যাহা রটে তাহা কিছু কিছু বটে
মাননীয় এমপি আজগর আলী সাহেবের আজ অবসর। মানে কোথাও কোনো মিটিং নেই, দলীয় কোনো কাজ নেই, লাল-নীল-বেগুনি ফিতা কাটা নেই, নেই সংসদ অধিবেশন। আজ সারা দিন তিনি বাড়িতে থাকবেন। এ কথা ভেবে প্রথমটায় খুশি হয়েছিলেন। এ রকম অবসরজীবনে খুব একটা পান না। কিন্তু সকাল দশটার পর থেকেই তিনি লক্ষ করলেন, তাঁর আর ভালো লাগছে না। মনে হচ্ছে, অবসরের চেয়ে বক্তব্য আর ফিতা কাটাতেই সুখ। স্ত্রী গুলমান বেগমের সঙ্গে তাঁর গল্প করতে ইচ্ছা হচ্ছে। কিন্তু তিনি সাহস পাচ্ছেন না কিছু বলতে। স্ত্রীর অহেতুক ধমক-ধামকের স্বভাব। সাত-পাঁচ ভাবতে ভাবতে বললেন, ‘এক কাপ চা দাও না!’ অমনি স্ত্রী জ্বলে উঠলেন, ‘আমাকে তুমি তেমার চামচা মনে করো নাকি যে যখন খুশি আদেশ করে বসবে? সকালে এক কাপ চা খেয়েছ, আর বিকেলে এক কাপ খাবে। এখন চোখের সামনে থেকে দূরে গিয়ে বসো।’এমপি সাহেবের মনটা একটু খারাপ হলো। মন খারাপ নিয়ে তিনি এসে বসলেন ড্রইং রুমে। পিএস জামাল পাটোয়ারি তাঁর ঘরেই আছেন। হঠাৎ তাঁর ইচ্ছে হলো জামাল পাটোয়ারিকে ডেকে একটু গল্প করতে। কিন্তু ইচ্ছেটাকে দমিয়ে রাখলেন। ও ব্যাটার সঙ্গে গল্প মানেই কবে কোন পত্রিকায় কী লিখেছে তা নিয়ে কচকচানি। তাঁকে অনেকবার বলেছেন, পত্রিকায় যা লেখে তা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। ওসব নিয়ে আলোচনার কোনো মানে হয় না। কিন্তু জামাল তা শোনেন না। তিনি শুরু করে দেন, ‘স্যার, কালকের পত্রিকায় দেখলাম লিখছে, আপনার নাকি সন্ত্রাসী বাহিনী আছে। পরশুর পত্রিকায় লিখছে, আপনি নাকি তিন কোটি টাকা খরচ করে একটা বাঁশের পুল বানিয়েছেন।’ডাকব না ডাকব না করেও এমপি সাহেব কলবেল টিপে দিলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন জামাল পাটোয়ারি। এমপি সাহেব বললেন, ‘আমার যে এখন সময় কাটছে না!’‘স্যার, চা খান আর পত্রিকা পড়েন।’‘চা খাওয়া যায়, তবে পত্রিকা পড়ব না। কিন্তু চা দেবে কে?’‘স্যার, আমি বানিয়ে দিচ্ছি।’‘তুমি ভেতর মহলে যাবে চা বানাতে? ম্যাডাম তো খেপে যাবেন।’‘ভেতর মহলে যাব না, স্যার। আমার ঘরে চা তৈরির সব উপাদান আছে।’জামাল পাটোয়ারি আদা ও গরম মসলা দিয়ে দুই কাপ চা বানিয়ে আনলেন। চায়ে চুমুক দিয়ে এমপি সাহেবের মনটা চাঙা হলো। জামাল বললেন, ‘স্যার, গতকালের পত্রিকায় দেখলাম লিখেছে, আপনি নাকি বলেছেন এই এলাকায় কোনো সাংবাদিক ঢুকলে তার ঠ্যাং লুলা করে দেবেন!’‘তোমাকে না বলেছি পত্রিকার কথা বিশ্বাস করবা না?’‘বিশ্বাস আমি করি না, স্যার। কিন্তু অনেক সময় জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’‘কোন জনগণ? যে ব্যাটা আমার চরিত্র আর কাজকর্ম নিয়া প্রশ্ন করবে, তাকে চিহ্নিত করবা। তারপর কী প্যাঁদানি দিতে হয়, সেইটা আমি দেখব।’‘স্যার, পরশুর পত্রিকায় দেখলাম লিখেছে, কলেজের অধ্যক্ষকে ধমক দিয়ে আপনি কলেজের তিনটা ভবন নির্মাণের টেন্ডার আপনার লোকদের দিয়ে দিয়েছেন।’