মা-বাবা, ছোট বোন বুনুকে নিয়ে মহীনের ছোট্ট সংসার। তিনজনের বোঝা কাঁধে নিয়ে ওষুধ কোম্পানির সেলসম্যান মহীনের একার আয় রোজগারেই চলে এই সংসার।প্রতিদিন ভোর হতে না হতেই মহানগরের হাজারো মানুষের মতো তাকেও নেমে পড়তে হয় কর্মযজ্ঞে। প্রতিনিয়ত কাজের চাপে মহীন ক্রমে অসুস্থ হয়ে পড়ে। ঘুনে ধরা সমাজের মতো মহীনের শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। পচন ধরে শরীরের প্রতিটি অঙ্গে। স্বার্থপর এই সমাজে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে বাবা-মা, বোনও। শেষমেশ মহীনের অতৃপ্ত আত্মা চলে যায় অমৃতের সন্ধানে। সমাজ বাস্তবতার যাঁতাকলে পিষ্ট হয়ে মহীনের অকাল প্রস্থানের এই চিত্রটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইম এর আয়োজনে অমৃতের সন্ধানে নাটকে প্রতিফলিত হয়েছে। নাটকটি মঞ্চায়ন হয়েছে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে।মহীনের অসুস্থতা, চাকরি চলে যাওয়া এবং মৃত্যুতে কিংবা যান্ত্রিক জীবনে কারও জীবন থেমে থাকে না। ঘড়ির কাঁটার মতো চলতে থাকে জীবনের স্রোত। জীবনের বাস্তবতায় মহীনের মৃত্যুর পর পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত মহীনের বাবা নৈশ প্রহরীর চাকরি নেয়, বৃদ্ধ মা শুরু করে সেলাইয়ের কাজ, ছোট বোন বুনু টিউশনি করে, ঘরের একটি কক্ষ ভাড়া দেয় বাড়তি আয়ের আশায়। ফ্রানজ কাফকার উপন্যাস মেটামরফসিস অবলম্বনে তৈরি করা শক্তি সেনগুপ্তের বিকার এবং বুদ্ধদেব ভট্টচার্যের পোকা নাট্যকল্পের আশ্রয়ে অমৃতের সন্ধানে নাটকটি নির্মিত হয়েছে। অসীম দাশের পরিকল্পনায় এবং নির্দেশনায় নাটকটিতে মহীনের চরিত্রে অভিনয় করেছেন মুবিদুর রহমান, বাবা চরিত্রে যীশু দাশ, মা চরিত্রে মনীষা অর্চি, বুনু (বোন) চরিত্রে পলি চৌধুরী, ম্যানেজারের চরিত্রে হাসিবুর আলম, ভাড়াটের চরিত্রে তাপস চক্রবর্তী। মঞ্চপরিকল্পনা ও আলোকসজ্জায় ছিলেন আসীম দাশ। রূপসজ্জায় ছিলেন শাহীনুর সারোয়ার। সংগীত প্রক্ষেপণে ছিলেন রাজীব চৌধুরী। নাটকটির নির্দেশক অসীম দাশ প্রথম আলোকে বলেন, এই নাটকটি ফেইমের তৃতীয়তম শো। বিশ্বের সামাজিক, অর্থনৈতিকসহ মানবিক মূল্যবোধের চরম অভাবের চিত্র তুলে ধরা হয়েছে অমৃতের সন্ধানের নাটকে। নাটকের প্রধান চরিত্র মহীমের করুণ পরিণতির মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। সমাজ থেকে মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ প্রতিনিয়ত ধাবিত হচ্ছে যান্ত্রিকতার দিকে। মানবসমাজ মানবিক মূল্যবোধ হারিয়ে যন্ত্রনির্ভর সমাজে রূপান্তরিত হচ্ছে।