যুক্তরাজ্যের দুই অর্থনীতি
উত্তর লন্ডনের লিসন গ্রোভ এলাকার একটি মুদি দোকান। দোকানটির ভেতরে আলো একটু কমই। কারণ, সামনের কাচের দেয়ালের প্রায় পুরোটা জুড়ে সেঁটে রাখা অজস্র কাগজের স্লিপ। তাতে লেখা নিয়মিত খদ্দেরদের কাছে বাকিতে বিক্রির হিসাব। কোনোটিতে শুধু আধা কেজি মাংস, কোনোটিতে বা রুটি ও কয়েকটি ডিমের দাম। সবগুলো স্লিপে লেখা দাম যোগ করলে দাঁড়াবে বড়জোর শ চারেক পাউন্ড। লিসন গ্রোভ এলাকার অর্থনৈতিক অবস্থা কতটা বিপর্যস্ত, তা বোঝাতে এর চেয়ে ভালো প্রমাণ আর হয় না। ‘এখন অবস্থা খুবই খারাপ’, বললেন লিসন গ্রোভের ওই মুদি দোকানের মালিক আলী ফারহাত। প্রতিদিন এলাকার বেশ কয়েকজন মানুষ কাজের খোঁজে তাঁর কাছে আসেন। কিন্তু তাঁদের ফিরিয়ে দিতে হয়। গত দুই বছরে ব্যবসা ৩০ শতাংশ কমেছে বলে দাবি করলেন ফারহাত।চলমান আর্থিক মন্দার পরিপ্রেক্ষিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের এই অবনতিশীল অবস্থার জন্য কারা দায়ী, তা নিয়ে যুক্তরাজ্যে এখন তুমুল বিতর্ক চলছে। ধর্মীয় নেতা ক্যান্টারবেরির আর্চবিশপ রোয়ান উইলিয়ামস বলেছেন,সরকারের ব্যয় সংকোচন নীতির কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।লিসন গ্রোভ ইংল্যান্ডের দরিদ্রতম এলাকাগুলোর একটি। এখানকার প্রায় ৯৫ শতাংশ শিশু দারিদ্র্যের শিকার। এর মাত্র আধা কিলোমিটার দূরেই সেন্ট জনস উড এলাকা। সেখানে ধনী ব্যাংক কর্মকর্তা ও ফুটবল ক্লাবগুলোর কর্মকর্তাদের বাস। এসব এলাকা দেখলে বোঝার উপায় নেই, যুক্তরাজ্যে জীবনযাত্রার মানের বিষয়টি এখন ১৯২০-এর দশকের পর থেকে সবচেয়ে চাপের মুখে রয়েছে। সেন্ট জনস উডে এক কেজি অ্যাপ্রিকট বিক্রি হয় ৮০ পাউন্ডে। মাঝারি মানের বাড়ির দাম এক কোটি থেকে এক কোটি ৬০ লাখ পাউন্ড।লন্ডনে এক বর্গকিলোমিটার এলাকার মধ্যেই প্রাচুর্য ও দারিদ্র্যের অবস্থানের বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। আগেও এটা ছিল। তবে পরিবর্তন যা হয়েছে, তা হলো বৈষম্যের মাত্রা। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর থেকে তা তীব্রতর হয়েছে। পরিসংখ্যানও তা-ই বলে। লন্ডনের ‘গিনি স্কোর’ ২০০২ সালের ৩৪ থেকে ২০১০ সালে ৩৬ ছাড়িয়ে গেছে। গিনি স্কোর-এ ০ থেকে ১০০ মাত্রায় বৈষম্য পরিমাপ করা হয়। এটি ওইসিডির গড় প্রায় ৩২-এর অনেক ওপরে।শেফিল্ড ইউনিভার্সিটির নগর বৈষম্যবিষয়ক বিশেষজ্ঞ ড্যানি ডরলিংয়ের পরিসংখ্যানে দেখা যায়, লন্ডনের শীর্ষ ১০ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ নিচের ১০ শতাংশ দরিদ্রের চেয়ে ২৭৩ গুণ বেশি। ড্যানি ডরলিং বলেন, লন্ডন উন্নত বিশ্বে সবচেয়ে ধনবৈষম্যপূর্ণ শহরগুলোর একটি। এ ক্ষেত্রে নিউইয়র্ক সিটিকেও ছাড়িয়ে গেছে শহরটি। যুক্তরাজ্যে ধনবৈষম্য বাড়ার একটি বড় কারণ হচ্ছে, লন্ডনের অর্থবাজার এলাকা ‘দ্য সিটির’ চমকপ্রদ প্রবৃদ্ধি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ওয়াল স্ট্রিটের ওপর যতটা নির্ভরশীল, তার চেয়ে যুক্তরাজ্যের অর্থনীতি লন্ডনের অর্থবাজারের ওপর অনেক বেশি নির্ভরশীল।লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ব্রায়ান বেল বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার যুক্তরাজ্যের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বড়। আবার ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যুক্তরাজ্যের অর্থনীতির জন্য লন্ডনের অর্থবাজার তার চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের অর্থনীতির ভেতরে লন্ডন যেন নিজস্ব একটা অর্থনীতি তৈরি করেছে। লন্ডনের বাসিন্দারা যুক্তরাজ্যের অন্য স্থানের তুলনায় পণ্য ও সেবার ক্ষেত্রে প্রায় ৭ শতাংশ বেশি খরচ করেন। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মার্ক স্টুয়ার্টের গবেষণায় দেখা যায়, যুক্তরাজ্যে নব্বইয়ের দশকের মধ্যবর্তী সময় থেকে দুই কারণে বৈষম্য বাড়তে থাকে। তা হলো, লন্ডনের অসাম্য ও যুক্তরাজ্যের সার্বিক আর্থিক খাতের অসাম্য। লন্ডনের বাসিন্দাদের আয়ের বৈষম্যও বাড়ছে। অধ্যাপক ব্রায়ান বেলের মতে, ১৯৯৮ থেকে ২০০৮—এই দশকে লন্ডনে শীর্ষ স্তরের ৫ শতাংশ কর্মীর বেতন সবচেয়ে বেশি বেড়েছে। আর প্রায় ৬০ শতাংশ কর্মীই গুরুতর মজুরি-বৈষম্যের শিকার।লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রেজল্যুশন ফাউন্ডেশনের মতে, যুক্তরাজ্যে ধনী ও গরিবের আয়ের বৈষম্য ডেনমার্ক, ইতালি ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে। মাহফুজার রহমান, সূত্র: টাইম