যানজট নিরসন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের যানজট নিরসনে আরও একটি উড়ালসড়ক নির্মাণ করা হবে। এটি নির্মিত হলে নগরের যানজট অনেকাংশে কমবে বলে আশা করছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। তবে এ উড়ালসড়ক নগরের সার্বিক যানজট নিরসনে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না বলে ধারণা করছেন সড়ক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে নগরের যানজট কমবে না। বরং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবে।

চউক সূত্রে জানা গেছে, নগরের মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হবে। সম্প্রতি একনেকের এক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা।

মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন সেন্টার থেকে লালখান বাজারের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ পর্যন্ত এ উড়ালসড়কের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার আর প্রস্থ ১৬ দশমিক ৫ মিটার। এই দুটি র‌্যামের পাশাপাশি ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকেও গাড়ি ওঠা-নামা করতে পারবে। প্রকল্পে নগরের বায়েজিদ সড়কের বেবি সুপার মার্কেট এলাকা থেকেও গাড়ি ওঠা-নামার পথ রাখা হবে। এর মধ্যে গাড়ি নেমে যাওয়া লেনের দৈর্ঘ্য ৭০০ মিটার ও প্রস্থ সাড়ে সাত মিটার। আর ওই জায়গা থেকে গাড়ি ওঠার লেনের দৈর্ঘ্য এক কিলোমিটার ও প্রস্থ সাড়ে সাত মিটার। সব মিলিয়ে চার লেনবিশিষ্ট এই উড়ালসড়কের দৈর্ঘ্য ৫ দশমিক ২ কিলোমিটার।

জানতে চাইলে প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, যানজট নিরসনে উড়ালসড়ক নির্মাণ স্থায়ী সমাধান নয়। এভাবে একের পর এক উড়ালসড়ক নির্মাণ করে যানজটের চেহারা পাল্টানো যাবে না। এতে যানজট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে মাত্র। তিনি বলেন, প্রাইভেট কার আছে এ রকম লোকজনই এসব উড়ালসড়কের সুবিধা ভোগ করতে পারছেন, যা মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ।

নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘নগর পরিবহন ব্যবস্থাপনা বলতে কিছুই নেই। এখানে গাড়ি পার্কিং ও হাঁটার জন্য কোনো ফুটপাত নেই। সবকিছু দখলে চলে গেছে। তার পরেও সড়কের বর্তমান যে নেটওয়ার্ক আছে, তার শতভাগ ব্যবহার নিশ্চিত করা হলে নগরে যানজট থাকবে না।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘নগরের যানজট নিরসনে আমাদের ধারাবাহিক উদ্যোগের একটি হচ্ছে এই উড়ালসড়ক। একনেক এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এখন দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে।’

চউক চেয়ারম্যান দাবি করেন, মুরাদপুর-লালখানবাজার উড়ালসড়ক নির্মিত হলে নগরের যানজট অনেকাংশ কমবে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি আসবে। প্রকল্পের পরিচালক হলেন চউকের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান। প্রথম আলোকে তিনি জানান, এই উড়ালসড়ক নির্মিত হলে দুই নম্বর গেট মোড়ে যান চলাচলের চাপ একেবারেই কমে যাবে। ২০০৭-০৮ সালের এক সমীক্ষায় দেখা গেছে, এ মোড় দিয়ে প্রতিদিন গড়ে ৪১ হাজার ২২৭টি গাড়ি চলাচল করে। বর্তমানে এ সংখ্যা আরও বেশি হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে এর আগে দুটি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বহদ্দারহাট এম এ মান্নান উড়ালসড়ক সবার জন্য উন্মুক্ত এবং অপরটি বন্দরের জন্য সংরক্ষিত। এ ছাড়া নগরের কদমতলী এলাকায় ‘কদমতলী উড়ালসড়ক’ নির্মাণাধীন রয়েছে।