বহদ্দারহাট থেকে কাপ্তাই সংযোগ সড়ক পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ পথটিতে প্রতিদিনের যানজটের কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর যেন কোনো গতি নেই মানুষের। নগর ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নিত্যযানজটের জন্য লোকবলসংকটকে দায়ী করলেও সরেজমিনে দেখা গেছে, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই মূলত এখানকার নিত্যদিনের যানজট। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নয়টি কারণে আরাকান সড়কের এ অংশে প্রতিদিন সকাল-সন্ধ্যা তীব্র যানজট থাকে। এগুলো হলো—কাপ্তাই রাস্তার মাথায় সড়ক দখল করে অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড, বহদ্দারহাট মোড়ে উড়ালপথের (ফ্লাইওভার) নির্মাণকাজ, সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা, সড়কের ওপর নির্মাণসামগ্রীর ব্যবসা, বিভিন্ন যানবাহনে যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিবন্ধনহীন গাড়ির চলাচল বৃদ্ধি, ব্যস্ততম মোড়ে গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশের ‘চাঁদা’ আদায়, ট্রাফিকের লোকবলসংকট এবং শিল্পকারখানা বৃদ্ধি। ভুক্তভোগী লোকজন জানান, বিকেল পাঁচটা থেকেই বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত যানজট শুরু হয়। এ সময় পোশাকশ্রমিক, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ ও পথচারী যানজটে আটকা পড়েন। সরেজমিন ৮ এপ্রিল বিকেল পাঁচটা ও পরদিন ৯ এপ্রিল সকাল সাড়ে নয়টায় পরিদর্শন করে দেখা যায়, কাপ্তাই রাস্তার মাথায় সড়কের এক পাশ দখল করে ৩০-৩৫টি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এ সময় চট্টগ্রাম-থ-১২-০২০৯, চট্টগ্রাম-থ-১১-৭২৮৮, চট্টগ্রাম-থ-১১-১০৩৩, চট্টগ্রাম-থ-১১-৫৭১৭ নম্বরের সিএনজি অটোরিকশাসহ আরও ২৫-৩০টি গাড়ি সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে চালকেরা নিরুত্তর থাকেন। নাম প্রকাশ না করে একজন চালক এ প্রতিবেদককে বলেন, ‘প্রতিটি গাড়ি থেকে পাঁচ টাকা করে চাঁদা নেয় সাহেদ।’ এ সময় উপস্থিত সাহেদকে প্রশ্ন করলে তিনি (সাহেদ) চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটো টেম্পোসহ ও সিএনজিচালক কল্যাণ সমিতির সদস্য পরিচয় দিয়ে বলেন, ‘আমাদের দেড় শ সদস্য রয়েছেন। এ মোড়ে রাউজান-রাঙ্গুনিয়া চলাচলকারী বেশ কিছু সিএনজি অটোরিকশা যাত্রীর জন্য রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে।’ মোড়টিতে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড স্থাপনে ট্রাফিক পুলিশের কোনো অনুমোদন আছে কি না প্রশ্ন করলে তিনি নিরুত্তর থাকেন। এখানে এক ঘণ্টা অবস্থান করে দেখা গেছে, অবৈধভাবে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো আরাকান সড়কে তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ। যানজটের কারণে কালুরঘাট ও বোয়ালখালীর যাত্রীরা নানা বিড়ম্বনার মধ্যে পড়ছেন। কালুরঘাট শিল্প এলাকায় চয়েস গ্রুপের কর্মচারী লিটন দাশ বলেন, ‘বৃহস্পতিবার এলেই যেন আরাকান সড়কজুড়ে গজব নেমে আসে। শত শত যানবাহন আটকা পড়ে জনজীবন দুর্বিষহ করে তোলে।’ সিঅ্যান্ডবি মোড়ের অদূরে সড়ক দখল করে গড়ে উঠেছে বালুর ব্যবসা, অবৈধ টেম্পো গ্যারেজ। রাস্তা দখল করে বালুর ব্যবসা করছেন মোহাম্মদ সেলিম। গতকাল সকাল সাড়ে নয়টায় তাঁর (সেলিম) কর্মচারী বাবুল দাস বালু ব্যবসার কারণে যানজট সৃষ্টি হচ্ছে—এ কথা স্বীকার করে বলেন, ‘স্যার আমি তো কর্মচারী।’ তাঁর কাছে মোহাম্মদ সেলিমের মুঠোফোন নম্বর চাইলে তিনি বলেন ‘আমি জানি না।’ সিঅ্যান্ডবি মোড়সংলগ্ন আরাকান সড়কের প্রায় একপাশ দখল করে টেম্পো গ্যারেজ গড়ে তুলেছেন মোহাম্মদ রিয়াজউদ্দিন। তাঁকে প্রশ্ন করলে বলেন, ‘আমি মো. সেলিমকে প্রতিমাসে ৮০০ টাকা ভাড়া দিই।’ এটা তো সড়কের জায়গা তাহলে কেন সেলিমকে ভাড়া দেন—এমন প্রশ্নের উত্তরে রিয়াজউদ্দিন বলেন, ‘আমি তো ভাড়াটিয়া। তবে মাঝেমধ্যে পুলিশ রাস্তার টেম্পো না রাখার জন্য বলে।’ এ সময় দেখা যায়, আরাকান সড়কের দক্ষিণ পাশের লেনের প্রায় অংশ দখল করে দিব্যি দাঁড়িয়ে আছে ১০-১২টি টেম্পো। একইভাবে এ গ্যারেজের পাশাপাশি পুরোনো কাগজের ব্যবসা করেছেন এমরান সওদাগর। তাঁর কর্মচারী আবুল হোসেন বলেন, ‘আমরা রাস্তার ওপর থেকে মালগুলো সরিয়ে নেব।’ সিঅ্যান্ডবি মোড় থেকে মৌলভী পুকুরের পাড় পর্যন্ত দেখা গেছে, আরাকান সড়কের উভয় পাশ শ্রীহীন হয়ে পড়েছে। রাস্তাজুড়ে বালু ছড়িয়ে ছিটিয়ে আছে। বাতাসে উড়ছে বালু। সড়কের ওপর যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় আরাকান সড়কটি কার্যত সংকুচিত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে গাড়ি চলাচল। হাজেরা তজু কলেজের স্নাতক সম্মান প্রথম বর্ষের ছাত্র আশরাফ উদ্দীন বলেন, প্রতিদিন কলেজ যাতায়াতের সময় ধুলোবালিতে দম বন্ধ হয়ে আসে। তাঁর প্রশ্ন—রাস্তা দখল করে বালুর ব্যবসা কী বন্ধ করবে না প্রশাসন? বহদ্দারহাট বাস টার্মিনালে গত ৮ মে সন্ধ্যা ছয়টায় দেখা যায়, টার্মিনাল ছাড়িয়ে রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে কয়েকটি বাসের সহকারী যাত্রীর জন্য হাঁকডাক করেছেন। এ সময় একটি বাসের সহযোগী মো. দিদারকে প্রশ্ন করলে বলেন, ‘সিএনজি অটোরিকশার জ্বালায় আমরা টার্মিনাল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিতে বাধ্য হচ্ছি।’ এ ব্যাপারে চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম বলেন, যানজট সৃষ্টির জন্য ট্রাফিক পুলিশের চাঁদাবাজিই দায়ী। এ ছাড়া, নিবন্ধন ছাড়া যানবাহন চলাচল, উড়ালপথ নির্মাণকাজের জন্যও যানজট সৃষ্টি হচ্ছে।’ ডিসি ট্রাফিক ফারুক আহমেদ বলেন, উড়ালপথ নির্মাণকাজের জন্য সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওখানে ১০০ ট্রাফিক পুলিশ দিয়ে আগামী দুই বছরেও যানজট সমস্যার নিরসন হবে না।’ ট্রাফিক পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘উড়ালপথ নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার দিনরাতে কাজ করার কথা থাকলেও তাঁরা তো দিনেও কাজ করেন না। তাহলে যানজট দূর হবে কী করে?’ এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম উড়ালপথ নির্মাণের কারণে যানজট কিছুটা সৃষ্টি হচ্ছে এ কথা স্বীকার করে বলেন, ‘আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করার প্রাণপণ চেষ্টা করছি।’ তবে ঠিকাদার কাজে গাফিলতি করছেন—এমন অভিযোগ তিনি নাকচ করে দেন। এদিকে, চান্দগাঁও আবাসিক এলাকায় বিপরীত দিক থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটারজুড়ে সিটি করপোরেশন ২০-২৫ দিন আগে একটি নালা সংস্কারের জন্য মাটি তোলার পর ২০-২৫ দিনেও পুরোপুরি সরানো হয়নি। ফলে এসব মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ফুটপাত ও সড়কের একাংশে। এতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল ও পথচারী হাঁটাচলা। এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘আমরা আজই (৯ মে) এ মাটি সরানোর ব্যবস্থা নিচ্ছি।’