শাহপরীর দ্বীপ-টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রী হয়রানি অসহনীয় হয়ে উঠেছে। প্রায় বাসে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রীর পাশাপাশি তোলা হয় বিভিন্ন ধরনের মালামাল। এ ব্যাপারে বাসের সহযোগী (হেলপার) ও চালকদের সঙ্গে যাত্রীদের ঝগড়াঝাঁটি লেগেই আছে। যাত্রীরা অভিযোগ করেন, শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজার পর্যন্ত ৮৯ কিলোমিটার সড়কে সরকার নির্ধারিত ভাড়া ১০৬ টাকা ৮০ পয়সা (প্রতি কিলোমিটার এক টাকা ২০ পয়সা)। আদায় করা হচ্ছে ১৪০ টাকা। এ ছাড়া প্রতিটি স্ট্যান্ডেই নির্ধারিত অঙ্কের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। একইভাবে টেকনাফ-কক্সবাজার সড়কে ১০৩ টাকা ২০ পয়সার স্থলে ১২০ টাকা, নিলা-কক্সবাজার সড়কে ৭৯ টাকা ২০ পয়সার স্থলে ১০০ টাকা, হোয়াইক্যং-কক্সবাজার সড়কে ৬১ টাকা ২০ পয়সার স্থলে ১০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা জানান, ২৮, ৩০ ও ৩২ আসনের বাসে প্রায় সময়ই গাদাগাদি করে ৪০ জনের বেশি যাত্রী নেওয়া হয়। টেকনাফের বাসযাত্রী হাসান আলী জানান, ব্যবসায়িক কাজে তাঁকে এক দিন পর পর কক্সবাজার শহরে যেতে হয়। কিন্তু পথে পথে যাত্রীর জন্য দুই মিনিট পর পর বাস থামিয়ে যাত্রী ডাকাডাকি করতে গিয়ে দ্বিগুণের মতো সময় নষ্ট করেন চালকেরা। টেকনাফ ডিগ্রি কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, বাসের লোকজন যাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ইচ্ছেমতো মালামাল তোলেন। এতে গাড়িতে স্বচ্ছন্দে বসা এমনকি দাঁড়ানো পর্যন্ত কষ্টকর হয়ে ওঠে।নারী যাত্রী নাজনিন আক্তার জানান, কোনো যাত্রী বাড়তি যাত্রী তোলা কিংবা যেখানে-সেখানে বাস থামানোর প্রতিবাদ করলে চালক-সহকারী ধমক দেন। সম্মানহানির ভয়ে কেউ প্রতিবাদ করেন না। টেকনাফ পৌরসভা মানবাধিকার কমিশনের সহসভাপতি জিয়াউল করিম বলেন, চালকেরা অতিরিক্ত ভাড়া নেওয়া ছাড়াও যাত্রীদের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করেন। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।সূত্র জানায়, টেকনাফ সড়কে প্রতিদিন দেড় শতাধিক বাস চলাচল করে। এর মধ্যে লোকাল বাস প্রতি ১৫ মিনিট পর পর, বিরতিহীন ২০ মিনিট পর পর ছাড়ার কথা। টার্মিনাল থেকে কক্সবাজার পর্যন্ত লোকাল বাস সাড়ে তিন ঘণ্টা এবং টেকনাফ থেকে কক্সবাজার লিংক রোডে দুই ঘণ্টা ২০ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু প্রায় সব বাস গন্তব্যে পৌঁছায় এক-দেড় ঘণ্টা দেরিতে। বিরতিহীন একটি বাসের সহযোগী মো. আলমগীর অতিরিক্ত যাত্রী তোলার কথা স্বীকার করে বলেন, ‘আমরা তো যাত্রীকে জোর করে বাসে তুলছি না। যাত্রীরাই নিজেদের প্রয়োজনে অনেকটা জোর করে উঠছেন।’তাঁর দাবি, টেকনাফ ও লিংক রোডে দেরি করার সুযোগ নেই। কারণ, সড়কে প্রতিটি বাসের সময় পর্যবেক্ষণ করার জন্য একজন চেকার থাকেন। বাসচালক ছৈয়দ হোসেন বলেন, ‘টেকনাফ সড়কে কয়েকটি নির্মাণাধীন কালভার্ট, ভাঙাচোরা সড়ক রয়েছে।এ ছাড়া চাঁদের গাড়ি (জিপ), অটোরিকশা, টমটম ও নছিমন বেড়ে যাওয়ায় নির্বিঘ্নে বাস চালানো যায় না।’কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা বলেন, ‘ডিজেল, টায়ারসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বাড়ার কারণে আমরা সরকার-নির্ধারিত ভাড়ায় পোষাতে পারছি না। তাই কিছুটা বাড়তি ভাড়া নিতে হচ্ছে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম বলেন, ‘যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের বেশি যাত্রী ও ভারী মালামাল বহন এবং যাত্রী হয়রানি বেআইনি। এ ব্যাপারে কেউ আইনের আশ্রয় নিলে তদন্ত শেষে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার বিধান আছে।’এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ জয়নুল বারী বলেন, ‘বিষয়টি তদারক করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।’