যানজটের ভোগান্তি বেড়েই চলেছে

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের যানজট কমাতে ২০১০ সালে বাস টার্মিনাল নির্মাণ করা হয়। দূরপাল্লা ও চকরিয়ার আশপাশের বিভিন্ন রুটের বাসের যাত্রী ওঠানামার জন্য এই টার্মিনাল ব্যবহার হওয়ার কথা ছিল। কিন্তু টার্মিনালে এখন গাড়ি থাকে হাতে গোনা। চালকদের টার্মিনাল ব্যবহারের আগ্রহ নেই। সড়কের ওপর গাড়ি পার্কিং করেই যাত্রী ওঠানামা করা হচ্ছে। ফলে বাড়ছে যানজট।
অন্যদিকে ভাসমান হকাররা ফুটপাত ছাপিয়ে এখন সড়কের ওপর চলে এসেছে। গাড়ি চলাচলের রাস্তা দুই পাশ থেকে সংকুচিত হওয়াও যানজটের অন্যতম কারণ। এখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের দেড় কিলোমিটার অংশ পার হতে আধা ঘণ্টার বেশি সময় লাগছে। অথচ যানজট না থাকলে সর্বোচ্চ ১০ মিনিটের পথ।
সরেজমিনে দেখা গেছে, মাতামুহুরী সেতু থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। বালিকা উচ্চবিদ্যালয় সড়কের মাথায় দেখা যায় বক্স রোডের ওপর দাঁড়িয়ে রয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। মাইক্রোবাসটি আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী তুলেছে। গাড়িটির পেছনে রয়েছে আরও তিনটি মাহিন্দ্রা। যাত্রী ডাকাডাকিতে একটির সঙ্গে আরেকটির প্রতিযোগিতায় আটকে যাচ্ছে দূরপাল্লার বাস। এ ছাড়া চকরিয়া, পেকুয়া, লামা, আলীকদম, বদরখালী, মহেশখালী উপজেলার জন্য চকরিয়া পৌর শহরের ভেতর যাত্রী পরিবহনের ছোট-বড় বাস ও জিপের অন্তত ২০টি কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের সামনেও গাড়িগুলো দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করা হচ্ছে। এ ছাড়া ফুটপাতজুড়ে ভাসমান হকার তো আছেনই।
ঈদের কেনাকাটা করতে লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন বলেন, ‘যানজটের কারণে ঈদের কেনাকাটা করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে ইফতারের আগের যানজট সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।’
চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলকারী শ্যামলি পরিবহনের বাসচালক বলেন, অধিকাংশ সময় চকরিয়ার চিরিঙ্গায় যানজট থাকে। ফলে পাঁচ মিনিটের পথ যেতে আধা ঘণ্টা সময় লাগছে।
চকরিয়া থেকে প্রতিদিন কক্সবাজারে যাতায়াতকারী পূবালী ব্যাংকের কর্মকর্তা আলম নূর বলেন, প্রতিদিনই যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করলেও এসব দেখার যেন কেউ নেই।
চকরিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিজাম উদ্দিন বলেন, ‘মহাসড়কের দুপাশে ভাসমান দোকান বসার কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। তবে এ যানজট বেশিক্ষণ স্থায়ী হয় না।’
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম বলেন, ২০১০ সালে তাঁর সময়ে শহরকে যানজটমুক্ত করতে আড়াই কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় দক্ষিণ অংশে শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু ছয় বছর অতিবাহিত হলেও পৌর কর্তৃপক্ষ শহরের ভেতরের কাউন্টারগুলো টার্মিনালমুখী করতে পারেনি। ফলে যানজট লেগেই থাকছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, শহরের যানজট নিরসনের লক্ষ্যে রমজানের
আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ফুটপাতে যাতে ভাসমান হকাররা বসতে না পারে, সে জন্য চারজন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তবু কিছু যানবাহন বক্স রোডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে যানজট হচ্ছে। গাড়ির সমিতিগুলোর সঙ্গে বসে স্থায়ী সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।