১৪ কিলোমিটার সড়কের মধ্যে সাত কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য ছোটবড় গর্ত। কংক্রিট ও কার্পেটিং উঠে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সড়কজুড়ে। অনেক স্থানে সড়কের চিহ্নও নেই। গাড়ি চলে হেলেদুলে। মনে হয় এই বুঝি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটবে। এমন বেহাল দশা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি-দুধুকছড়া সড়কের।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, পানছড়ি-দুধুকছড়া সড়কের দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। এর মধ্যে পানছড়ি জিরো কিলোমিটার থেকে লোগাং বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সংস্কারের জন্য ২০০৯-১০ অর্থবছরে এক কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হয়। কাজ পায় ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান সিকদার এন্টারপ্রাইজ। কাজ শেষ করার কথা ছিল এ বছর ডিসেম্বরের মধ্যে। কিন্তু ঠিকাদার গত বছর জুন পর্যন্ত সাত কিলোমিটার সড়কের সংস্কারকাজ করে বাকি কাজ ফেলে রেখেছেন। বর্তমানে এ তিন কিলোমিটার এবং লোগাং থেকে দুধুকছড়া পর্যন্ত চার কিলোমিটারসহ সাত কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ।লোগাং বাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রূপায়ন চাকমা বলেন, এ সড়কে প্রতিদিন অর্ধশতের বেশি যানবাহন চলাচল করে। সড়কটি লোগাং ও চেংগী ইউনিয়নের ২২ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এ সড়কের মাধ্যমে এলাকার কৃষকেরা তাঁদের উৎপাদিত কলা, আদা, হলুদ, কাঁচা ফলমূলসহ বিভিন্ন ফসল পানছড়ি ও লোগাং বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যান বিক্রির জন্য। কিন্তু সড়কের দুরবস্থার কারণে পণ্য আনা নেওয়া করতে সমস্যা হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।এ সড়কের জিপ চালক আবদুর রশিদ বলেন, সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্ট ছোটবড় গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক সময় মাঝ পথে গাড়ি নষ্ট হয়ে পড়ে। এতে যাত্রীদের কষ্টের সীমা থাকে না। তাই সব সময় আতঙ্কের মধ্যে গাড়ি চালাতে হয়।পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পার্বত্য যানবাহন সমিতির লাইনম্যান দেবাশীষ চাকমা এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে।সরেজমিনে দেখা যায়, পানছড়ি-দুধুকছড়া সড়কে মগমারা ছড়া বেইলি সেতু, লাল্লে আদাম সেতু, ভূজ্জনালছড়া সেতু, বড়পেড়াছড়া সেতু, লোগাং বাজার শান্তিপাড়া সেতু ও বাউরপাড়া সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাটাতনের নাটবল্ট খুলে সেতুগুলো নড়বড়ে হয়ে গেছে। অনেক সময় পাটাতনের ফাঁকে গাড়ির চাকা আটকে গিয়ে যান চলাচল ব্যাহত হয়। ২৪ ডিসেম্বর লোগাং বাজার থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক বড়পেড়াছড়া সেতু পার হওয়ার সময় একসঙ্গে চারটি পাটাতন পড়ে যায়। ট্রাকটি বড় দুর্ঘটনা থেকে একটুর জন্য রক্ষা পেলেও সকাল সাড়ে ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে।খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি শাখার প্রকৌশলী আবদুল ছালাম বলেন, এ সড়কে বেইলি সেতুগুলো আশির দশকে নির্মিত। অনেক আগেই এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন সেতু নির্মাণ এবং সংস্কারহীন চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। প্রকৌশলী আবদুল ছালাম বলেন, ‘কাজটি শেষ করার জন্য আমরা ঠিকাদারকে নিয়ম অনুযায়ী একাধিকবার নোটিশ দিয়েছি। কয়েক দিনের মধ্যে কাজ শুরু না করলে তাঁর বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হবে।’ সিকদার এন্টারপ্রাইজের মালিক নুরুল আলম সড়ক ও জনপদ বিভাগের কয়েকটি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন সমস্যার কারণে কাজটি শেষ করা যায়নি। আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে কাজটি শুরু করা হবে।