চিটাগাং সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সংবর্ধনায় মেয়র
যানজট, জলজট ও আবর্জনামুক্ত চট্টগ্রাম গড়তে সবার সহযোগিতা চাই

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রামকে জলজট, যানজট ও আবর্জনামুক্ত নগরে পরিণত করতে সবার সহযোগিতা চাই। নাগরিকদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি করপোরেশনের মার্কেটে সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নির্মাণসহ হকারদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
১৫ জুন রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, মো. গিয়াস উদ্দিন, নুরুল হুদা, খোরশেদ আলম, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ, হাসান মুরাদ, নেছার উদ্দিন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী।
সমিতির প্রবীণ সদস্য মোস্তফা খোকনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়র আ জ ম নাছির উদ্দিন সমিতির ২৩ ও ২৪তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এরপর বার্ষিক সাধারণ সভা সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে শুরু হলে নির্ধারিত আলোচ্যসূচির ভিত্তিতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সম্পাদক মো. দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।