যানবাহন চলাচল বন্ধ ১৩ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখে বোঝার উপায় নেই সরু এই পায়ে চলা পথটি একটি সড়ক। সাতকানিয়া পৌরসভার সৈয়দ সুলতানপাড়া সড়কের একাংশ পাশের খালে বিলীন হয়ে গেছে। ভাঙনে সরু হয়ে যাওয়া এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশুরা। ছবিটি ১৮ আগস্ট তোলা l প্রথম আলো
দেখে বোঝার উপায় নেই সরু এই পায়ে চলা পথটি একটি সড়ক। সাতকানিয়া পৌরসভার সৈয়দ সুলতানপাড়া সড়কের একাংশ পাশের খালে বিলীন হয়ে গেছে। ভাঙনে সরু হয়ে যাওয়া এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশুরা। ছবিটি ১৮ আগস্ট তোলা l প্রথম আলো

১৩ বছর আগে বন্যার কবলে পড়ে সড়কের ভাঙন শুরু হয়। তখন এক পাশের ১৫ মিটার ভেঙে পাশের খালে বিলীন হয়ে যায়। বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। কিন্তু এ নিয়ে কারও মাথাব্যথাই ছিল না। ভাঙন ঠেকানোর কোনো চেষ্টাই করা হয়নি। ফলে দিন দিন ভাঙন বেড়েছে। এখন সড়কের প্রায় ৭০ মিটারই ভেঙে পড়েছে খালে। এ চিত্র সাতকানিয়া পৌরসভার সোনাকানিয়া খালের পার্শ্ববর্তী সৈয়দ সুলতানপাড়া সড়কের।
১৮ আগস্ট সরেজমিনে দেখা গেছে, সৈয়দ সুলতানপাড়ার মাঝামাঝি অংশে সড়কের অস্তিত্বই নেই। প্রস্থ ঠেকেছে মাত্র দুই-তিন ফুটে। কোনো রকমে হেঁটে চলাচল করছেন স্থানীয় লোকজন।
সৈয়দ সুলতানপাড়ার বাসিন্দা সাহিদা বেগম (৩৬) বলেন, দীর্ঘ ১২-১৩ বছর ধরে সড়কের এ অবস্থা। জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সড়কের ভাঙা অংশ পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন। কত জন যে আশ্বাসের বাণী শুনিয়েছেন তার কোনো হিসাব নেই। কিন্তু ভাঙা অংশ সংস্কার হয়নি।
স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আবুল কালাম (৩২) বলেন, সড়কটি দিয়ে একসময় রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল করত। এখন হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ। তাই গ্রামের অনেক বাসিন্দা দূরের মির্জাখীল সড়ক দিয়ে চলাচল করছেন।
মাদার্শা-সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নান্টু কুমার ধর বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত দুই হাজার মানুষ চলাচল করে। ভয় হয় কখন কোনো শিশু হোঁচট খেয়ে পাশের খালে পড়ে যায়।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান বলেন, সড়কের ভাঙা অংশ সংস্কারের জন্য পাঁচ বছর আগে ইট আনা হয়েছিল। তবে বরাদ্দ কম হওয়ায় ওই সময় সড়কের ভাঙা অংশ মেরামত করা সম্ভব হয়নি।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, সৈয়দ সুলতানপাড়া সড়কের ভাঙা অংশ মেয়র পরিদর্শন করেছেন। সড়কটির ভাঙা অংশ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আবেদন করা হয়েছে।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘সড়কের ভাঙা অংশটি দেখার জন্য দুবার সৈয়দ সুলতানপাড়ায় গিয়েছি। এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। এত দিন সড়কের ভাঙা অংশটি মেরামত হয়নি কেন, তা আমি বলতে পারব না। চেষ্টা করছি ভাঙা অংশটি দ্রুত সংস্কার করার।’