
তখন শীতকাল। কার কাছে যেন শুনলাম, নদীর ওপারে যাত্রাপালা এসেছে। আমি আর পাড়ার চার বন্ধু ঠিক করলাম, আমরাও যাত্রাগান শুনতে যাব। যে কথা সে কাজ! রাত ১১টার দিকে সবাই জড়ো হলাম নদীর পাড়ে। আকাশে চাঁদ আছে বটে, তবে ঘন কুয়াশার জন্য দূরের কিছুই দেখা যায় না। ব্রহ্মপুত্রের পানি তখন কিছুটা কমে এসেছে। কিন্তু তাই বলে শীতের রাতে তো আর সাঁতরে চলে যেতে পারি না। সিদ্ধান্ত নিলাম, ঘাটে বাঁধা নৌকা নিয়ে যাব। এত রাতে তো আর মাঝিরা কেউ দেখছে না।
পাঁচজনে উঠে পড়লাম ডিঙিতে। অনেক কষ্টে নদী পাড়ি দিলাম। নৌকাটা পাড়ে বেঁধে রেখে কাশবনের পথ ধরে হেঁটে হেঁটে এগোতে লাগলাম। চারদিকে ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক ছাড়া কোনো সাড়াশব্দ নেই। আশপাশে দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘরও নেই। আধা ঘণ্টা হাঁটার পর গন্তব্যে পৌঁছলাম। কিন্তু কীসের কী? যাত্রাপালা তো দূরের কথা, একটা মানুষের ছায়া পর্যন্ত নেই। বুঝলাম, গুজবে কান দিয়ে ভুল করেছি। কিন্তু এবার যে ফিরতে হয়। নৌকার কাছে এসে দেখি সর্বনাশ! নৌকা পানিতে ভরে গেছে। আমরা হাত দিয়ে পানি সেচে নৌকায় উঠলাম। শীতে সবার হাড় কাঁপছে। নৌকা যখন মাঝনদীতে এসে পড়েছে, তখন দেখি নৌকায় আবার পানি ওঠা শুরু করেছে। আবার জোরেশোরে পানি সেচা চলল। কপাল ভালো, শেষ পর্যন্ত নৌকাডুবি হয়নি। সেদিন যাত্রা দেখা হয়নি, কিন্তু জীবনটাই যে আসলে একটা ‘রঙ্গমঞ্চ’ সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম।
মো. জাহিদুল ইসলাম
রাজীবপুর, কুড়িগ্রাম
সেরা লেখক/আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।