যাহা বলিব মিথ্যা বলিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বন্ধু অয়ন সরকার। অয়ন সম্পর্কে আমরা একটা কথা প্রায়ই বলতাম, মানুষ মাঝেমধ্যে মিথ্যা বলে। আর অয়ন মাঝে-মধ্যে সত্যি বলে। মিথ্যা বলাটাকে সে শিল্পের কাছাকাছি নিয়ে গিয়েছিল। এভাবে অবলীলায় মিথ্যা বলা নিয়ে অয়নের মধ্যে অবশ্য কোনো লজ্জা ছিল না। তার যুক্তিটাও পরিষ্কার, ‘সরকার’ কখনো সত্যি বলে না! এই পৃথিবীতে নাকি তিন ধরনের মিথ্যাবাদী আছে: এক নম্বর. যাকে অন্যরা বিশ্বাস করে না; দুই নম্বর. যে অন্যদের বিশ্বাস করে না এবং তিন নম্বর. যে নিজেই নিজেকে বিশ্বাস করে না। বলা বাহুল্য, অয়ন সরকার তিন নম্বরেই পড়ে।একটা কৌতুক মনে পড়ে গেল। এক প্রবাসী চাকরিজীবী তার বসের কাছে ছুটির আবেদন জানিয়ে বলেছে, ‘স্যার, আমাকে ছুটি দিন। দেশে আমার বউ খুবই অসুস্থ।’ সেই বস জানতেন এই কর্মচারী সুবিধার না। খালি মিথ্যা বলে। তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ‘মিথ্যা বলার দরকার নাই। তোমার বউ মাত্রই দুই দিন আগে আমাকে চিঠি পাঠিয়েছে, বলেছে, বাড়িতে ছুটিতে গেলেই তুমি নাকি মদটদ খেয়ে চরম মাতলামি করো। তোমাকে যেন ছুটি না দেওয়া হয়।’ বেচারা কর্মচারী মন খারাপ করে ফিরে যাচ্ছিল। কী মনে করে যেন ফিরে এসে বলল, ‘স্যার, কিছু মনে করবেন না। এই পৃথিবীতে আমি দুজন মহা মিথ্যাবাদী দেখেছি, এক আমি, অন্যজন আপনি। আমার বউ আপনাকে চিঠি দিছে? আরে আমি তো এখনো বিয়েই করি নাই!’সে যাই হোক, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, মিথ্যা বলায় পুরস্কারের ব্যবস্থা থাকলে নোবেল, পুলিৎজার, অস্কার, কান—সবই জিতত অয়ন। বেচারা অয়ন, তোর আর ভাত নাই। কিছুদিন ধরে যেভাবে চারপাশে বাংলাদেশের একটি বিশেষ দলের মিথ্যাচার দেখতেছি, তাতে নোবেল, পুলিৎজার, অস্কার, কান, নাক-চোখ-মুখ এবং আরও যা যা পুরস্কার আছে, সবকিছুরই একমেবাদ্বিতীয়ম দাবিদার এখন এরাই। পিনোকিও বলে একটা রূপকথার চরিত্র আছে। বেচারা মিথ্যা বলতে পারে না। মিথ্যা বললেই নাক লম্বা হয়ে যায়। ফলে সহজেই বোঝা যায় পিনোকিও মিথ্যা বলছে। তার খুব শখ বিনা ঝামেলায় মিথ্যা বলবে। তো একদিন পিনোকিও, সিনডারেলা আর সুপারম্যানের সঙ্গে ইচ্ছাপূরণ দেবীর দেখা হয়ে গেল। সিনডারেলা বলল, ‘আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হতে চাই।’ সুপারম্যান বলল, ‘আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ হতে চাই।’ পিনোকিও বলল, ‘আমি এই পৃথিবীর সবচেয়ে সেরা মিথ্যাবাদী হতে চাই।’ ইচ্ছাপূরণ দেবী বললেন, ‘ওই ঘরে যাও। গিয়ে তোমার ইচ্ছার কথা বলো। পূরণ হয়ে যাবে।’ প্রথমে সেই ঘরে গেল সিনডারেলা। কিছুক্ষণ পর খুশিতে নাচতে নাচতে বের হয়ে বলল, ‘ইয়াহু, আমিই এখন এই পৃথিবীর সেরা সুন্দরী।’ এর পর গেল সুপারম্যান। কিছুক্ষণ পর সেও নাচতে নাচতে বের হয়ে এসে বলল, ‘ইয়াহু, আমিই এখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী।’ এরপর গেল পিনোকিও। সে বের হয়ে এল বিরস বদনে। বলল, ‘শিট! আচ্ছা, এটা ভাই কোন শিবির বলতে পারেন?’