‘গর্জনিয়া থেকে নাইক্ষ্যংছড়ি হয়ে রামু কলেজ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার আসতে একজন শিক্ষার্থীকে অটোরিকশা ভাড়া দিতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। বাস সার্ভিস চালু থাকলে খরচ হত ১৫ থেকে ২০ টাকা। অথচ এ ব্যাপারে কারও মাথাব্যথা নেই। যাতায়াত খরচ মেটানো সম্ভব না হওয়ায় বহু গরিব শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন রামু কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুল ইসলাম।
যাত্রীবাহী বাস না থাকায় কামরুলে মতো দুর্ভোগ পোহাচ্ছেন রামুর গর্জনিয়ার হাজারো মানুষ। এখন সড়কে চলাচল করে শুধু আটোরিকশা ও মাইক্রোবাস। এখানকার মানুষের দাবি যাত্রীবাহী বাস সার্ভিস চালুর। গর্জনিয়ার কৃষক হাবিবুল আলম জানান, উন্নত যোগাযোগব্যবস্থা না থাকার কারণে মাঠে উৎপাদিত শাকসবজি গ্রামেই পানির দামে বিক্রি করে দিতে হচ্ছে। গর্জনিয়া থেকে রামু পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হলে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্চপিয়া, কাউয়ারখোপসহ বিভিন্ন গ্রামের অন্তত পাঁচ হাজার কৃষক ফসলের ন্যায্যমূল্য পেতেন। কিন্তু অটোরিকশা ও মাইক্রোবাসের মালিকদের চাপে কেউ এই সড়কে বাস নামাতে সাহস পাচ্ছেন না।
এ প্রসঙ্গে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ২০১২ সালের ৪ নভেম্বর এই সড়কে কক্সবাজার সিটি ও রামু সার্ভিস নামে দুটি পরিবহনের মিনিবাস চালু করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথায় তা বন্ধ হয়ে যায়। নানা চেষ্টা করেও বাস নামানো যাচ্ছে না। এ কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।