যুক্তরাজ্যে ছাত্র বিক্ষোভের নেপথ্যে
১৯৯৭ সাল পর্যন্ত কলেজে পড়ার জন্য ব্রিটিশ শিক্ষার্থীদের প্রায় কিছুই ব্যয় করতে হয়নি। ব্রিটিশ সরকার জাতীয় বাজেটে এ জন্য বরাদ্দ রাখত। ১৯৯৬ সালে রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী জন মেজর বাধ্যতামূলক টিউশন ফি চালুর একটি প্রস্তাব অনুমোদন করেন। এরপর ব্রিটেনের কলেজগুলোয় পড়াশোনার খরচ রাতারাতি বেড়ে যায়। সেও না হয় গা-সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু এবার একেবারে হঠাৎ করে টিউশন ফি দ্বিগুণ করায় (সর্বোচ্চ ফি বেড়েছে তিনগুণ) ছাত্রসমাজের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক। ট্রাফালগার স্কয়ার ও পার্লামেন্ট চত্বরসহ লন্ডনের বিভিন্ন স্থানে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, তা নিশ্চয়ই নগরবাসী বহুদিন মনে রাখবে। ছাত্র বিক্ষোভ হয়েছিল দেশের অন্যান্য স্থানেও।ঘটনার সূত্রপাত ৯ ডিসেম্বর বিকেলে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ টিউশন ফি তিনগুণ বাড়িয়ে ১৫ হাজার ডলার নির্ধারণ করে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে কিছুক্ষণ আগেই। এ খবর পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই সহিংস হয়ে ওঠে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ। শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। পার্লামেন্ট স্কয়ার ও ওয়েস্ট মিনিস্টার অ্যাবি পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইস্পাতের প্রতিবন্ধকতা ভেঙে, সেই ইস্পাতখণ্ড দিয়ে ভাঙচুর করেন। তাঁরা এতটাই খেপে গিয়েছিলেন যে জাতীয় নেতা উইনস্টন চার্চিলের মূর্তিতে মূত্রত্যাগ করতেও দ্বিধাবোধ করেননি। স্ত্রী ক্যামিলাকে নিয়ে থিয়েটার দেখতে যাওয়ার পথে বিক্ষোভকারীদের রোষের শিকার হন খোদ প্রিন্স চার্লস। এক ধাক্কায় টিউশন ফি ২০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে অনেক ব্রিটিশ শিক্ষার্থীই প্রতারিত বোধ করছেন। লন্ডনের কোটল্ড ইনস্টিটিউট অব আর্টের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ডেইজি জোন্স বলেন, শিক্ষার ভিত্তি হওয়া উচিত সামাজিক মূল্যবোধ। অর্থ ও লাভক্ষতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা থাকা উচিত নয়। বিক্ষোভ-সমালোচনা সত্ত্বেও ব্রিটিশ সরকার টিউশন ফি বাড়ানো নিয়ে নিজের সিদ্ধান্তে অনড়। সরকারের বক্তব্য, তাদের প্রস্তাব সবার জন্য ন্যায্য। কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের এক বছরের টিউশন ফি রাষ্ট্র বহন করবে। ৮ ডিসেম্বর লন্ডনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, নতুন ফি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় খাতকে গতিময় করবে, যা তাদের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম করে তুলবে। তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় ধনী পরিবারের শিক্ষার্থীদের বেশি আর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কম অর্থ দিতে হবে। তাই এই ফি বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় ন্যায্যতা ফিরিয়ে আনবে।কিন্তু প্রধানমন্ত্রীর কথায় ভুলতে রাজি নন ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ছাত্র অ্যালেক্সিজ উলব্রিখট। তিনি মনে করেন, বর্ধিত টিউশন ফির কারণে ব্রিটেনে উচ্চশিক্ষা বিলাসিতায় পরিণত হবে। সরকারের ওই বিশেষ ঋণ নামমাত্র সুদে পরিশোধের সুযোগ পান শিক্ষার্থীরা। কর্মজীবনে প্রবেশ করার পর বেতন বছরে একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছলে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে শুরু করেন তাঁরা। সম্প্র্রতি সহিংস বিক্ষোভের পর সরকার ঋণ পরিশোধের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বেতন যে অঙ্কে উঠলে ঋণ শোধ শুরু করার বাধ্যবাধকতা আরোপিত হয় তার হার বাড়ানো হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য ব্যাপারটা আরেকটু সহনীয় হবে। ২০১২ সালে এই নতুন নিয়ম চালু হবে।প্রায় নজিরবিহীন এ সহিংসতা-ভাঙচুরের জন্য কি শুধু ছাত্ররাই দায়ী—অনেকেই এ প্রশ্ন তুলেছেন। যেসব ঘটনা ঘটেছে তাতে শুধু ছাত্র নয়, উগ্রপন্থী নৈরাজ্যবাদীদের দিক থেকে রক্ষণশীল দলের নেতৃত্বাধীন জোট সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া উগ্র বামপন্থী গোষ্ঠীগুলো ছাত্রদের আন্দোলনকে ‘হাইজ্যাক’ করতে চাচ্ছে বলেও মনে করছেন অনেকে।উগ্রপন্থীদের কথিত এ ভূমিকা মূলধারার ছাত্র সংগঠনগুলোর জন্য দুঃসংবাদ। নৈরাজ্যবাদীদের কার্যকলাপ তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।