যাত্রীরা কষ্ট করবেন এটাই নিয়ম!
স্ত্রী ও শিশুকে নিয়ে শহরগামী বাসের অপেক্ষায় ছিলেন ফটিকছড়ির লেলং গ্রামের জোনায়েত হোসেন। প্রখর রোদে ঘামছিল কোলের শিশুটি। বাসের অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে জোনায়েত ও তাঁর স্ত্রী বারবার দেড় বছর বয়সী সন্তানের ঘাম মুছে দিচ্ছিলেন। এভাবে আধা ঘণ্টা কেটে গেলেও শহরগামী কোনো বাসে উঠতে পারলেন না তাঁরা।
ফটিকছড়ি উপজেলার মূল বাসস্টেশন বিবিরহাটে গত মঙ্গলবার কথা হয় জোনায়েতের সঙ্গে। তিনি বলেন, ‘আত্মীয়ের বাসায় যাব বলে বের হয়েছি। এখন বাচ্চা যেভাবে গরমে কষ্ট পাচ্ছে, তাতে বেড়ানোর আনন্দই মাটি হয়ে গেছে। এখানে পরিবহন মালিকেরা ইচ্ছেমতো যাত্রী ওঠান আর নামান। কিন্তু যাত্রীসেবা বলতে কিছু নেই। প্রশাসন দেখেও দেখে না। যেন যাত্রীরা কষ্ট করবেন, এটাই নিয়ম।’
ফটিকছড়ি উপজেলার অনেক বাসিন্দা প্রতিদিন চাকরি, ব্যবসা ও লেখাপড়ার জন্য ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৫০০ বাস, মিনিবাস ও অটোরিকশা এই স্টেশনে দাঁড়ায়।
অপর দিকে, এই উপজেলা থেকে ৭২ কিলোমিটার দূরে খাগড়াছড়ি জেলায়ও প্রচুর মানুষ আসা-যাওয়া করে। যানবাহন মালিক ও শ্রমিকদের মতে ফটিকছড়ির প্রায় পাঁচ হাজার যাত্রী এই বাস স্টেশন ব্যবহার করে।
বিবিরহাট বাসস্টেশনে একচিলতে অপ্রশস্ত ফুটপাতের ওপর দাঁড়িয়ে যাত্রীরা অপেক্ষা করে বাসের জন্য। অনেক যাত্রী বাধ্য হয়ে ফুটপাত ও আশপাশে প্রাকৃতিক কাজ সারে। এতে উৎকট দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিতে হয় যাত্রীদের। বসা তো দূরে থাক, প্রখর রোদে ও বৃষ্টিতে ভিজেই যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হয়।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল আজম যাত্রীদের এমন দুর্ভোগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ শেষ হওয়া উচিত। ওই স্থানে একটি যাত্রীছাউনি এবং শৌচাগার নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
চট্টগ্রাম-নাজিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ এসকান্দর জানান, প্রতিদিন পাঁচ হাজার যাত্রী এই স্টেশনে গাড়িতে ওঠে আর নামে। তাই যাত্রীছাউনি ও শৌচাগার খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। অনেক যাত্রী বাস ধরতে দূর থেকেও আসে। এই সমস্যার কথা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তাঁরা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
ইউএনও মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পৌর সদর এলাকায় বাসস্টেশনে যাত্রীছাউনি নির্মাণের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’