যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক হাতে বসে আছেন একজন। অপর তিনজন আছেন সড়কের বিভিন্ন প্রান্তে। কোনো যানবাহন সড়কে এলোমেলোভাবে দাঁড়ানোর চেষ্টা করলেই মাইকে ঘোষণা দিচ্ছেন সরে যেতে। সঙ্গে সঙ্গে দায়িত্বরত স্বেচ্ছাসেবক পৌঁছে যাচ্ছেন। আর দাঁড়াতে পারছে না যানবাহন। ফলে যানজটমুক্ত থাকছে সড়ক। এটি হাটহাজারী সড়কের বড়দিঘিরপার এলাকার চিত্র। যানজট নিরসনে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী সমিতির নেতারা। তাঁদের উদ্যোগে বড়দিঘিরপার এখন যানজটমুক্ত। অথচ আগে এ এলাকায় যানজট ছিল নিত্যদিনের চিত্র। সড়কটির বড় অংশ দখল করে দাঁড়িয়ে থাকত বিভিন্ন যানবাহন। এই কারণে যানজটে যাত্রী-পথচারীদের দুর্ভোগের সীমা থাকত না। জানা যায়, ২ ডিসেম্বর থেকে বড়দিঘিরপারকে যানজটমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেন চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সেদিন থেকে যানজট নিরসনের দায়িত্ব পালন করতে চারজন লোক নিয়োগ দেওয়া হয়। তাঁরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন। এ জন্য তাঁদের ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মাসিক বেতন দেওয়া হচ্ছে। গতকাল সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, বড়দিঘিরপার এলাকায় যানজটের সেই পুরোনো দৃশ্য এখন আর নেই। উচ্ছেদ হয়ে গেছে সড়কের ওপর কাঁচাবাজারটি। সড়কের ওপর দেখা যাচ্ছে না সারি সারি বাস-ট্রাক। যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।এই প্রসঙ্গে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, ‘বড়দিঘিরপার এলাকার যানজট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। মানুষের দুর্ভোগ কমাতে দুই মাস আগে আমরা এই উদ্যোগ নিই। আমরা স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতাও পাচ্ছি। যানবাহন চালক-শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’ বড়দিঘিরপার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দুই মাস আগেও যানজটের কারণে স্থানীয় বাসিন্দারা বিকল্প সড়ক ধরে যাতায়াত করত। রাস্তায় সন্তান প্রসবের মতো ঘটনাও ঘটেছে চার মাস আগে।’ বাসচালক রমিজ মিয়া বলেন, ‘শহর থেকে গাড়ি নিয়ে বড়দিঘিরপার এলেই যানজটের কারণে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো দীর্ঘক্ষণ। এখন তো যানজট নেই।’