প্রকৌশলী ফজলে হোসেন হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফ্লুইড ডিনামিক্স অ্যান্ড টারবুলেন্সের ডিরেক্টর এবং দ্য মেথোডিস্ট হসপিটাল রিসার্স ইনস্টিটিউটের ডিন হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে গবেষণা করছেন মানুষের রোগ প্রতিরোধে ন্যানো প্রযুক্তির ব্যবহার নিয়ে। তিনি আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের (এএসএমই) সম্মানিত ফেলো। ফজলে হোসেন ১৯৬৯ সালে পিএইচডি করেন স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। প্রিয় প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান। মঞ্চে উঠেছেন বিদায়ীলিপি পাঠ করতে। কিন্তু ভাগ্য ছিল নিতান্তই খারাপ। তাই তো স্নায়ুচাপে মঞ্চে কিছুই বলতে পারেননি তিনি। কেঁদেছেন অঝোরধারায়। সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছেন কিছু একটা হবেন বলে। আত্মবিশ্বাসই আজ প্রকৌশলী ফজলে হোসেনকে পরিণত করেছে পৃথিবীর অন্যতম সেরা ফ্লুইড মেকানিকসে।অভাবের সংসারে সাত ভাইবোনের মধ্যে ছিলেন মাঝের জন। শৈশবে তাই স্বাধীনতাটা পেয়েছিলেন একটু বেশি। আসল শৈশব বলতে যা বোঝায় তা সত্যিকার অর্থে তিনি উপভোগ করতে পারেননি। সমবয়সীরা যখন বল হাতে খেলত তখন তিনি গরুর জন্য ঘাস কাটতেন অথবা বাগানে পানি দিতেন। তিনি লেখাপড়ার প্রতি যে খুব একটা মনোযোগী ছিলেন তাও নয়। বাবা তাঁকে সরাসরি ভর্তি করিয়ে দিয়েছিলেন ক্লাস টুতে। ক্লাস থ্রি বাদ দিয়ে আবার ফোরে। রেজাল্টও খুব একটা ভালো ছিল না। কিন্তু ক্লাস সিক্সে এসে হঠাৎ করে ভালো করতে শুরু করলেন। তৈরি হলো পড়াশোনার প্রতি তীব্র মনোযোগ। শেষ পর্যন্ত বার্ষিক পরীক্ষায় হলেন প্রথম। সেই যে শুরু তার পর থেকে জীবনের বেশির ভাগ পরীক্ষাতেই হয়েছেন প্রথম।পরনের পোশাক ছিল মাত্র একটি। রোদ-বৃষ্টিতে সেটিই ছিল একমাত্র অবলম্বন। পড়াশোনা করতেন কুপির আলোয়। তেল যতক্ষণ থাকত ততক্ষণ পড়তেন। তবু হয়েছেন বিদ্যার আলোয় উজ্জ্বল একজন। মাধ্যমিক তেজগাঁও উচ্চবিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক পাস করেছেন ঢাকা কলেজ থেকে। ১৯৫৯ সালে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের সেরা ছাত্র নির্বাচিত হয়েছিলেন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সারা পূর্ববাংলায় তৃতীয় হয়েছিলেন ফজলে হোসেন। দেশে তখন রাজনৈতিক অস্থিরতা চরমে। উত্তেজনাটা ছাত্রদের মধ্যেই বেশি। সদ্য মাধ্যমিক পাস করা ফজলে হোসেনের মধ্যে যেন তা আরও বেশি। ‘একটি স্বাধীন দেশ চেয়েছিলাম। ইচ্ছা ছিল গভর্নর হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলাম। পড়াশোনার পাশাপাশি রাজনীতি করার ইচ্ছা ছিল।’ কিন্তু সতীর্থ বন্ধুদের দেখাদেখি তিনিও ঝুঁকে পড়েন প্রকৌশলের দিকে। ভর্তি হন তৎকালীন আহ্সানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বুয়েট) যন্ত্রকৌশল বিভাগে। ‘মানুষের জীবনে যেকোনো কিছুই আকস্মিক বলে আমি বিশ্বাস করি।’ বলছিলেন ফজলে হোসেন।শুরু হলো প্রকৌশল জীবন। কিন্তু রাজনীতি থেকে পিছু হটেননি তিনি। তারই ফলে যুগ্ম সম্পাদক, সম্পাদকসহ ছাত্র ইউনিয়নের বিভিন্ন পদে ছিলেন তিনি। জড়িয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে। কিন্তু লেখাপড়াও করেছেন সমানতালে। ‘সারা দিন কাজে ঘুরতাম, ক্লাসে নিয়মিত না থাকলেও খুব একটা অনিয়মিত ছিলাম না। কিন্তু ক্লাসের পড়াটা পড়ে নিতাম ঠিকই। তবে যেটুকুই পড়তাম, সকল মনোযোগ ছিল সেটার দিকেই। কখনো হোস্টেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তার পরও ঘুমানোর সময় বইটা একটু উল্টিয়ে দেখার অভ্যাস ছিল।’