চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে (চমেক) ঘিরে বিশাল এলাকাজুড়ে এখন শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার (রোগ নিরূপণ কেন্দ্র)। ও আর নিজাম সড়ক, কে বি ফজলুল কাদের সড়ক ও মেহেদীবাগ সড়কে এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সংকীর্ণ সড়কের দুই পাশে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। তাই গাড়ি রাখতে হয় রাস্তার ওপর অনির্ধারিত স্থানে। ফলে সড়কগুলোতে দিন-রাত যানজট লেগেই থাকে। সন্ধ্যায় এটি আরও তীব্র হয়। জানা যায়, সন্ধ্যা থেকেই বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের ভিড় হয়। এ সময় চিকিৎসকেরা রোগী দেখতে চেম্বারে বসেন। রোগীর চাপ থাকে বেশি। ফলে যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ২৪ মে আগ্রাবাদ বেপারিপাড়া থেকে সিএনজি অটোরিকশাযোগে ছেলেকে নিয়ে সিএসসিআরে আসা গৃহিণী নিগার সুলতানা বলেন, ‘চট্টেশ্বরী থেকে সিএসসিআর পর্যন্ত আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। যানজটে পড়ে বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে গেছে।’ গোলপাহাড় মোড়ের একটি ওষুধের দোকানের কর্মচারী আল আমিন বলেন, ‘সন্ধ্যার পর মেহেদীবাগ, প্রবর্তক, গোলপাহাড় এলাকা অচল হয়ে পড়ে। হাসপাতাল-ক্লিনিকে আসা মানুষের চাপে চলাফেরা করা যায় না। এতে মুমূর্ষু কাউকে হাসপাতালে আনার সময় পথে অবস্থা খারাপ হয়ে যাবে।’ সরেজমিনে দেখা গেছে, পাঁচলাইশ থেকে জিইসি মোড় পর্যন্ত অর্থাৎ ও আর নিজাম রোডে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, মেডিকেল সেন্টার, রয়েল হাসপাতাল, বেল ভিউ, স্টার ল্যাব, ল্যাবএইড, এভারগ্রিন, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার, সিএসসিআর, প্রিমিয়ার হাসপাতাল, শেভরন ও সেবা ডায়াগনস্টিক সেন্টারসহ অসংখ্য প্রতিষ্ঠান। এসব ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভবনের পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। এদিকে, চকবাজার থেকে প্রবর্তক মোড় পর্যন্ত কে বি ফজলুল কাদের সড়কে রয়েছে পিপলস হসপিটাল লিমিটেড, দেশ মেডিকেল সার্ভিস, উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কোয়েস্ট ডায়াগনস্টিক সেন্টার, আলট্রা অ্যাসে, ল্যানসেট, মিনি ল্যাব, হিলভিউ ক্লিনিক, মা মনি হাসপাতাল, মেঘনা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ঈগলস আই, সেন্ট্রাল ল্যাব, ডক্টরস ল্যাবসহ ছোট-বড় আরও ২০ থেকে ৩০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। এ প্রতিষ্ঠানগুলোও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না রেখেই নির্মিত হয়েছে। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় সড়কের ওপরেই গাড়ি দাঁড় করিয়ে রোগী ওঠা-নামা করা হয়। মূলত গোলপাহাড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত যানজটের কেন্দ্রস্থল। এ যানজট মেহেদীবাগ সড়ক হয়ে চট্টেশ্বরী মোড় পর্যন্ত গড়ায়। আবার চট্টেশ্বরী মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত ভয়াবহ যানজট হয় ন্যাশনাল হাসপাতালে আসা গাড়িগুলোর কারণে। হাসপাতালের বেসমেন্ট ফ্লোরে নিজস্ব পার্কিংয়ের জায়গা থাকলেও গাড়ি প্রবেশ ও বের হওয়ার সময় সামনের সড়কে জট লেগে যায়। এ প্রসঙ্গে ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাসপাতালের সামনে যানজট নিরসনে সিকিউরিটি গার্ড কাজ করছে প্রতিনিয়ত। সংকীর্ণ রাস্ত তো বটেই, চারপাশে স্থাপিত ফ্ল্যাটবাড়িগুলোর অসংখ্য গাড়ি আসা-যাওয়ার কারণেও এ সড়কে যানজট হয়ে থাকে। এ ব্যাপারে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জি এম মুসা বলেন, ‘যানজট নিরসনে জিইসি থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত সড়ক একমুখী করা হয়েছে। এ সড়কে থাকা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আসা রোগীরা গোলপাহাড় মোড় থেকে উল্টো পথে যেতে চান। দামপাড়া সড়ক হয়ে ঘুরে গেলে রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে ভেবে মানবিক দিক বিবেচনা করে আমরাও যেতে দিই।’ সিএসসিআরের প্রশাসন নির্বাহী আরেফ হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে অধিকাংশ হাসপাতাল-ক্লিনিকের পার্কিং-ব্যবস্থা নেই বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘সব প্রতিষ্ঠানের ভবনেই নিজস্ব পার্কিং-ব্যবস্থা থাকা উচিত। এতে যানজট কিছুটা হলেও কমত। তিনি বলেন, ‘১৫-২০ জন চিকিৎসক প্রতিদিন এ প্রতিষ্ঠানের চেম্বারে বসেন। পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ২০-২৫টি গাড়ির। চিকিৎসকদের অনেকেই ব্যক্তিগত গাড়ি আনেন না। তাই পার্কিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।’ এ প্রসঙ্গে নগরের পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘প্রবর্তক মোড় থেকে গোলপাহাড় হয়ে চট্টেশ্বরী মোড় পর্যন্ত এখন যানজট বেড়েছে বাদশাহ মিয়া সড়ক বন্ধ থাকায়। এ সড়কের একটি কালভার্টের কাজ চলছে। আগে অনেক গাড়ি এ সড়কে চলে যাওয়ায় মেহেদীবাগের দিকে গাড়ির চাপ কম থাকত। আশা করছি, বাদশাহ মিয়া সড়ক চালু হলে যানজট কমে যাবে।’