যুক্তরাষ্ট্রে ঈদ উদ্যাপন, ওবামার শুভেচ্ছা
উত্তর আমেরিকায় সর্বত্র ঈদুল আজহা উদ্যাপন শুরু হয়েছে। অধিকাংশ মুসলমান আজ শনিবার ঈদুল আজহা পালন করছে। নিউইয়র্কসহ বড় বড় নগরে অল্প সংখ্যক মুসলমান কাল রোববার ঈদ করবে।
নিউইয়র্ক এবং পার্শ্ববর্তী রাজ্যেগুলোতে আজ সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। হালকা বৃষ্টি হলেও ঈদের আনন্দে কোনো ছেদ পড়তে দেখা যায়নি।
পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া শুভেচ্ছাবার্তায় ঈদের উৎসবে মুসলমানদের ত্যাগ ও সহমর্মিতার কথা উল্লেখ করা হয়েছে। শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচারের কথা স্মরণ করে বরাক এবং মিশেল ওবামা সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানিয়েছেন।
নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামাত হয়েছে জামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন, এস্টোরিয়া, জ্যাকসনস হাইটস, ব্রুকস, নিউজার্সির পেটার্সন, আটলান্টিক সিটি, নিউ ব্রানসউইকে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশিরা। প্রতিটি ঈদের জামাতে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং নিজ নিজ দেশের শান্তি ও সমৃদ্ধির কথা উল্লেখ করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশের মতো প্রবাসেও এখন কোরবানি দেওয়া হচ্ছে। বাংলাদেশি দোকানগুলো আগে থেকেই অর্ডার নিয়ে রেখেছে। বিকেলেই কোরবানির গোশত গ্রাহকদের পৌঁছে দেওয়া হবে বলে গ্রোসারি (মুদি) দোকানগুলো থেকে জানা গেছে। নিউইয়র্ক, নিউজার্সি ও প্যানসেলভেনিয়াতে খামারে গিয়ে অনেকেই নিজ হাতে পশু কোরবানি দিয়েছেন। পশু কিনে নিজ বাড়িতে নিয়ে এসে কোরবানি করার সুযোগ না থাকায় উৎসবের ঘাটতির কথা জানিয়েছেন অনেক প্রবাসী। সদ্য দেশ থেকে আসা প্রবাসী শাহিনা বেগম জানালেন, ঈদের কোনো আনন্দই পাওয়া যাচ্ছে না। দেশে থাকা মা-কে খুব মনে পড়ছে সাইফুল ইসলামের। বৈধতা না থাকায় ১২ বছর থেকে প্রবাসী সৈয়দ কামরুল জানালেন, ‘ঈদের দিনটা আমার জন্য আনন্দের নয়, কান্নার।’ দেশকে, পরিবারকে খুব করে মনে পড়ার কথা জানালেন এ প্রবাসী।
ডেট্রোয়েট মিশিগান থেকে প্রবাসী হেলালুদ্দিন রানা প্রথম আলোকে বললেন, ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে তিনি ফোনে দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিউজার্সির নিলীমা চৌধুরী জানালেন, নিজের ব্যবসা খোলা রাখতে হবে। মসজিদে ঈদের জামাত পড়েই কাজে ছুটছেন এ ব্যবসায়ী। নিউইয়র্কের ইমা রহমান জানালেন, দেশের রেসিপি দিয়ে ঈদের রান্না করেছেন। বিকেলে তিন রাজ্য থেকে আত্মীয়রা আসবেন। দেশের মতোই ঈদের আনন্দে মেতে উঠেছেন বাংলাদেশী প্রবাসীরা।
সপ্তাহান্তের ছুটির দিন থাকায় অনেকেই স্বচ্ছন্দে ঈদ করতে পারছেন আমেরিকায়। সপ্তাহান্তেও যাঁদের কাজ আছে, তাঁরা ছুটি নিয়েছেন। স্কুল-কলেজে সপ্তাহান্তের ছুটি থাকায় শিক্ষার্থীরা ঈদ করতে পারছেন। দেশি জামা কাপড় পরেই তারা ঘুরছে। প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দ বিদেশিরাও টের পাচ্ছে—আজ কোনো বিশেষ দিন, মুসলমানদের উৎসবের দিন। অভিবাসন বৈচিত্র্যের দেশ আমেরিকায় বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ তাদের দেশীয় জামা কাপড় পরেছে। নতুন প্রজন্মের প্রবাসী, যাদের নিজ দেশে ঈদ উদ্যাপনের কোনো অভিজ্ঞতা নেই, তারাও মেতেছে উৎসবে।