‘আমি বরাবরই সাহসী ছিলাম। কখনো কোনো অন্যায় মেনে নিইনি। তাই দাঁড়িয়েছিলাম আইয়ুব খানের বিরুদ্ধে। এ জন্য তখন অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমনও খবর শুনেছি, আমাকে নাকি দেখা পাওয়া মাত্র মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমি আমার নীতি থাকে সরে যাইনি। একবার তো পাকিস্তান সরকার আমাকে ধরার জন্য হোস্টেল রেডও দিয়েছিল, কিন্তু আমাকে না পেয়ে অন্যদের ধরে নিয়ে যায়।’ এভাবেই স্মৃতিচারণা করছিলেন ফজলে হোসেন। এত কিছুর পরও সেরা সাফল্য নিয়েই পাস করেছেন। এক বছরের মতো প্রভাষক হিসেবে কাজ করার পর ১৯৬৫ সালে হঠাৎ করেই উচ্চতর ডিগ্রি নিয়ে চলে যান আমেরিকার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে।১৯৮৩ সালে তিনি চীন থেকে লাভ করেন মাও সে তুং স্কলারশিপ। এর সুবাদে তিনি চীনের গ্রেট হলের মতো জায়গায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সুবিধা লাভ করেন।গবেষণা ও সম্মাননাহিউস্টন বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট অব ফ্লুইড ডিনামিক্স অ্যান্ড টারবুলেন্স’-এর ডিরেকটর এবং ‘দ্য মেথোডিস্ট হসপিটাল রিসার্স ইন্সটিটিউট’-এর ডিন হিসেবে কর্মরত আছেন, যেখানে সারা বিশ্বের প্রায় এক হাজার সেরা চিকিৎসক গবেষণা করেন। বর্তমানে তাঁর গবেষণার অন্যতম বিষয় হলো মানুষের রোগ প্রতিরোধে ন্যানো প্রযুক্তির ব্যবহার। এ বিষয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। ‘মানুষের ক্যানসার কোষ ধ্বংস করতে যে মেডিসিন লাগে, তার মাত্র .০০১ শতাংশ কাজ করে এসব কোষ ধ্বংস করে। বাকিটুকু বিষাক্ত পদার্থ হিসেবে শরীরের বিভিন্ন ক্ষতি করে থাকে। কিন্তু যদি এমন অণু তৈরি করা যায়, যা ওই মেডিসিনের সঙ্গে মিশে তার কার্যক্ষমতা ১০ শতাংশে উন্নীত করে—আমি এ নিয়ে কাজ করে চলেছি এবং আমি খুবই আশাবাদী যে তা করা অসম্ভব নয়।’ বলছিলেন ফজলে হোসেন। তাঁর মতে, কেবল ন্যানো ভেক্টর প্রযুক্তির সাহায্য নিয়ে হার্টের যে অংশে সবচেয়ে ক্ষতি হয় তা যদি কোনো মেমব্রেন দিয়ে ঢেকে দেওয়া যায়, তবে হার্ট অ্যাটাক অনেকাংশেই রোধ করা সম্ভব।একজন বাঙালি হয়ে হিউস্টন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন অ্যারোডিনামিক্স অ্যান্ড টারবুলেন্স ল্যাবরেটরি, যেখানে তিনি প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বের নামকরা অনেক গবেষককে এবং গবেষণার ফলাফল নিয়ে ২৫০-এর বেশি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সেমিনার করেছেন। তাঁর প্রায় ২০০ গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে বিভিন্ন বিশ্ববিখ্যাত জার্নালে।ফজলে হোসেন জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন ফ্লুইড মেকানিক্সের পেছনে। তিনি ‘আমেরিকান ফিজিক্যাল সোসাইটি’ (এপিএস), ‘আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) এবং ‘আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের (এআইএএ) সম্মানিত ফেলো। তিনি ফ্রিম্যান স্কলার অ্যাওয়ার্ড (১৯৮৪), ফ্লুইড ডিনামিক্স প্রাইজ (১৯৯৬), ফ্লুইড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড (২০০০) ফ্লুইড ডিনামিক্স অ্যাওয়ার্ড (২০০২) লাভ করেন।ফজলে হোসেন জীবনকে ভাবেন একটু ভিন্নভাবে। তিনি মনে করেন, সবারই এমনভাবে কাজ করা উচিত, যাতে জীবনের শেষ মুহূর্তে তিনি যেন বলে যেতে পারেন তাঁর কাজের কথা, পৃথিবী কিংবা দেশের প্রতি তাঁর অবদানের কথা। তাহলে উন্নয়ন এবং মেধার বিকাশ হবেই। পৃথিবীর বুকে আরও অনেক ফজলে হোসেন তাঁদের দেশের মুখ উজ্জ্বল করবেন। তাঁর সাফল্যে আমাদের দেশের নবীনেরা আরও কর্ম-উদ্দীপক হয়ে উঠুন—তিনি এটাই কামনা করেন।