যাত্রীবাহী বাসে চোরাই গরু!
যাত্রীবাহী বাসে করে চোরাই গরু পাচারের সময় পুলিশ পাঁচটি গরু আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরতলির অক্সিজেন-হাটহাজারী সড়কের ট্যানারি বটতল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশি অভিযান শুরুর মুহূর্তে গরুচোররা কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা গরুর মধ্যে দুটি গাভি, দুটি বকনা বাছুর ও একটি এঁড়ে বাছুর রয়েছে। গরুগুলো বায়েজিদ থানার কমপাউন্ডে রাখা হয়েছে। নগরের বিভিন্ন জায়গা থেকে গরুগুলো চুরি হয় বলে পুলিশ ধারণা করছে। একটি যাত্রীবাহী বাসে (চট্টমেট্রো-জ-১১-১২০৩) করে গরুগুলো গ্রামের দিকে পাচারের চেষ্টা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাসের আসনের (বসার সিট) সঙ্গে গরুগুলো বেঁধে পাচারের চেষ্টা করা হয়। অক্সিজেনের কাছে আমাদের তল্লাশি চৌকি আছে। সেখানে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হলে চোররা দ্রুত পালিয়ে যায়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।’পুলিশ সূত্র জানায়, যাত্রীদের বসার আসনের সঙ্গে গরুগুলো বেঁধে রাখা হয়। গাড়ির ভেতর না উঠলে গরুগুলো চিহ্নিত করা কঠিন ছিল।