সেতুর পাটাতন উঠে হাঁ হয়ে আছে। আবার কোনো কোনোটি গাড়ি উঠলেই দুলতে থাকে। বেশির ভাগ সেতু পার হওয়ার সময় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সেতু পার হয়ে আবার গাড়িতে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। রাঙামাটি-বান্দরবান সড়কের বেশির ভাগ বেইলি সেতুই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৮০ সালে রাঙামাটি পার্বত্য জেলা শহর থেকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও পদুয়া হয়ে বান্দরবানে যাতায়াতের জন্য সড়কটি নির্মিত হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে ১৭টি বেইলি সেতু নির্মাণ করা হয়। সব কটি সেতুই এখন নড়বড়ে হয়ে গেছে।এ সড়কে চলাচলরত মনিশা বাস সার্ভিসের চালক সামশু মিয়া (৪৫) বলেন, সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান থেকে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া পর্যন্ত ২৮ কিলোমিটার অংশে ১০টি এবং দুধপুকুরিয়া থেকে বান্দরবানের ব্রিজঘাটা এলাকা পর্যন্ত ১১ কিলোমিটার অংশে সাতটি বেইলি সেতু রয়েছে, যার প্রতিটিই ঝুঁকিপূর্ণ। এসব সেতু দিয়ে যানবাহন চালাতে হিমশিম খেতে হয় চালকদের। তিনি আরও জানান, খালি বাস নিয়ে বেইলি সেতু পার হওয়ার সময়ও যানবাহনের চাকা সেতুর গর্তে আটকে যায়। এমনকি ছিটকে খাদে পড়ে যাচ্ছে যানবাহন। আশার আলো সার্ভিসের বাসশ্রমিক কাজল সিংহ (৩৮) জানান, সড়কের বান্দরবান পার্বত্য জেলার পুলিশ ক্যাম্প, আমতলি, ব্রিজঘাটা, খেয়ানোলং, গলাচিপা ও রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া, উদলবুনিয়া, দশমাইল ও বাঙালহালিয়া বাজারসংলগ্ন সেতুগুলো বেশি ঝুঁকিপূর্ণ। বাসচালকেরা জানান, চলতি বছরে গত ছয় মাসে এসব সেতু দিয়ে চলাচলের সময় ১২টি দুর্ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিহত ও আহত হয় শতাধিক। বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশনের লাইনম্যান সাহাবুদ্দিন জানান, সংস্কারের অভাবে সড়কটির প্রতিটি সেতু এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চালকেরা বাস চালাতে চান না। এখন দিনে রাঙামাটি শহর থেকে দুটি বাস বান্দরবান শহরে এবং বান্দরবান শহর থেকে দুটি বাস রাঙামাটি জেলা শহরে যাতায়াত করছে। এ প্রসঙ্গে বান্দরবান সদর উপজেলার গোয়ালং ইউনিয়নের চেয়ারম্যান থানুপ্রু মারমা বলেন, সেতুগুলো মেরামতের জন্য বান্দরবান পার্বত্য জেলা সওজ বিভাগে একাধিকবার আবেদন করা হয়েছে। এতে কোনো কাজ হয়নি। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিমও জানান একই কথা। তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলা সওজ বিভাগকে একাধিকবার প্রতিবেদন দেওয়া হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়েজুল হক বলেন, সওজ বিভাগ সড়ক নির্মাণ করলেও বর্তমানে সড়কটি সংস্কারের বিষয়টি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর ১৯ (পূর্বে ছিল ১৭) ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। তার পরও সড়কের সেতুগুলোর বেহাল অবস্থা নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট জামিলুর রেজা বলেন, ‘বর্ষার পর ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মেরামতসহ সড়কটির সংস্কারকাজ শুরু হবে। আশা করছি, যথাসময়ে আমরা কাজ শুরু করতে পারব।’