যানবাহনের দৃঢ়তা বাড়াবে ন্যানোফাইবার
কোনো বস্তু কঠিন মানেই সেটি দৃঢ় নয়। সেতু থেকে শুরু করে বাইসাইকেল ও বন্দুকের গুলি-অভেদ্য (বুলেটপ্রুফ) পোশাকের নকশাকার প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী একই সঙ্গে কঠিন ও দৃঢ় বস্তু খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ের (ইউএনএল) গবেষকেরা নতুন একধরনের অতিসূক্ষ্ম তন্তু (ন্যানোফাইবার) তৈরির কথা জানিয়েছেন, যাতে রয়েছে সেই কাঙ্ক্ষিত কাঠিন্য ও দৃঢ়তা।ইউএনএলের যান্ত্রিক ও বস্তুপ্রকৌশল বিভাগের অধ্যাপক ইউরিস জেনিস ও তাঁর সহযোগী গবেষকেরা কৃত্রিম তন্তু বা অ্যাক্রিলিকজাতীয় সংশ্লেষী যৌগে তৈরি করেছেন নতুন এই ন্যানোফাইবার। অত্যন্ত হালকা ও স্থিতিস্থাপক এই তন্তু দিয়ে তৈরি যানবাহন বা সেতু নিতে পারবে ভারী ওজন। পাশাপাশি দৃঢ়তার কারণে ন্যানোফাইবারে নির্মিত জিনিস ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হবে।ইলেট্রোস্পিনিং নামের পদ্ধতিতে তৈরি করা হবে ন্যানোফাইবার। প্রথমে পলিমারের দ্রবণ তৈরি করে তাতে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করা হবে। এতে নিঃসৃত তরলের মাধ্যমে তৈরি হবে প্রয়োজন অনুযায়ী লম্বা ও অবিচ্ছিন্ন ন্যানোফাইবার। জেনিস বলেন, ন্যানোফাইবারের স্ফটিক-স্বচ্ছতা কম। সম্ভবত এ কারণেই এটি দৃঢ় হয়ে থাকে। তবে অত্যাধুনিক কৃত্রিম তন্তুর স্ফটিক-স্বচ্ছতা বেশি হওয়ার ফলে তা অত্যন্ত অনমনীয়। এ ছাড়া বাইরে থেকে এর অভ্যন্তরীণ গঠন স্পষ্ট ফুটে ওঠে। তবে নতুন ন্যানোফাইবার এলোমেলো গঠনের কারণে বেশি চাপ সহ্য করতে পারে। তাই ভবন নির্মাণে এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা সম্ভব।উড়োজাহাজ তৈরিতে ব্যবহূত বিভিন্ন সমন্বিত উপাদানের যেকোনো একটি ভাঙলেও মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে। এসব উপাদানে দৃঢ়তার অভাব থাকায় প্রকৌশলীরা সেগুলো বেশি পরিমাণে ব্যবহার করে উড়োজাহাজকে নিরাপদ ও ভারী রাখার চেষ্টা করেন। ন্যানোফাইবার এ ক্ষেত্রে তাঁদের জন্য বিশেষ সহায়ক হতে পারে। এ ছাড়া নিরাপত্তার জন্য ব্যবহূত বুলেটপ্রুফ পোশাক তৈরিতেও কাজে লাগবে ন্যানোফাইবার। লাইভসায়েন্স।