যাপিত রস
পরীক্ষার আগের দিন যা হয়

* অনেকেই মনে করেন, পরীক্ষার আগের রাতে দেয়ালেরও সৌন্দর্য বেড়ে যায়। অথচ তাঁরা জানেন না, পরীক্ষার আগের রাতে অনেক ছাত্র প্রথমবারের মতো আবিষ্কার করে যে ঘরে ‘দেয়াল’ও আছে!
* টেবিলে তাক থাকলে অনেকেই বই খুলে বইয়ের তাকের দিকে তাকিয়ে থাকে। একটা তাকে ২০টা বই ধরলে তিনটা তাকে মোট কয়টা বই ধরবে—এই ঐকিক নিয়মের অঙ্ক করতেও ভালো লাগে।
* নিজের পড়তে ভালো লাগছে না অথচ পাশের রুমের বন্ধু গভীর মনোযোগে বই পড়ছে দেখে ভাবলেন তার কাছে গিয়ে একটু পড়ার প্রেরণা নেবেন। অথচ কাছে গিয়ে দেখবেন, সেই বন্ধু বইয়ের শেষ পাতা বের করে লেখক পরিচিতির দিকে তাকিয়ে আছে।
* পরীক্ষার আগের দিন দুই বন্ধুর দেখা হলে একজন অন্যজনকে পড়াশোনার খবর জিজ্ঞেস করে এবং দ্বিতীয় জন উত্তর দেয়, ‘কিছুই পড়া হয় নাই, তোর কী অবস্থা?’ তখন প্রথম জন উত্তর দেয়, ‘আমিও এখনো শুরু করি নাই রে দোস্ত!’ এবং মজার ব্যাপার হচ্ছে, দুজনের কেউ কারও কথা বিশ্বাস করে না। আরও মজার ব্যাপার হচ্ছে, দুজনের কেউ যে কারও কথা বিশ্বাস করেনি, এটাও তারা দুজন ভালো করেই জানে।
* পরীক্ষার আগের দিন দুই ধরনের ছাত্র পাওয়া যায়। এক দলের প্রথম রিভিশন শেষ, আরেক দল মাত্র পড়া শুরু করতে চাইছে।
* স্বাভাবিক সময়ের চেয়ে পরীক্ষার আগের দিন মস্তিষ্ক দ্রুত পড়া বুঝতে পারে।
* ফেসবুকে কারও পোক দেওয়ার নোটিফিকেশনটাও খুঁটে খুঁটে চেক করতে ভালো লাগে।
* অন্যান্য দিন ফেসবুকে কেউ কোনো গ্রুপে অ্যাড করলে যেখানে বিরক্তি লাগে, সেখানে পরীক্ষার আগের দিন কেউ যদি ‘আলোকিত গোপালডাঙ্গা গ্রাম’ নামক গ্রুপেও অ্যাড করে, সেটাও ভালো লাগে। ‘জাতীয় জীবনে ফেসবুক গ্রুপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক চিন্তাভাবনা মাথায় কাজ করে দারুণভাবে।
* আজীবন ক্ষুধামন্দায় ভোগা ছাত্রেরও ঘন ঘন খিদে পায়।
* ফোন কোম্পানি থেকে আসা নিয়মিত বিশেষ অফারের বিরক্তিকর মেসেজগুলোও আগ্রহ নিয়ে দেখতে ইচ্ছে করে।
* রাস্তাঘাট, ফোন, ফেসবুক—যেখানে যার সঙ্গেই কথা হোক না কেন, পরীক্ষা যে চলছে এবং আপনি যে এখনো কিছুই পড়েননি, এটা বলে বেড়াতে ভালো লাগে।
* ‘এ সিঙ্গেল শিট অব পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার’—টাইপের উক্তিগুলো শুনতে খুব ভালো লাগলেও কিছুক্ষণ পর সেই শিটের কাছেই মাথা ঠোকাতে হয়।
* ‘বিশেষ কারণে আগামীকাল পরীক্ষা বাতিল’—এই সাধারণ কথাটা শুনতে মধুর চেয়েও কয়েক শ গুণ বেশি মিষ্টি লাগে।
পরীক্ষার হলেঢুকলে যা হয়

* পরীক্ষার হলে যাওয়ার আগে রাস্তায় একটাও ফাঁকা রিকশা খুঁজে পাওয়া যায় না। ফাঁকা রিকশা পাওয়া গেলেও রিকশাওয়ালা পায়ের ওপর পা তুলে অবশ্যই বলবেন, ‘যামু না।’
* পরীক্ষার হলে খাতা পাওয়ার পর প্রতিবারই নিজেকে জিজ্ঞেস করি, আজকে যেন কত তারিখ?
* পরীক্ষার হল এনার্জি সেভিং বাল্বের আলোয় আলোকিত থাকলেও প্রশ্ন হাতে পেলে কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখতে হয়।
* বাংলা-ইংরেজি যে ভাষাতেই প্রশ্ন করুক না কেন প্রথম পাঁচ মিনিট মনে হয়, এটা আসলে হিব্রু কিংবা আদিম কোনো ভাষায় লেখা।
* লেখা শুরুর আগ পর্যন্ত মনে হয়, সব কমন প্রশ্নের উত্তরও ভুলে গেছি।
* সাহস করে একবার উত্তর লেখা শুরু করলে আরও কিছু উত্তর মনে পড়ে যায়।
* পরীক্ষার হলে অঙ্ক করার সময় ১০-এর সঙ্গে ১০ গুণ দিতে হলেও মনে হয় হিসাবটা একটু ক্যালকুলেটরে চেক করে নিই।
* ৩-এর ‘ক’ লেখার সময় ‘খ’-এর উত্তর মাথায় ঘোরে। অথচ ‘ক’ লেখার পর ‘খ’ লিখতে গেলে খ’-এর উত্তর কিছুতেই মনে পড়ে না।
* কিছু কিছু প্রশ্নের উত্তর লেখার সময় মনে হয়, উত্তরটা মাথার আশপাশে এসেছে। কেউ একটু ধরিয়ে দিলেই লিখতে পারতাম। কিন্তু আফসোস! একটু ধরিয়ে দেওয়ার মতো কেউ থাকে না।
* প্রতিটি পরীক্ষাতেই এমন কয়েকটা প্রশ্ন থাকে যেগুলো আসবে না ভেবে আগের দিন সময় থাকা সত্ত্বেও ইচ্ছা করে পড়িনি।
* উত্তর ভুলে গেলে তা মনে করার জন্য মাথা আর ঘাড় চুলকাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, ঘাড় ও মাথা থেকে উত্তর আসে না।
* পাশের বেঞ্চের বন্ধুকে কিছু জিজ্ঞেস করার আগে স্যারের দিকে তাকালে দেখা যায়, স্যার ঠিক আমার দিকেই তাকিয়ে আছেন।
* স্যারের চোখ এড়িয়ে কোনোভাবে বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারলেও দেখা যাবে, বন্ধু সব প্রশ্নই লিখেছে, শুধু আমি যে ৭-এর ‘ঘ’ পারিনি, সে-ও সেটা পারে না।
* শেষ ঘণ্টা দেওয়ার ঠিক পাঁচ মিনিট আগে এমন দু-তিনটি প্রশ্নের উত্তর অটোমেটিক মনে পড়ে যেগুলো গত তিন ঘণ্টায় হাজার চেষ্টাতেও মনে পড়েনি।
* কোনো রকম ৩০ পাওয়ার আশায় পরীক্ষা দিতে এসে ভাগ্যগুণে ৭০ নম্বরের উত্তর করলেও হল থেকে বের হয়ে মনে পড়ে, ‘ইশ্, যদি আর পাঁচ-দশ নম্বর বেশি আনসার করতে পারতাম!’