যিনি কাঁদতে পারতেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বোনো, কেপ টাউন, ২০০৩
নেলসন ম্যান্ডেলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বোনো, কেপ টাউন, ২০০৩

আইরিশ গায়ক, সংগীতজ্ঞ ও অধিকারকর্মী বোনোর সঙ্গে নেলসন ম্যান্ডেলার ছিল দীর্ঘদিনের মৈত্রী। বোনো নামে খ্যাত পল ডেভিড হেওসন ডাবলিনভিত্তিক রক ব্যান্ড ইউটুর গায়ক ও গীতিকার। তিনি মাদিবার স্মৃতিচারণ করেছেন টাইম সাময়িকীতে
নেলসন ম্যান্ডেলা আমাকে যা বলেছিলেন, তা আমি একজন সক্রিয় কর্মী হিসেবে সেই কৈশোর থেকেই অনুসরণ করছি। আমার জীবনে তাঁর দাপুটে উপস্থিতি ১৯৭৯ সাল থেকে, যখন বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থনে ‘ইউটু ব্যান্ড’ প্রথম প্রয়াস পায়। তা ছাড়া ম্যান্ডেলা আইরিশ চেতনার অংশ হয়ে আছেন আরও দীর্ঘ সময় ধরে। জাতিগত সংখ্যালঘুদের দমিয়ে রাখার বিষয়টি আয়ারল্যান্ডের জনগণ খুব সহজেই বুঝতে পারে। আমাদের দৃষ্টিকোণ থেকে, মুক্তির দীর্ঘ পথ পাড়ি দিতে দক্ষিণ আফ্রিকা রক্তাক্ত হবে—সেই প্রশ্নের জবাবটা বিমূর্ত নয়।
কয়েক বছরে আমরা পরস্পরের বন্ধু হয়ে উঠি। দক্ষিণ আফ্রিকার নেতা হিসেবে তাঁর সুনিপুণ দক্ষতায় আর সবার মতোই আমিও সম্মোহিত হলাম। তারপর তিনি বর্ণবাদবিরোধী লড়াইয়ে সাফল্য পেলেন। তাঁর কার্যক্রম বিস্তৃত হলো এইডসে আক্রান্তদের বেঁচে থাকার সংগ্রামসহ এই গ্রহের দরিদ্রতম মানুষদের মর্যাদা আদায়ের মতো বৃহত্তর লক্ষ্যে।
দারিদ্র্যকেও একই সংগ্রামের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিলেন ম্যান্ডেলা। ২০০৫ সালে তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ...দারিদ্র্যের কারাগারে আটকা পড়ে আছে। এখন তাদের মুক্ত করে দেওয়ার সময় এসেছে।’ আরও বললেন, ‘দাসপ্রথা ও বর্ণবাদী বৈষম্যের মতো দারিদ্র্যও কোনো প্রাকৃতিক সমস্যা নয়। এটি মানুষের তৈরি এবং এই সমস্যা দূর করা যেতে পারে...কখনো কখনো কোনো প্রজন্মের ওপর মহান হওয়ার দায়িত্ব বর্তায়। তোমরা সেই মহান প্রজন্ম হতে পারো।’
মহান হওয়ার ব্যাপারটি ম্যান্ডেলার মধ্যেও নিশ্চয়ই ছিল। চরম দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে তাঁর ভূমিকা ছিল সংকটপূর্ণ। একটি গভীরতর ঋণ প্রত্যাহার, সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা, বাণিজ্য ও বেসরকারি বিনিয়োগ চালু এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। তাঁর নেতৃত্ব ছাড়া বিশ্বে এইডসে আক্রান্তদের চিকিৎসাসেবা গ্রহীতার সংখ্যা বেড়ে ৯৭ লাখ এবং শিশুমৃত্যু ২৭ লাখে নামিয়ে আনার মতো কাজ কি গত এক দশকে সম্ভব হতে পারত? ম্যান্ডেলাকে ছাড়া আফ্রিকা কি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে শ্রেষ্ঠ দশকটি অর্জন করতে পারত? তাঁর অপরিহার্যতা গাণিতিকভাবে প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু আমি জানি, আমি কী বিশ্বাস করি...

