্ষণে শিক্ষার্থীদের অভিব্যক্তিতে ছিল স্বপ্ন ও আনন্দের সুর।মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফেরদৌস অহংকারের সুরে বলে ওঠেন, ‘আমি সৌভাগ্যবান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ব্যাচের শিক্ষার্থী হওয়ায়। আজন্ম আমাদের এই ব্যাচের শিক্ষার্থীদের মনে রাখবে পরবর্তী সব ব্যাচের শিক্ষার্থীরা। ঐতিহাসিক বিষয়ের মতোই এটা আমাদের কাছে গৌরবের বিষয়। বিশ্ববিদ্যালয়ের চত্বর আমাদের পদচারণে যেমন মুখরিত হবে, তেমনি এর সম্মান উজ্জ্বল করতে আমাদেরও তৈরি হতে হবে। জানাতে হবে নিজেকে ও বিশ্ববিদ্যালয়কে।’একই বিভাগের শিক্ষার্থী এস এম আসিফ বলেন, ‘বাড়ির পাশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। এ আনন্দ অনেকের ভাগ্যেই জোটে না। বাসা থেকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারব, এটা ছিল স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমি গর্বিত।’ ইংরেজি বিভাগের মোমেন জাহান, মার্কেটিং বিভাগের নয়ন চন্দ্র মন্ডল, সমাজবিজ্ঞান বিভাগের ফাতেমা-তুজ জোহরা, ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত আফরিনও একইভাবে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয়, বরিশালবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করল। বরিশালবাসীর এই স্বপ্নযাত্রা দেখে মনে হচ্ছে, আগামী ১০ বছরের মধ্যে দেশের সেরা বিদ্যালয়গুলোর মানে পৌঁছাবে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমার নিজেরও একটা স্বপ্ন ছিল, যার জন্য অনেক ভালো ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রস্তাব থাকার পরও আমি বরিশালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য ছুটে এসেছিলাম। আজ আমার সে স্বপ্নও বরিশালবাসীর সঙ্গে বাস্তবে রূপ নিল। এ ব্যাপারে বরিশালবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’