‘মিথ্যা খবর, ডাহা মিথ্যা খবর, উদ্দেশ্যপ্রণোদিত খবর। আমি ধমকটমক কিছুই দিই নাই। আমি অধ্যক্ষ সাবের পিঠে হাত বুলায়া বলছি, আপনি শিক্ষক মানুষ, আপনার কাজ ছাত্র পড়ানো। ভবন নির্মাণ আপনার কাজ না। সেটা আমি করব।’‘স্যার, পত্রিকায়...।’‘জামাইল্ল্যা, তোমাকে কতবার বলেছি পত্রিকায় কী লিখল, তা নিয়া মাথা ঘামাইবা না? তবু তুমি...! সাংবাদিকদের তো বেতন পাইতে হইব। আওফাও লিখা পাতা না ভরলে ওরা বেতন পাইব? তুমি বরং শিল্প-সাহিত্য নিয়া আলোচনা করো। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বক্তব্যের মধ্যে সাহিত্য ঢুকায়া দিব। আচ্ছা, রবীন্দ্রনাথের রোমান্টিক কবিতার বই শেষের কবিতাটা কি জোগাড় করতে পারবা?’‘স্যার, যদি এই নামে রবীন্দ্রনাথের কোনো কবিতার বই থাকে তো জোগাড় করব।’‘থাকে তো মানে? তুমি কি শেষের কবিতা বইটার নাম শোনো নাই? এই বইয়ের কবিতাগুলাই তো কবিকে রোমান্টিক খ্যাতি দিয়েছে। শোনো, শেষের কবিতা বইটা কেনার সময় একটা বাংলা ডিকশনারি আইনো। এই দাড়িওয়ালা ব্যাটার ভাষা খুবই কঠিন। এই লেখাগুলা মানুষকেমনে বুঝল আর তারে বিখ্যাত বানাইল, বুঝি না। ও ভালো কথা, কাল না একটা কবরস্থান উদ্বোধন করতে হইব?’‘জি স্যার, বেলা এগারোটায়...।’‘তুমি জসীম সাবের ‘কবর’ কবিতাটি জোগাড় করতে পারবা? আমি সেখানে এর কয়েকটা লাইন পড়তে চাই।’‘স্যার, এটা তো আপনাদের সময় পাঠ্য ছিল।’‘পাঠ্য ছিল তাতে কী হইছে? তখন কি বই পড়ার সময় পাইছি? তুমি জানো না, আমি সংগ্রামী, ত্যাগী ও আদর্শ ছাত্রনেতা ছিলাম? সংগ্রামী, ত্যাগী ও আদর্শ ছাত্রনেতারা কি বই পড়ার সময় পায়?’‘জি না, স্যার, সংগ্রামী, ত্যাগী ও আদর্শ ছাত্রনেতাদের বই পড়ার সময় থাকে না। কবিতাটা আমার মুখস্থ আছে। আমি আপনাকে লিখে দেব।’‘আর শোনো, কাল ওই কবরস্থানের ধারেকাছে যেন কোনো সাংবাদিক আসতে না পারে। আমার বাহিনীরে রেডি রাখবা। শেষে কি-না-কি লেইখা দিব।’‘জি স্যার, আমি সব ঠিক করে রাখব।’এমন সময় এমপি সাহেবের স্ত্রী গুলমান বেগম ছুটতে ছুটতে এসে হাসিমুখে বললেন, ‘এমন একটা খবর তুমি আমাকে বলোনি!’‘কী খবর তোমাকে বলিনি?’‘সেকি, তুমি আজ পত্রিকা দেখোনি?’‘না, তুমি তো জানো আমি পত্রিকা পড়া পছন্দ করি না। ওরা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত...।’‘পত্রিকায় লিখেছে, ওপর মহল থেকে তোমাকে নাকি মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি-উপ না, খাস মন্ত্রী।’‘তাই নাকি! আরে, এমন খবর তুমি আগে বলবা না? পত্রিকাটা আনো দেখি।’জামাল পাটোয়ারি বললেন, ‘স্যার, উত্তেজিত হবেন না। পত্রিকায় কি-না-কি...।’‘কি-না-কি মানে? তুমি সাংবাদিকদের চেনো? ওরা বিশ হাত মাটির নিচের খবরও বের করে ফেলে। কোনো ইঙ্গিত না পাইয়াই ওরা লিখছে? তুমি সেই প্রবাদটা জানো না, যাহা রটে তাহা কিছু কিছু বটে। আবুল কালাম আজাদতেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।