দক্ষিণ আফ্রিকায় যুগসন্ধিক্ষণে কী ঘটেছিল এবং কী ঘটেনি—কেবল তার মধ্য দিয়েই ম্যান্ডেলা একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু আফ্রিকাকে একটি বিশৃঙ্খলাপূর্ণ মহাদেশ থেকে অনেক বেশি কল্পনা-রঙিন (রোমান্টিক) দৃষ্টিতে বদলে ফেলার প্রয়াসে ম্যান্ডেলার কৃতিত্ব অন্য যেকোনো ব্যক্তির চেয়ে বেশি। আফ্রিকার ভূ-প্রকৃতির প্রতি সম্মান এবং সেখানকার দরিদ্রতর বাসিন্দাদের মর্যাদা রক্ষার প্রচেষ্টায় তিনি ছিলেন অবিচল। তিনি একজন কঠোর বাস্তববাদীও ছিলেন, যেমনটি তাঁর অর্থনৈতিক পদক্ষেপে দৃশ্যমান হয়। তাঁর কাছে তত্ত্ব ও বাস্তববাদিতার মধ্যে কোনো শত্রুতা নেই; বরং এরা পরস্পরসম্পর্কিত। অকপটতা ছাড়াই তিনি ছিলেন একজন আদর্শবাদী, আপস না করেও ছিলেন একজন সমঝোতাকারী।
‘আফ্রিকা রাইজিং’ কথাটির প্রচলনের কৃতিত্ব নিশ্চিতভাবেই মাদিবাকে দিতে হয়। নিজ গোষ্ঠীতে তাঁর নাম ছিল মাদিবা। এখন এই নামেই তিনি সমধিক পরিচিত। তাঁর মহাদেশ একুশ শতকে সাফল্যের শিখরে পৌঁছাবে—এ ব্যাপারে তাঁর কোনো সন্দেহ ছিল না: ‘আমরা কেবল প্রাচীনতম ইতিহাসের ধারক জনগণই নই’, তিনি আমাকে বলেছিলেন, ‘আমাদের রয়েছে উজ্জ্বলতম ভবিষ্যৎ।’ তিনি জানতেন আফ্রিকা তেল, গ্যাস, খনিজ, ভূমি এবং সর্বোপরি, মানবসম্পদে সমৃদ্ধ। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও জানতেন, ‘আমাদের ঔপনিবেশিক অতীতের কারণে, আফ্রিকানরা এখনো ঠিক বিশ্বাস করতে পারে না যে এসব মূল্যবান সম্পদের মালিকানা আসলে তাদেরই।’ হাসতে হাসতে তিনি আরও বলেছিলেন, ‘বিষুবরেখার উত্তরের অনেক লোকই তাদের এ ধারণার সঙ্গে একমত হবে।’
তিনি ছিলেন রসবোধ ও নম্রতার ধারক এবং তাঁর সাক্ষাৎপ্রার্থী সারিবদ্ধ বিশ্বনেতাদের চেয়ে একজন অধিকতর চৌকস ও আকর্ষণীয় মানুষ। তিনি অতিথিদের অনেকের সঙ্গে মজা করে বলতেন, ‘আপনার মতো একজন ক্ষমতাধর ব্যক্তি আমার মতো একজন বুড়ো বিপ্লবীর কাছে কী চান?’
তিনি নিজের আওতার বাইরেও মুগ্ধতা ছড়িয়ে দিতে পারতেন—এমনকি উড়ন্ত পাখিদের মধ্যেও। একবার আমায় বললেন, তাঁর ফাউন্ডেশনে কীভাবে মার্গারেট থ্যাচার ব্যক্তিগতভাবে ২০ হাজার ব্রিটিশ পাউন্ড দান করেছিলেন। আমি রুদ্ধশ্বাসে তাঁকে জিজ্ঞেস করলাম, ‘কীভাবে আপনি এটা সম্ভব করলেন?’ ‘লৌহমানবী’ নামে খ্যাত প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী থ্যাচারকে একজন কঠোর মিতব্যয়ী হিসেবেই জানে সবাই। ম্যান্ডেলা হাসিমুখে বললেন, ‘আমি তাঁকে (থ্যাচার) বললাম, ‘আপনি যা চান সেটা না বললে কখনো পাবেন না।’ তারপর ম্যান্ডেলা কণ্ঠস্বর নামিয়ে একজন ষড়যন্ত্রকারীর কায়দায় বলেন, তাঁর (থ্যাচার) দানের বিষয়টি নিয়ে দলের (ম্যান্ডেলার) অনেকেই বিরক্ত। তাঁদের অভিযোগ, ‘তিনি (থ্যাচার) কি আমাদের আন্দোলন নস্যাৎ করে দিতে চাননি?’ তখন ম্যান্ডেলার উত্তর: ‘ডি ক্লার্ক কি আমাদের লোকজনকে মাছির মতো মেরে শেষ করেননি? অথচ আমি আগামী সপ্তাহেই তাঁর সঙ্গে চা পান করতে যাচ্ছি...আর সেই বিলটা তিনিই দেবেন।’ (অন্যান্য সময় আমি শুনেছি, ম্যান্ডেলা কীভাবে এফ ডব্লিউ ডি ক্লার্কের প্রশংসা করতেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগের সর্বশেষ প্রেসিডেন্ট, যিনি পালানোর নিজস্ব পথ খুঁজে নিয়েছিলেন: আত্ম-অহংকারবোধ থেকে)।
লোকদেখানো ধর্মাচরণ বা নৈতিকতা ছাড়াই এক গৌরবময় জীবন কাটিয়ে গেছেন ম্যান্ডেলা। চেষ্টা করে দেখুন; ব্যাপারটা মোটেও সহজ নয়। ধর্মানুরাগের অভাবের কারণেই তিনি সাবেক শত্রুদের সঙ্গেও বন্ধুত্ব গড়তে পেরেছিলেন। বর্ণবাদবিরোধী শিল্পীদের প্রতি ১৯৮৫ সালে স্টিভ ভন জান্ডটসের আহ্বানে ইউটু ও ব্রুস স্প্রিংস্টিন সাড়া দেয় এবং ‘সান সিটি’ শিরোনামের গানটি রেকর্ড করে। সান সিটি তৈরি হয়েছিল বতসোয়ানার সীমান্তে দক্ষিণ আফ্রিকার সাংস্কৃতিক বর্জনের চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। সেখানে সোল কার্জনারের ক্যাসিনোটি একটি ব্যস্ত স্থানে পরিণত হয়েছিল। বহু বছর পর, যখন আমি সংগীত প্রযোজক কুইনসি জোনসকে তাগিদ দিই কার্জনারের সঙ্গে তাঁর বন্ধুত্বের ব্যাপারে, কুইনসি জবাব দেন, ‘তুমি ম্যান্ডেলার সম্পর্কে কিছুই জানো না। জানো কি? সোল কার্জনারকে ডাকার সাত দিন আগ পর্যন্ত তিনি কারামুক্ত হননি। তখন থেকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে সহায়তাকারী সেরা ব্যক্তিদের একজন হয়ে যান সোল।’ আমার অনুভূতি হলো সেই জাপানি সেনার মতো, যিনি অরণ্য থেকে ১৯৫০ সালে বেরিয়ে আসেন। তখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছিলেন তিনি।
হাসিই ছিল মাদিবার পছন্দের পথ, অশ্রু নয়, একমাত্র সেই ক্ষণটি ছাড়া যখন আমি তাঁকে দেখেছিলাম প্রায় শ্বাসরুদ্ধ অবস্থায়। সেটা ছিল রোবেন দ্বীপে, যেখানে তিনি মোট ২৭ বছরের বন্দিজীবনের ১৮টি বছর কাটিয়েছিলেন। তিনি তখন ব্যাখ্যা করছিলেন এইডসের মহামারিতে আফ্রিকায় এত বেশি মানুষের প্রাণহানির জবাবে একটি সমাবেশে নিজের কয়েদি নম্বরটি—৪৬৬৬৪ ব্যবহারের সিদ্ধান্তের কারণ কী ছিল। বন্দিনিবাসে ম্যান্ডেলার সঙ্গীদের একজন আমায় বলেছিলেন, পাথরের খনিতে কাজ করার চড়া মূল্য দিতে হয়েছিল ম্যান্ডেলাকে। কেবল তিক্ততা বা অন্ধত্বের মতো বড় সমস্যা ছাড়াও তাঁর বড় ক্ষতি হয়েছিল দিনের পর দিন উজ্জ্বল আলোর প্রতিফলনের মধ্যে চোখ মেলে কাজ করার জন্য। ম্যান্ডেলা তখনো দেখতে পেতেন, কিন্তু অশ্রুর নির্গমনপথে ধূলি জমতে জমতে একপর্যায়ে তিনি কান্নার ক্ষমতা হারিয়ে ফেলেন। মানুষটির মধ্যে যাবতীয় দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি থাকলেও, তিনি নিজের প্রতি সন্দেহ বা দুঃখবোধের মুহূর্তে কাঁদতে পারতেন না।
সমস্যাটি দূর করতে ১৯৯৪ সালে তাঁর চোখে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পর থেকে তিনি কাঁদতে পারেন।
আজ, আমরাও পারি।
 ইংরেজি থেকে ভাষান্তর: আশিস আচার্য