যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখতে আজ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। সূত্র জানায়, ডিসি হিল ও সিআরবি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বর্ষবরণ অনুষ্ঠানস্থলের আশপাশের সড়কে একজন সহকারী পুলিশ কমিশনার (যানবাহন) ও চারজন পরিদর্শকের নেতৃত্বে ৭৩ জন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পতেঙ্গা সি-বিচ এলাকায়ও দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নিত্য যানজটপ্রবণ শহরের প্রবেশদ্বারগুলোতে (অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, শাহ আমানত সেতু ও অলঙ্কার মোড়) যানবাহন নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নববর্ষ উদ্যাপন করতে ডিসি হিল ও সিআরবি এলাকায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়। এসব জায়গায় গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।’