
প্রথম আলো: নগরের যানজট নিরসনে পুলিশের যানবাহন শাখা মাঠে নেমেছে। পুলিশ সফল হবে?
সুভাষ বড়ুয়া: যানজট নিরসনে সফল হবে না পুলিশ। কারণ, নগরের জংশনগুলোর ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেমন আমি সেদিন মিমি থেকে প্রবর্তক হয়ে যাচ্ছিলাম। গোলপাহাড় ও জিইসি মোড়ে যানজট লেগে যায়। এতে আমি নিজেই প্রবর্তক মোড়ে আটকা পড়ি।
প্রথম আলো : তাহলে কী করতে হবে?
সুভাষ বড়ুয়া: নগরের জংশনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে সবুজ ও লাল বাতি রয়েছে। সেটার ওপরও অনেক কিছু নির্ভর করে। যেমন সবুজ বাতি বেশিক্ষণ জ্বালিয়ে রাখা হলো। কিন্ত আরেক প্রান্তে যানজট ব্যাপক আকার ধারণ করল। এ ছাড়া জংশনগুলোতে কোনো গাড়ি পার্ক করা যাবে না।
প্রথম আলো : নগরের সব জায়গায় যানজটের ধরন কি একই?
সুভাষ বড়ুয়া: চট্টগ্রাম নগরে একেক সড়কের সমস্যা এক রকম। একটি সড়ক বা জংশনের সঙ্গে অন্যটির মিল নেই। তাই সমস্যাগুলো চিহ্নিত করে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাদামতলী জংশনে গাড়ি পার্ক করা থাকে। এ কারণে ওই জংশনে যানজটের সৃষ্টি হয়। এটা এক ধরনের সমস্যা। একইভাবে নিউ মার্কেট জংশনের রাস্তাগুলো হকারদের দখলে রয়েছে। সেখানে ক্রেতারা রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় চড়ে রাস্তার ওপর থামে। ফলে আর কোনো লেন উন্মুক্ত না থাকায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
প্রথম আলো: সমাধান কী?
সুভাষ বড়ুয়া: ট্রাফিক ও ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা না হলে যানজট সমস্যার সমাধান নেই। শত উড়ালসড়ক করেও কোনো লাভ নেই। তাই আমরা তিনটি ’ই’-এর ওপর জোর দিতে বলি। প্রথমত, ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয়ত, এনফোর্সমেন্ট বা যানবাহন আইনের প্রয়োগ এবং তৃতীয়ত, এডুকেশন যা রাস্তায় চলাচলের ব্যাপারে আমাদের শিক্ষা দেবে।
নগর পরিকল্পনাবিদ