যানজটে স্থবির নগর

বন্দরনগর চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দিনের বেশির ভাগ সময় যানজটে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলো কার্যত অচল হয়ে পড়ছে। রাস্তার ওপর গাড়ি পার্কিং, যান চলাচলে বিশৃঙ্খলা, ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থা, ছোট গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাসপাতাল রোগনির্ণয়কেন্দ্র ও বিদ্যালয়ের কারণে যানজট বেড়েই চলেছে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞ ও নগর পুলিশের কর্মকর্তারা।

গত সোম ও মঙ্গলবার নগরের বিভিন্ন মোড় ঘুরে ও চলাচলকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউতে পদে পদে বাধার মুখে পড়ে গাড়ি চলাচল। এই সড়কের পাঁচ কিলোমিটারের মধ্যে বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি ও ওয়াসা মোড়ে যানজট এখন নিত্যসঙ্গী। প্রতিটি মোড় পেরোতে গড়ে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এদিকে গোলপাহাড় থেকে প্রবর্তক, চকবাজার ও মেহেদীবাগে যানজটের অন্যতম কারণ হাসপাতাল, রোগনির্ণয়কেন্দ্র ও কলেজ–বিদ্যালয়ে আসা গাড়ি। এসব প্রতিষ্ঠানে আসা গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে রোগী ও শিক্ষার্থী ওঠানামা করে। এ ছাড়া আগ্রাবাদ মোড়, ইপিজেড থেকে বিমানবন্দর সড়ক, আগ্রাবাদ ও নিউমার্কেট মোড়ও যানজটে স্থবির হয়ে পড়ছে।

প্রতিটি মোড়ে দেখা গেছে, গণপরিবহনগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। একটি বাস আরেকটিকে জায়গা দিতে চায় না। এর ফলে পেছনের গাড়িগুলো আর যেতে পারে না। ট্রাফিক পুলিশও এ সমস্যা সমাধানে গরজ দেখায় না।
গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, যানজটের মূল কারণ বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা। সেই সঙ্গে ট্রাফিক অব্যবস্থাপনাও। এ ছাড়া অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, রাস্তার ওপর পার্কিং ও ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা বেড়ে যাওয়া যানজটের জন্য দায়ী। তিনি আরও বলেন, নগরে গণপরিবহনের সংখ্যা কম। ফুটপাত দখল হয়ে যাওয়ায় রাস্তার ওপর দিয়ে মানুষকে চলাফেরা করতে হয়। এ ছাড়া রয়েছে হকারও।
বিশেষজ্ঞদের মতে, পার্কিং ব্যবস্থা না রেখেই যত্রতত্র বিদ্যালয়, হাসপাতাল ও মার্কেট গড়ে উঠছে। বিশেষ করে মেহেদীবাগ, গোলপাহাড় ও প্রবর্তক এলাকায় কয়েকটি বিদ্যালয় ও বেসরকারি হাসপাতালের কারণে যানজট লেগেই থাকে। ইপিজেড মোড়সহ বিমানবন্দর সড়কে যানজটের জন্য ইপিজেডে যানবাহন প্রবেশ-প্রস্থানের ব্যবস্থা না থাকা এবং কনটেইনার ডিপোগুলো দায়ী।

গত মঙ্গলবার নগরের আগ্রাবাদে একটি মিলনায়তনে মোটরযান আইন কার্যকরে চালকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, চালকেরা রাস্তা অবরুদ্ধ করে রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা করেন। এ ছাড়া ওভারটেক ও উল্টো পথে গাড়ি চালিয়ে দেন। ফলে যানজট বাড়ে। এ জন্য মোটরযান আইন সম্পর্কে চালকদের সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় যাতে নামতে না পারে, সে বিষয়ে কঠোর হতে হবে।
সরেজমিনে দেখা গেছে, নগরের নিউমার্কেট মোড় এলাকায় রাস্তার ওপর ভ্রাম্যমাণ হকার ও গণপরিবহন বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করায় যানজট সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে এই যানজট বাড়তে থাকে। দুপুরের দিকে কম থাকলেও বিকেলে থেকে রাত নয়টা পর্যন্ত যানজট লেগে থাকে।
বহদ্দারহাটেও সকাল সাড়ে ১০টা থেকে যানজট শুরু হয়। বহদ্দারহাটের যানজটের প্রভাব পড়ে নগরের মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট ও জিইসি মোড়ে। গণপরিবহনের যাত্রী ওঠানামার পাশাপাশি নির্মাণাধীন উড়ালসড়ক এসব স্থানে যানজটের মূল কারণ। ওয়াসা মোড়ে যানজট হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের কারণে। দুই পালার ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস শুরু এবং ছুটির সময় প্রতিদিন বেলা ১১টা ও বিকেল চারটার দিকে যানজট দেখা দেয়।
নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা মো. কায়সার বলেন, যানজটের কারণে প্রতিদিন আধা ঘণ্টার পথ যেতে সময় লাগে এক ঘণ্টারও বেশি।

আগ্রাবাদ বাদামতলী মোড়েও যানজট হয় গণপরিবহনের যাত্রী ওঠানামা ও ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে। চতুর্মুখী এই মোড়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গাড়ি এক্সেস সড়কে ঢোকার সময় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া দেওয়ানহাট থেকে চৌমুহনী পর্যন্ত রাস্তার ওপর পার্কিং আগ্রাবাদ শেখ মুজিব সড়কে যানজটের অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
জানতে চাইলে সুভাষ বড়ুয়া বলেন, সড়কে পার্কিং বন্ধ করা না গেলে যানজট কমানো যাবে না। আর ইপিজেড মোড়ে ফটকটি নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে যানজট কমবে।
এ ব্যাপারে নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, নগরের যানজটের ৯০ শতাংশ হয় রাস্তায় অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে। রাস্তার ওপর গাড়ি পার্কিং করে রাখলে অন্য গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই অবৈধ পার্কিং পরিহার করতে হবে। এক প্রশ্নের জবাবে মাসুদ–উল–হাসান বলেন, ‘বাসগুলো নির্দিষ্ট স্থানে দাঁড়ানোর জন্য আমরা সিটি করপোরেশনকে বলেছি রাস্তায় দাগ টেনে দিতে।’
ট্রাফিক অব্যবস্থাপনার ব্যাপারে বলেন, হঠাৎ করে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা দিলে কোনো লাভ হবে না। আরও কিছু অবকাঠামোগত কাজ করে সিগন্যালিং ব্যবস্থা চালু করতে হবে।