যাদের জন্মদিন হবে ৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী: হোপ ৮৭ বাংলাদেশ নৈশ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
যাত্রাবাড়ী: হোপ ৮৭ বাংলাদেশ নৈশ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

এখন থেকে ওদের জন্মতারিখ হবে ৪ নভেম্বর। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন।

ঘটনাটা খুলে বলা যাক। ঢাকার যাত্রাবাড়ীর জুরাইনে রয়েছে একটি নৈশ বিদ্যালয়। এখানে পড়াশোনা করে সুবিধাবঞ্চিত শিশুরা, যাদের অধিকাংশই শিশু শ্রমিক। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১১০।

এটি পরিচালনা করে ‘হোপ ৮৭ বাংলাদেশ’ নামে একটি সংগঠন।

৪ নভেম্বর ছিল প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের যাত্রাবাড়ী বন্ধুসভারও ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আয়োজনের মধ্যে কেক কাটার পর্বও ছিল। বন্ধুরা ভাবলেন, নিজেরা কেক না খেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়ালে কেমন হয়? এ প্রস্তাবে সব বন্ধু মুহূর্তেই রাজি হয়ে গেলেন। হোপে খবর দিয়ে রাখা হলো যাত্রাবাড়ীর বন্ধুরা সেখানে গিয়ে কেক কাটবেন।

তাঁরা কেক নিয়ে যাত্রা করলেন হোপে।

সেদিন ছিল শুক্রবার। ছুটির দিন। বন্ধুরা পেয়ে গেলেন ৭০ জন শিশুকে। শিশুরা মহা খুশি। তাদের জন্য আনা হয়েছে কেক।

আনন্দ-কোলাহলের মধ্যে কাটা হলো কেক। তাদের হাতে হাতে তুলে দেওয়া হলো। সঙ্গে বিস্কুট ও চকলেট।

কেক খাওয়ার পর্ব শেষ। হোপের পরিচালক রেজাউল করিম বাবু খুশি হয়ে বললেন, ‘আমাদের শিশুদের মধ্যে যাদের জন্মতারিখ জানা নাই, তাদের জন্মতারিখ হবে ৪ নভেম্বর, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখে।’

হোপে যারা ভর্তি হতে আসে তাদের অধিকাংশই নিজেদের জন্মতারিখ বলতে পারে না। তাদেরই জন্মতারিখ হবে ৪ নভেম্বর। ঢাকা শহরে এ রকম চারটি স্কুল আছে, সবকটিতেই এ ব্যবস্থা চালু হবে।

রেজাউল করিম সাহেব বলেন, ‘এর মধ্যেই দুটি শিশুর জন্মতারিখ আমরা ৪ নভেম্বর করে দিয়েছি। এখন থেকে তারা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতেই তাদের জন্মদিন পালন করবে।’