
৩৪ বছর বয়সী উগো ডুমন্ট সম্পূর্ণ সুস্থ। কিন্তু একটি বোতাম চাপতেই আচমকা বদলে গেলেন তিনি। দৃষ্টি ঝাপসা হয়ে এল চোখে ছানি ও গ্লকোমায় আক্রান্ত ৮৫ বছর বয়সী বৃদ্ধের মতো। অসহনীয় ভোঁ ভোঁ শব্দও শুনতে লাগলেন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের লিবার্টি সায়েন্স সেন্টারে গত মঙ্গলবার একটি পরীক্ষায় স্বেচ্ছাসেবী হয়েছিলেন ডুমন্ট। গায়ে চড়ালেন কম্পিউটার-নিয়ন্ত্রিত একটি কৃত্রিম আবরণ বা পোশাক। কেউ এটি পরলে দূর থেকে তাঁর হাড়ের জোড়া, দৃষ্টি ও শ্রবণশক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়। এতে ওই ব্যক্তি নিজেকে ঠিক একজন প্রবীণ ব্যক্তির মতো অনুভব করেন।
বিশেষ পোশাকটির ওজন ১৮ কেজি। স্বভাবতই এটির ভারে যে কেউ ঝুঁকে পড়বেন। ফলে তাঁর অবস্থা হবে বার্ধক্যে আক্রান্ত ব্যক্তির মতো। আর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশের অস্থিসন্ধিতেও পোশাকটি এমন অনুভূতি দেবে, যাতে এটি পরিধানকারীর নড়াচড়া আর্থ্রাইটিসের রোগীর মতো আড়ষ্ট হয়ে যাবে। সঙ্গে আরও আছে তীব্র ভোঁ ভোঁ আওয়াজ শোনানোর হেডফোন এবং দৃষ্টি ঝাপসা করে দেওয়ার চশমা। এসব নিয়েই সৈকতে হাঁটার একটি ভিডিও দেখতে দেখতে ট্রেডমিলের ওপরে হেঁটেছেন ডুমন্ট। এ সময় হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৮১ থেকে বেড়ে ১০০তে পৌঁছায়। নিউইয়র্ক সিটির বাসিন্দা ডুমন্ট বলেন, ‘আমি কোনো জিনিসের দিকেই স্থিরভাবে তাকাতে পারছিলাম না। কেবলই মন চাইছিল কোনো বিছানায় শুয়ে পড়ি!’
একটি বিমা প্রতিষ্ঠান জেনওয়ার্থ ফিনান্সিয়াল ইনকরপোরেটেডের অর্থায়নে জেনওয়ার্থ অ্যাইজিং এক্সপিরিয়েন্স নামের লিবার্টি সায়েন্স সেন্টার জাদুঘরের দর্শনার্থীদের জন্য বার্ধ্যক্যের তাৎক্ষণিক অনুভূতি নেওয়ার আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করেছে অ্যাপ্লাইড মাইন্ডস নামের একটি প্রকৌশল প্রতিষ্ঠান।
জেনওয়ার্থের দূত ক্যানডেস হ্যামার বলেন, প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে প্রবীণদের কতটা বাধার মুখোমুখি হতে হয়, সেটা জনসাধারণকে বোঝানোর জন্যই এই আয়োজন। বার্ধক্যের তাৎক্ষণিক অনুভূতি নিলে যে কারও মধ্যে প্রবীণদের প্রতি সহানুভূতি তৈরি হবে।