যুক্তরাজ্য ও ভারতে বৃত্তির খোঁজ
অ্যাকচুয়ারিয়াল সায়েন্স
অ্যাকচুয়ারিয়াল সায়েন্স মূলত গণিত ও পরিসংখ্যাননির্ভর একটি বিষয়। বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে অ্যাকচুয়ারিরা কাজ করতে পারেন। তাঁরা অর্থনৈতিক ঝুঁকি ও ক্ষতির আশঙ্কা কমানোর পাশাপাশি ব্যবসা বাড়ানোর প্রক্রিয়া খুঁজে বের করেন। বাংলাদেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে বৃত্তি দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়ে যাঁরা ২ বছর মেয়াদি স্নাতকোত্তর করতে চান, তাঁরা আবেদন করতে পারেন। যুক্তরাজ্যের সিটি, ইউনিভার্সিটি অব লন্ডনের বায়েস বিজনেস স্কুলে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকলে বৃত্তির জন্য আবেদন করা যাবে। বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিকে পড়ালেখা শেষে দেশে ফিরে অন্তত ১০ বছর দেশের বিমা খাতের সঙ্গে যুক্ত থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। www.fid.gov.bd ও www.idra.org.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করা যাবে। আবেদন করতে হবে আগামী ৩০ জুনের মধ্যে।
সুবর্ণজয়ন্তী বৃত্তি
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এই বৃত্তির আওতায় এক হাজার জনকে ভারতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। সাধারণত ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ৫০০টি বৃত্তি। বাকি ৫০০টি সরকারি কর্মকর্তাদের জন্য। বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা পূর্ণবৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর অর্থবা পিএইচডি পর্যায়ে পড়তে পারবেন। আগ্রহীদের আবেদন করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে www.sjsdhaka.gov.in ঠিকানায়।