
রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ায় শাস্তিমূলক হামলা চালাতে চাইছে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য। সার্বিক পরিস্থিতি নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কথা বলেছে ফ্রান্সের দৈনিক লো ফিগারো। তার চুম্বক অংশ:
প্রশ্ন: আপনি কি প্রমাণ দিতে পারবেন যে সিরীয় সেনাবাহিনীই গত ২১ আগস্ট দামেস্কের অদূরে রাসায়নিক হামলা চালায়নি?
বাশার: যারা এই অভিযোগ তুলেছে, তথ্য-প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদেরই। আমরা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে মাত্র একটি প্রমাণ দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছি। ওবামা ও ওলাঁদ তা দিতে পারেননি, এমনকি নিজ দেশের জনগণের সামনেও তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি। সিরিয়ার সেনাবাহিনীর কাছে রাসায়নিক বা এমন কোনো অস্ত্র আছে কি না, সেটা আমি বলব না।
প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়া অভিযানের বিষয়টি বিলম্বিত করার নীতিকে কীভাবে ব্যাখ্যা করবেন?
বাশার: সিরিয়া অভিযান কিছুদিন বা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কেউ কেউ ওবামাকে দুর্বল বলে মনে করছেন। তবে অন্যরা তাঁকে শক্তিশালী দেশের শক্তিশালী নেতা হিসেবে দেখেন।
প্রশ্ন: সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা হলে কীভাবে এর জবাব দেবেন?
বাশার: মধ্যপ্রাচ্যকে আমরা যদি বিস্ফোরক ভাবী, তাহলে আগুন লাগানো সলতে তার খুব কাছে চলে এসেছে। তাই সিরিয়ায় হামলা মানে শুধু সিরিয়ার পাল্টা জবাব দেওয়ার বিষয় নয়। এ হামলার পরিণতি কী হবে, কেউ জানে না। হামলা হলে মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঘটবে। পরিস্থিতির ওপর থেকে সবাই নিয়ন্ত্রণ হারাবে। বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ বাড়বে, আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে।
প্রশ্ন: রাশিয়া কি আপনাকে আশ্বস্ত করেছে যে হামলা না চালানোর ব্যাপারে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করিয়ে দেবে?
বাশার: যুক্তরাষ্ট্রকে কেউ বিশ্বাস করতে পারে, তা আমি মনে করি না। ওয়াশিংটন সকালে এক অবস্থান নেয়, সন্ধ্যায় তা পরিবর্তন করে।
প্রশ্ন: বর্তমান সংকটের বিরুদ্ধে লড়তে কী প্রস্তুতি নিয়েছেন?
বাশার: আমাদের হাতে দুটি বিকল্প রয়েছে। হয় সন্ত্রাসবাদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে, নয়তো আত্মসমর্পণ করতে হবে। এই অঞ্চলের ইতিহাসে আত্মসমর্পণের বিষয়টি নেই। কেউ আত্মসমর্পণ করেনি, করবেও না।
ভাষান্তর: মাহফুজার রহমান