যাবতীয় কুসংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

স্কুলে পড়ার সময় একই জামা পরে টানা তিন বছর পরীক্ষা দিয়েছিলাম। অবস্থা দেখে যে কেউ ভাবত, জামাটা বোধ হয় পরীক্ষার হলে পরে যাওয়ার জন্যই বানানো। মাপে খাটো না হয়ে গেলে সেটি গায়ে চাপিয়ে আরও কিছু পরীক্ষা দিতাম, সে সম্ভাবনাও ছিল। কারণ তত দিনে মনের মধ্যে একটা সংস্কার বাসা বেঁধেছে। ওই জামা গায়ে দিলে পরীক্ষা ভালো হয়!
বিখ্যাত ব্যক্তিদের সংস্কার নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা হয়। আমারটা জানার পর হলো হাসাহাসি। বন্ধুরা ব্যঙ্গ করতে ছাড়ল না। তাতে পাত্তা দিলাম না।
২.
পত্রিকায় অল্পবিস্তর লেখালেখি শুরু করেছি। তিনটি লেখা পাঠালে একটি ছাপা হয় অবস্থা। বিশ্ববিদ্যালয় চত্বরে দুটো সেলুন। চুল, দাড়ি-গোঁফ কামানোর জন্য যখন যেটা খোলা থাকে, সেটাতেই যাই। একবার মাস খানেক পত্রিকায় কোনো লেখা ছাপা হলো না। লেখা না ছাপার জুতসই কারণ খুঁজে পেলাম না। এর চেয়ে খারাপ লেখাও তো আগে ছাপা হয়েছে। কোপ পড়ল গিয়ে নাপিতের ওপর। অন্য সেলুন বন্ধ থাকায় সে মাসে প্রতিবার ওখানেই যেতে হয়েছিল। তাই হয়তো...! বন্ধুদের তাচ্ছিল্যের ভয়ে বিষয়টা নিজের ভেতরেই সীমাবদ্ধ রাখি। পরীক্ষামূলকভাবে কিছুদিন নাপিত থেকে দূরে থাকি। সেটিই কাজে দিল! সিগন্যাল ছেড়ে দেওয়ার পর জ্যামে আটকে থাকা গাড়ির মতো ভুরভুর করে লেখা আসতে থাকে পত্রিকায়!

৩.
তাহিয়ার সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের সূচনালগ্নে আমার সংস্কারগুলো প্রকাশ পেতে দিতাম না। ডিজিটাল যুগে এমন একটা ‘খ্যাত’কে ছেড়ে যেতে খুব বেশি কারণ লাগে না। সারাক্ষণ ভয়ে থাকতাম। এই বুঝি আমার (কু!) সংস্কার ধরা পড়ে গেল!
এই সচেতনতায় যখন আমি সেসব থেকে বেরিয়ে আসতে সচেষ্ট, তখনই আবিষ্কার করলাম—তাহিয়া সব সময় দুই হাতের তিনটি করে নখে নেলপলিশ দেয়। বাকি চারটা নখ খালি থাকে। হালকা রঙের নেলপলিশ লাগানোর কারণেই কি এত দিন আমার চোখে পড়েনি? নাকি ইচ্ছাকৃতভাবে ইদানীং ও এটা করছে?
—তুমি কি আগে থেকেই এভাবে নেলপলিশ দাও?
—কেন? দেখতে খারাপ লাগছে?
—তা না।
—তোমার সঙ্গে পরিচয়ের আগে নেলপলিশ দিতাম না। অনেক সময় নিয়ে যত্নে যেদিন দিলাম, সেদিনই তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া হলো। তুমি টানা চার দিন কোনো যোগাযোগই করনি। ওই সময়টা যে কী দুঃসহ কেটেছে! এরপর যখনই নখে কিছু দিই, চারটা নখ বাদ রাখি।
—আবার যদি তেমন কিছু হয় কী করবে? জীবনে আর নেলপলিশ দেবে না!
—হয়তো তাই! তবে এভাবে নেলপলিশ লাগানোর পর যেহেতু নতুন কোনো ঝামেলা হয়নি, আমার বিশ্বাস আর কখনো...
যার জন্য নিজেকে প্রায় সংস্কারমুক্ত করে তুলেছি, সেই তাহিয়াই কিনা নেলপলিশ-সংস্কারে আক্রান্ত! তাও আমাদের সম্পর্ক নিয়ে! বুঝতে পারি, এটাই শেষ নয়। বাকি জীবনে ঘরে-বাইরে আরও অনেক অদ্ভুত সংস্কারের মুখোমুখি হতে হবে।
সোহেল নওরোজ
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা।