
সলিল চৌধুরী সংগীতে প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল ঘটিয়েছেন। সে কারণেই তাঁর গান সাধারণ মানুষ গ্রহণ করেছে। আধুনিক বাংলা গানের নতুন ধরার প্রবর্তন হয়েছে তাঁরই হাতে। ভারতের কিংবদন্তি সংগীতজ্ঞ সলিল চৌধুরীকে নিয়ে লেখা শৈবাল চৌধুরীর বই যিনি ঝড়ের কাছে রেখে গেলেন নিজের ঠিকানার পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
২২ আগস্ট বিকেল সাড়ে চারটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে এই পাঠ উন্মোচনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অনুষ্ঠানের শুরুতে বইটি পাঠের অভিজ্ঞতা তুলে ধরেন কবি ও সাংবাদিক সিদ্দিক আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের প্রধান উপদেষ্টা বিধান বড়ুয়া।
বই নিয়ে আলোচনা করেন সংগীতজ্ঞ মিহির নন্দী, কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম, ছোট পত্রিকা নির্মাণ–এর সম্পাদক রেজাউল করিম সুমন, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ। শেষে লেখক শৈবাল চৌধুরী তাঁর বইটি লেখার পটভূমি তুলে ধরেন। আলোচনার পাশাপাশি শৈবাল চৌধুরীর বই থেকে পাঠ করে শোনান আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সলিল চৌধুরী সুরারোপিত ও রাজেন তরফদার পরিচালিত গঙ্গা চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি।