যানজট থেকে মুক্তি মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের দিক থেকে ৬ নম্বর রুটের একটি মিনিবাস যাচ্ছিল বিপণিবিতানের দিকে। রাইফেল ক্লাবের পূর্ব দিকের ফটকের সামনে পৌঁছাতেই মিনিবাসটির গতি কমে আসে। কারণ, সড়কের ওপর আগে থেকেই দাঁড়ানো ছিল বেশ কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক এবং তিনপুলের মাথা থেকে একাধিক সারিতে আসা যানবাহনগুলোর গতিও কমে যায়। শুরু হয় চালকদের এলোপাতাড়ি গাড়ি চালানোর প্রতিযোগিতা। আর এতেই নন্দনকানন, শহীদ মিনার, তিনপুলের মাথা ও শাহ আমানত মার্কেট পেরিয়ে বিপণিবিতান পর্যন্ত লেগে যায় যানজট। একজন মাত্র ট্রাফিক পুলিশের গলদঘর্ম অবস্থা সড়কের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছোটাছুটি করে জট ছাড়ানোর চেষ্টায়। এ চিত্র গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার। দুপুর সোয়া ১২টায় নগরের আন্দরকিল্লা মোড়ে দেখা যায়, সিরাজদ্দৌলা সড়কের মুখে সিটি করপোরেশনের সীমানাদেয়াল ঘেঁষে সড়কের প্রায় পুরোটাই দখল করে আছে বিভিন্ন ধরনের যানবাহন। কিছুক্ষণ পর ১ নম্বর রুটের দুটি বাস মোড়ে এসে দাঁড়াতেই শুরু হয় জটলা ও যানজট। এভাবেই বৃহস্পতিবার দুপুর ও বিকেলে নগরের মুরাদপুর, আগ্রাবাদ, ২ নম্বর গেট, বিপণিবিতান মোড়, কোতোয়ালি-কর্ণফুলী তৃতীয় সেতু এলাকাসহ বিভিন্ন সড়কে ঘুরে যানজটের এমন চিত্রই দেখা গেছে।নগরবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মোড়ে মোড়ে যানবাহন দাঁড় করিয়ে রাখা, ট্রাফিক আইন না মানা, ফুটপাত দখল ও যানবাহন ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় সময় যানজটের সৃষ্টি হচ্ছে। নগরের লালখান বাজার এলাকার বাসিন্দা তারেক আহমেদ বলেন, নগরের বেশ কয়েকটি সড়ক সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু এর সুফল নগরবাসী পাচ্ছে না। তাঁর মতে, চালকদের নিয়ন্ত্রণহীন এলোপাতাড়ি গাড়ি চালানোর কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশও প্রাচীন পদ্ধতিতে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এতে মানুষের ভোগান্তি থেকে গেছে আগের মতোই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নগরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি সম্প্রসারণ প্রকল্পগুলোর কাজ শেষ হবে। কিন্তু কিছু এলাকায় ফুটপাত ও সড়ক এখনো অবৈধ দখলে থেকে গেছে। ফলে সম্প্রসারণের সুফল তেমন পাওয়া যাচ্ছে না। আমাদের নিয়ন্ত্রণে থাকা সড়কে মাঝে মাঝে অভিযান চালিয়ে আমরা দখলমুক্ত করি। কিন্তু ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা চউকের দায়িত্ব নয়।’ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদারের মতে, যান চলাচল নিয়ন্ত্রণে আন্তরিকতার অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতা রয়েছে। দখলদারদের পক্ষে কিছু পেশাজীবীর সমর্থন রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ভোটের রাজনীতি ও চাঁদাবাজির কারণে সড়ক দখলমুক্ত করার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে প্রধান সমস্যা হচ্ছে ব্যবস্থাপনার দুর্বলতা।’ জানতে চাইলে নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার এ এস এম তানভীর আরাফাত বলেন, ‘বিভিন্ন সিগন্যালে যানবাহনের গতি কমে আসা, ফুটপাত দখল ও নিয়ম না মেনে যানবাহন চালানোর কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণব্যবস্থা ট্রাফিক বিভাগের হাতে নেই। পাশাপাশি জনসংখ্যা ও সড়কের তুলনায় আমাদের লোকবলও কম। এ অবস্থায় সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা সৃষ্টি না হলে সীমিত জনবল নিয়ে চালকদের ধমক দিয়ে কিংবা তাড়া করে যানজট নিয়ন্ত্রণ খুবই কষ্টসাধ্য।’