যাত্রাপথের সঙ্গী
যাত্রাপথে বাড়ির তৈরি খাবার সঙ্গে নিতে চান অনেকেই। তবে কোন খাবারটি দীর্ঘক্ষণ ভালো থাকবে, কীভাবে নিতে হবে তা বুঝতে পারেন না। নাসরিন আলম দিয়েছেন যাত্রাপথে সঙ্গে নেওয়ার মতো কিছু খাবারের রেসিপি। স্প্রিং রোলউপকরণ: মুরগির কিমা ১ কাপ, গাজর কুচি করা ১ কাপ, বাঁধাকপি কুচি করা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, মরিচ কুচি ২ টেবিল চামচ (বিচি ফেলে), চিনি ১ চা-চামচ, স্বাদলবণ ১ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, রোলের পাতলা রুটি প্রয়োজনমতো।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ভুনে তাতে মাংসের কিমা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভুনতে হবে দুই থেকে তিন মিনিট। এরপর সবজি দিয়ে ভুনে অল্প লবণ দিতে হবে। অল্প ভুনে সয়াসস, টমেটো সস, চিনি ও স্বাদলবণ দিয়ে ভুনে নামাতে হবে। রোলের পাতলা রুটি রোল বানিয়ে সোনালি করে ভেজে নিতে হবে।এ রোল বাক্সে ভরে ডিপে অনেক দিনের জন্য রেখে খাওয়া যায়। যাত্রাপথে সঙ্গে রাখুন প্লাস্টিকের প্লেট, বাটি, গ্লাস ও চামচ। সস সঙ্গে নিতে ভুলবেন না।ডিমের স্যান্ডউইচউপকরণ: পাউরুটি প্রয়োজনমতো, ডিম সেদ্ধ ৩টি কুচি করা, গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, মাখন ৩ টেবিল চামচ (নরম)।প্রণালি: নরম মাখনে গোলমরিচ ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এ মিশ্রণে কুচি করা ডিম মিলিয়ে নিতে হবে। মিশ্রণ পাউরুটির ২ টুকরোর সঙ্গে মাঝে লাগিয়ে সাইড কেটে ফেলে তিন কোনা করে কেটে পরিবেশন করতে হবে।এই স্যান্ডউইচ যাত্রাপথে খেতে খুব মজা। সঙ্গে গাজর ও শসা স্লাইচ নিন বেশি করে। মরিচের গুঁড়া, বিট লবণ ও লবণ সঙ্গে রাখুন।ব্রেড-পালং টিক্কাউপকরণ: পাউরুটি ৮ স্লাইজ, ফেটানো দই ১ কাপ, ময়দা আধা কাপ, কর্ন ফ্লাওয়ার আধা কাপ, ঘি বা তেল ৩ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ দেড় চা-চামচ, সাদা তিল টেলে নেওয়া ১ টেবিল চামচ, পালংপাতা কুচি (মিহিকুচি) ২ কাপ, আদা গ্রেট করা মিহি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি আধা কাপ।প্রণালি: ওপরের সব উপকরণ মিলিয়ে ডো বানাতে হবে। এই ডো আধা ঘণ্টা ফ্রিজে রেখে বের করে ছোট ছোট টিক্কা বানাতে হবে। ডুবো তেলে সোনালি করে (মাঝারি আঁচে) ভেজে পরিবেশন। এই টিক্কা টিফিনে, লাঞ্চে বা যাত্রাপথে নেওয়ার জন্য খুব স্বাস্থ্যকর।চিকেন কিমা-পোলাওউপকরণ: পোলাওয়ের চাল আড়াই কাপ (আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে), ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ৩ টেবিল চামচ, আস্ত পাতা ২০ থেকে ২৫টি, লবণ স্বাদমতো, চিকেন কিমা ১ কাপ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচি ২টি, লবঙ্গ ২টি, দারচিনি ২টি, গোলমরিচ ১০টি, আস্ত জিরা সিকি চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো চপ করা ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: তেলে এলাচি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। এটি ভুনে কিমা দিয়ে আবার ভুনে লবণ, আদা, রসুন বাটা, মরিচের গুঁড়া ও টমেটো দিয়ে ভুনে ঢেকে দিতে হবে। কিমা সেদ্ধ হয়ে এলে চাল দিয়ে ভুনে পানি দিয়ে ঝরঝরে পোলাও রান্না করে নিতে হবে। ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ, গরম মসলা ও ঘি দিয়ে দমে বসাতে হবে।এই পোলাও বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসের খাবারে বা যাত্রায় নেওয়ার জন্য খুব ভালো এবং খেতেও সুস্বাদু।