উচ্চশিক্ষা ও পেশাগত উভয় ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা অনেক। তাঁদের রয়েছে অসংখ্য প্রশ্ন এবং কিছু ক্ষেত্রে অল্প-স্বল্প ভুল ধারণাও। কোথায় পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা? ঠিকভাবে এগিয়ে যাচ্ছি তো? বৃত্তির সুযোগ-সুবিধা কেমন? পছন্দসই বিষয়ে পড়া যাবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে?যুক্তরাষ্ট্রে পড়াশোনার নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার জন্য ঢাকায় রয়েছে আমেরিকান সেন্টার। আর আগামীকাল থেকে দুই দিনব্যাপী তারা আয়োজন করতে যাচ্ছে ‘যুক্তরাষ্ট্র শিক্ষা মেলা’। মেলায় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও তথ্য প্রদান, পড়াশোনার জন্য আর্থিক সহায়তা ও স্টুডেন্ট ভিসার জন্য আবেদনসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য। আর্থিক সহায়তা ও স্টুডেন্ট ভিসার জন্য আবেদনসংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের সন্ধানও পাওয়া যাবে এ মেলায়। আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের সরকারি, বেসরকারি ও নারীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।মোট নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ের কথা, ক্যাম্পাস ও শিক্ষাজীবনের পরিবেশের কথা, ফ্যাকাল্টিসহ নানা সুযোগ-সুবিধার কথা। এডুকেশন ইসিএসএ, দি আমেরিকান সেন্টার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই মেলার।মেলাটি দুই দিনের। ১৭ মার্চ ব্র্যাক সেন্টার ইন, ৭৫ মহাখালীতে (১১টা থেকে বিকেল পাঁচটা) আর ১৮ মার্চ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, সড়ক-৪এ, সাতমসজিদ রোড, ধানমন্ডিতে (তিনটা-সন্ধ্যা সাতটা)। দর্শনার্থীরা অংশ নিতে পারবেন আলোচনা অনুষ্ঠানেও। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং বিনা মূল্যে প্রবেশ করা যাবে।শিক্ষা মেলা ছাড়া সারা বছর দি আমেরিকান সেন্টার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষাসংক্রান্ত সব ধরনের তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে শিক্ষার্থীদের জন্য। সেখানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও পছন্দসই বিষয় নির্বাচনে নির্দেশনা এবং ছাত্রবিষয়ক পরামর্শদাতার মাধ্যমে দলীয় ও ব্যক্তিগতভাবে কাউনসেলিংয়ের ব্যবস্থা রয়েছে। আরও আছে আবেদনের প্রক্রিয়া-সংক্রান্ত বিভিন্ন সেমিনার ও টেস্টের প্রস্তুতিসহায়ক সহযোগিতা এবং আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট গাইড।লাইব্রেরিতে পাওয়া যাবে টোয়েফল, স্যাট-১, গ্রে, জিম্যাট, জিইডিসহ প্রয়োজনীয় পরীক্ষাগুলোর সব টেস্টের সুযোগ।ই-মেইল: [email protected]ওয়েবসাইট: http://dhaka.usembassy.gov www.facebook.com/bangladesh.usembassyপ্রতি রবি ও মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল চারটা ও বুধবার নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অফিসটি।দি আমেরিকান সেন্টারের ‘কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ফর এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জেস’ রায়ান জি ব্র্যাডিন বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থীদের জন্য জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রে পড়া-সম্পর্কিত অনেক সুযোগ আর সম্ভাবনার কথা, যুক্তরাষ্ট্রে আছে প্রায় চার হাজার আন্তর্জাতিক মানসম্মত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং কলেজ। প্রতিবছর মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা তাঁদের উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা আহ্বান জানাই শিক্ষার্থীদের, তাঁরা তাঁদের স্বপ্নপূরণ ও পরিকল্পনা নেওয়ার সময় দি আমেরিকান সেন্টারের সহযোগিতা নিন।